সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৬ পি.এম
সোনালী আঁশ আবারও সোনালী স্বপ্নের আলো দেখাতে শুরু করেছে। পাটের সুদিন ফিরে এসেছে। কৃষকরা পাটের বাম্পার ফলন এবং ভালো দামের জন্য খুশি। হাট-বাজারে পাট সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। কৃষকদের আশা, সোনালী আঁশ তাদের ভাগ্য পরিবর্তন করবে।
চাটমোহরসহ চলনবিল অঞ্চলের হাট-বাজারে পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৪০০ টাকা মণ। গত বছরের সর্বোচ্চ দাম ছিল ৩ হাজার ৬০০ টাকা। চাটমোহরের হাট-বাজারে নতুন পাটের জমজমাট বেচাকেনা চলছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার অমৃতকুন্ডা হাটে পাট বিক্রি হয়েছে ৪৪০০ টাকা মণ দরে।
চাটমোহর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে এবারে। লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৯০০ হেক্টর, কিন্তু আবাদ হয়েছে ৮ হাজার ৯৬০ হেক্টর। বিঘাপ্রতি ফলনও ভালো। হাট-বাজারে নতুন পাটের দামও বেশি।
পাটচাষি আব্দুল মতিন প্রাংয়ের সাথে কথা হলে তিনি জানান, “আমন ধান রোপনের টাকার জন্য পাট বিক্রি করতে হচ্ছে। দাম ভালো পেয়েছি। কিছুটা ভেজা থাকায় ৪২০০ টাকা মণ বিক্রি করেছি। অনেক বছর পর পাটের ভালো দাম পেলাম।”
উপজেলার আরেক পাটচাষি এজাবত আলী বলেন, পাটের দাম বেশি হলেও কামলার (কৃষিশ্রমিক) মজুরী দ্বিগুণ হয়ে গেছে। তাও পাওয়া যাচ্ছে না। ৯০০ থেকে ১০০০ টাকা প্রতিদিনের মজুরী। এছাড়া ভরা মৌসুমে পর্যাপ্ত পানি ছিল না।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, পাটে জাগ দেওয়ার জন্য পানির সংকট কিছুটা ছিল। তবে পাটের ভালো ফলন ও দাম হওয়া নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘায় পদ্মার চরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মিনারুল ইসলাম প্রামাণিক (৩২) নামের এক মাছ শিকারী। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পদ্মা নদীর খানপুর নিচ পলাশি এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মিনারুল ইসলাম প্রামাণিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ মিনারুল ইসলাম প্রামাণিক খানপুর নিচপলাশি চরের মৃত জামাত আলী প্রামাণিকের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে খানপুর নিচপলাশি চরের পদ্মা নদীর রাজুর ঘাটে কাকন বাহিনির সদস্যরা স্পিডবোটে এসে এলোপাতাড়িভাবে গুলি ছোড়ে। তারা ঘাটে বেধে রাখা মোমতাজ বাহিনির স্পিডবোট নিয়ে যায়। মাছ ধরার সময় তাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম প্রামাণিক। তার পিঠে গুলি লাগে। তিনি সকালে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, "দুস্কৃতিকারীরা আতঙ্গ ছড়ানোর জন্য গুলি ছোড়ে। এতে মিনারুল নামের একজন আহত হয়েছেন। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।" পিঠে গুলি লাগা মিনারুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেছে তার স্বজনরা। এই ঘটনার পর ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দার পাড়া মহল্লায় সরকারি খাস জমিতে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমিতে স্থায়ী ভবন নির্মাণের অনুমোদন না থাকা সত্ত্বেও নিয়ম-নীতি উপেক্ষা করে নির্মাণ কাজ চলছে। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগের পর প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
লিখিত অভিযোগের সূত্র অনুযায়ী, ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জোয়াদ্দার পাড়া মসজিদের সামনে সরকারি খাস জমিতে আশরাফ হোসেন ভবনটি নির্মাণ করছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ওই স্থানে মসজিদের সামনে অবৈধভাবে একটি ল্যাট্রিন, একটি টিউবওয়েল ও প্রস্রাবখানা ভেঙে ভবন নির্মাণের কাজ শুরু করা হয়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, সরকারি খাস জমির দাগ নম্বর ৭৫৩, ৭৭১ ও ৭৭২। এসব দাগে বিভিন্ন পরিমাণের সরকারি খাস জমি রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, সরকারি খাস জমি বন্দোবস্ত বা লিজ নিয়ে অস্থায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা গেলেও সেখানে স্থায়ী কোনো ভবন নির্মাণের সুযোগ নেই।
তবে অভিযোগ উঠেছে যে, সংশ্লিষ্ট নিয়ম-নীতি না মেনে ওই ব্যক্তি সেখানে একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। এ বিষয়ে তদন্ত করে সরকারি খাস জমি দখলমুক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ বিষয়ে বলেন, অভিযোগ পাওয়ার পর ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, মূলত সরকারি খাস জমি বন্দোবস্ত নিলেও সেখানে স্থায়ী ভবন নির্মাণের কোনো নিয়ম নেই এবং উপজেলা প্রশাসন থেকে এ ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না।
স্থায়ীভাবে ভবন নির্মাণ করতে হলে জেলা প্রশাসকের (ডিসি) লিখিত অনুমোদনের প্রয়োজন রয়েছে।
এদিকে, ভবনটির নির্মাণকারী আশরাফ হোসেন বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে আশরাফ হোসেনের মেয়ে আঁখি জানান, "আমার বিয়ে হয়ে গেছে আমি স্বামীর বাসায় থাকি। এই জমি আমার আব্বা ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে লীজ নিয়েছে। আমরা ৯৯ বছর ভোগদখল করব সেখানে যা পারি তাই করব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে জমি, প্লট ও হোটেল দখল, মদের ব্যবসা, মেগা প্রকল্পে কমিশন গ্রহণ, রাস্তা ও হোটেলে চাঁদাবাজি এবং পৌরসভার উন্নয়নমূলক কাজে ১০ শতাংশ হারে ঘুষ গ্রহণসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ দুদক প্রধান কার্যালয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
দুদকের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে যে, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে টমটম (ইজিবাইক) লাইসেন্সে অনিয়ম, মৎস্য প্রজেক্ট দখল এবং মনোনয়ন বাণিজ্যের অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে কমিশন কর্তৃক তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুজিবুর রহমান সদর থানার পূর্ব নতুন বাহারছড়া এলাকার বিমানবন্দর সড়কের বাসিন্দা।
দুদকের তথ্য অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে উল্লিখিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজন জামিনে মুক্তি পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউকে কাউন্টার টেররিজম পুলিশের সূত্রে জানা গেছে, জামিন পেলেও তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই পাঁচজনকে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) বিমানঘাঁটি এলাকা থেকে আটক করা হয়েছিল। মার্কিন বিমানবাহিনী বিভিন্ন সামরিক অভিযানে এই ঘাঁটিটি ব্যবহার করে থাকে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং বিস্ফোরক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছিল।
ইউকে কাউন্টার টেররিজম পুলিশের প্রধান লরেন্স টেলর জানিয়েছেন, ফেয়ারফোর্ড বিমানঘাঁটির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, “পুলিশ এর সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।” তিনি আরও বলেন, “এতে কোনো বিদেশি রাষ্ট্রের পরোক্ষ বা প্রত্যক্ষ প্ররোচনা কিংবা মদদ রয়েছে কি না—সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।”
আটককৃতদের জামিন দেওয়া হলেও, এই ঘটনার নেপথ্যে বিদেশি রাষ্ট্র কিংবা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর যোগসূত্র রয়েছে কি না, তা বের করতে বৃটিশ কাউন্টার টেররিজম ইউনিট অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ