০৩:৩৮ পি.এম
রাজশাহীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসকে উদযাপন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকালে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার মুন লাইট গার্ডেন কনভেনশন সেন্টারে পৌঁছায়। তখন সেখানে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় আদিবাসী নেতারা বলেন, 'আন্তর্জাতিক আদিবাসী দিবসে বাংলাদেশের সব আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং সাংবিধানিক স্বীকৃতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে যাক—এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই ন্যায় ও সমতার বাংলাদেশ গড়ে উঠুক।'
আরও পড়ুন: রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল
বক্তারা আরো উল্লেখ করেন, আদিবাসী জনগোষ্ঠী এই ভূখণ্ডের প্রাচীন অধিবাসী। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, ভূমি ও জীবনযাপন বাংলাদেশের বৈচিত্র্যময় সমাজের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং সাংবিধানিক ও আইনগতভাবে আদিবাসীদের স্বতন্ত্র জাতিসত্তার মর্যাদা নিশ্চিত করা অত্যাবশ্যক। তারা বলেন, আদিবাসীদের প্রতিটি জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে তাদের এগিয়ে নিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানানো হয়।
অন্যদিকে সভায় আদিবাসীদের পক্ষ থেকে উত্থাপিত ৯ দফা দাবি তুলে ধরে জানানো হয়, আদিবাসীদের 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তবে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠন করা আবশ্যক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ছোটন সরদার এবং আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস প্রমুখ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে গুলি করে হত্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন