বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৭:১৩ পি.এম
ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায়। একই সঙ্গে, সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে আগ্রহী দেশটি।
আজ বৃহস্পতিবার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন শামা ওবায়েদ। তিনি ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান, বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির জন্য। দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা বলেন, প্রচলিত ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার জন্য তার দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান শামা ওবায়েদ।
শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা বৃহস্পতিবারই ঢাকা ত্যাগ করার পরিকল্পনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) ‘বাংলা মেডক্যাল এক্সপো ২০২৬’ এর আয়োজন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইসিসিবির নবরাত্রি হলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।
এই মেলায় এক ছাদের নিচে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
এবারের প্রদর্শনীতে দেশি ও বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের চিকিৎসা প্রযুক্তি ও পণ্য নিয়ে অংশ নিচ্ছে।
আয়োজকদের মতে, চিকিৎসা ও রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমবর্ধমান। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বাড়তি চাহিদা পূরণে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও প্রযুক্তি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে রাশিয়া যাত্রীবাহী দুটি বাসে গ্লাইড বোমা হামলা করেছে। এই হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৮ জন।
বিবিসির প্রতিবেদনে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা ও কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছেন যে, রুশ বাহিনী পরিকল্পিতভাবে যাত্রীবাহী বাস দুটিকে নিশানা করে সাধারণ মানুষের প্রাণহানি বাড়ানোর উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।
স্থানীয় কৌঁসুলিদের দপ্তর থেকে প্রকাশিত ছবিতে হামলার পর রাস্তায় বাস দুটির পোড়া ধাতব কাঠামো পড়ে থাকতে দেখা যায় এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় কর্তৃপক্ষ ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।
ভাদিম ফিলাশকিন দোনেৎস্ক অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘যাত্রী ও চালকদের জীবন ঝুঁকিতে ফেলার কোনো অধিকার আমাদের নেই।’
ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ সেনাবাহিনীর ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, হামলার শিকার স্থানে কোনো ধরনের সামরিক স্থাপনা ছিল না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
--
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আপনার চোখকে ভালোবাসুন
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে 'বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬'।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গাজীরখামার মডেল একাডেমিতে ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাস্পাতাল ময়মনসিংহ পরিচালিত "ভিশন সেন্টার-শেরপুর"- এর আয়োজনে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, র্যালিটি গাজীরখামার বাজার প্রদক্ষিন করে পুনরায় একাডেমি প্রাঙ্গনে এসে শেষে হয়।
পরে একাডেমি প্রাঙ্গনে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ডায়াবেটিস সমিতি জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২৪২ জন চক্ষু রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা, ১৩৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ এবং৩৬ জন চক্ষু রোগীর ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়।
এসময় ভিশন শেরপুর-এর ইনচার্জ মনিরুজ্জামান মানিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ