০৩:৩৮ পি.এম
পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাবিলা নুসরাত (৩২) নামের এক চিকিৎসক। এই ঘটনা ঘটে গতকাল শনিবার সন্ধ্যায়, উপজেলার আজিমপুর গ্রামের বটতলা–সংলগ্ন এলাকায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার।
নাবিলা নুসরাত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্যাথলজি বিভাগে এমডি কোর্সে অধ্যয়নরত ছিলেন। তার স্বামী, বরিশাল সদর উপজেলার মাইনুল ইসলাম, পেশায় চিকিৎসক।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
স্থানীয় সূত্র ও কলাপাড়া থানার পুলিশ জানায়, গত শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা নুসরাত, তার স্বামী এবং আরও দুই সহকর্মী কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে যান। শনিবার বিকেলে তারা কুয়াকাটার মিশ্রিপাড়ার সীমা বৌদ্ধ বিহার এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার পর, ইজিবাইকে করে কুয়াকাটা এলাকায় ফেরার পথে তাদের বহন করা যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর, তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা বলেন, "আমাদের এখানে তাকে (নাবিলা) মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে তার মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়েছে। এতে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
আরও পড়ুন: কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন