০২:৫৯ পি.এম
'বিয়ে করব না পরিবারকে বলার চেয়ে তাকে সরানোই সহজ ছিল', এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন ভারতের পুণের ব্যবসায়ী কেতন অগ্রবাল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গয়াল। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বিয়ে করতে রাজি নন তিনি। পরিবারকে এ কথা জানানোর চেয়ে কেতনকে সরিয়ে দেওয়াটা সহজ কাজ বলেই তাঁর মনে হয়েছিল। গত ১৮ জুন লোণবলার লোহাগড় দুর্গ থেকে কেতন অগ্রবালকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে সিয়া গয়াল এবং তার প্রেমিক চেতন চৌধরীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ নিয়ে এখনও তদন্ত চলমান। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সিয়ার জিজ্ঞাসাবাদে তিনি দাবী করেছেন, কেতন আগলা চুল ব্যবহার করতেন, যেটা তার পছন্দের বিষয় নয়। এ জন্য কেন তিনি বিয়েতে রাজি হয়েছিলেন—এমন প্রশ্নের জবাবে সিয়া বলেন, পরিবারের সম্মান ও ভাবমূর্তির কথা ভেবে তিনি বিয়েতে মত দিতে বাধ্য হয়েছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সিয়া আরও দাবি করেন, তিনি কেতনকে জানিয়েছিলেন যে তাকে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু কেতন বিয়ে ভাঙতে রাজি হননি। এরপরেই তার হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্ত সূত্রে জানা গেছে। অপরদিকে, কেতনের বাবা বিশাল অগ্রবাল অভিযোগ করেছেন যে, তার ছেলে আগলা চুল ব্যবহার করতেন—এ তথ্য সিয়ার পরিবার আগে থেকেই জানত। এ বিষয়ে সিয়া বা তার পরিবারের কোনো আপত্তিও ছিল না। তাই আগলা চুলের কারণে হত্যার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন। এদিকে, তদন্তে আরও জানা গেছে, সিয়া ও চেতনের সম্পর্কের বিষয়ে তার পরিবার আগে থেকেই অবগত ছিল। তবে আর্থিক অবস্থার পার্থক্যের কারণে পরিবার এই সম্পর্ককে মেনে নেয়নি। তদন্তকারীদের ধারণা, সিয়াকে চেতন থেকে দূরে রাখতে কেতন অগ্রবালের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনার পরিণতি ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নেয়। পুলিশ জানিয়েছে, মামলার প্রকৃত কারণ জানতে সিয়া ও চেতনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সিয়ার ভাই সাহил গয়ালকেও জিজ্ঞাসাবাদ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন