০১:০১ পি.এম
ফজরের নামাজের সময় মসজিদে শিশু-কিশোরদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা দলবেঁধে মসজিদে যাচ্ছে এবং নামাজ শেষে একসঙ্গে সময় কাটাচ্ছে। এই দৃশ্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আলজেরিয়া থেকে শুরু হওয়া ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে আলোচনা সৃষ্টি করেছে।
শিশু-কিশোরদের জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশের মসজিদে শিশুদের উপস্থিতির ছবি ও ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে।
আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন আল-কবিরা এলাকায় এই উদ্যোগের অন্যতম সূচনা ঘটেছে। কোরআন শিক্ষক ওমর ইসাউই প্রায় চার বছর আগে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে ফজরের নামাজ মসজিদে আদায়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেন। শুরুতে অল্প কয়েকজন শিশুকে নিয়ে কার্যক্রমটি শুরু হলেও ধীরে ধীরে তা জনপ্রিয়তা অর্জন করে। নামাজ শেষে শিশুদের নাশতার ব্যবস্থা, নিয়মিত উপস্থিতির স্বীকৃতি এবং বিভিন্ন পুরস্কারের মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের
আলজেরিয়ায় উদ্যোগটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি শুরু হয়েছে। জর্ডানে এটি ‘নিশামা আল ফজর’, মরক্কোতে ‘ফুরসান আল ফজর’ এবং মিসরে ‘রিজালাতুল ফজর’ বা ‘রিজালা আল ফজর’ নামে পরিচিতি পেয়েছে। দেশভেদে নাম ও আয়োজনের ধরন আলাদা হলেও উদ্দেশ্য প্রায় একই।
আলজেরিয়া, জর্ডান, মরক্কো, মিসর, কুয়েত, কাতার, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন, তুরস্ক, ভারত ও ইথিওপিয়াসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই উদ্যোগের বিস্তার বা অনুরূপ কর্মসূচির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম কমিউনিটির কয়েকটি মসজিদেও এ ধরনের উদ্যোগ পৌঁছেছে। সম্প্রতি আলজাজিরার একটি প্রতিবেদনে দেশগুলোর বিস্তার ও স্থানীয় উদ্যোগগুলোর নাম তুলে ধরা হয়েছে।
কুয়েতেও উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি দেশটির বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের নামাজ আদায় করতে ৫০০-র বেশি মুসল্লি সমবেত হন। তাঁদের মধ্যে ছিলেন বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু। কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত, দেশটিতে উদ্যোগটি পরিচালনা করছেন। জামাতে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা এবং বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
এদিকে ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল-খলিলি শিশু-কিশোরদের ফজরের নামাজে মসজিদমুখী হওয়ার উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি এটিকে উম্মাহর জন্য কল্যাণের সুসংবাদ হিসেবে অভিহিত করেন। অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের প্রচেষ্টার প্রতিও তিনি প্রশংসা জানান। বিশ্ব মুসলিম উলামা সংঘও উদ্যোগটির প্রশংসা করে শিশুদের মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের জন্য গণভোট
তবে উদ্যোগটির বিস্তারের সঙ্গে সঙ্গে শিশুদের নিরাপত্তা, ভোরে মসজিদে যাতায়াত, পর্যাপ্ত ঘুম এবং পড়াশোনায় এর প্রভাব নিয়েও আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞ ও সমালোচকদের কেউ কেউ শিশুদের বয়স ও শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে কর্মসূচি পরিচালনার পরামর্শ দিয়েছেন। অভিভাবকদের তত্ত্বাবধান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন