সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:২৫ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষকের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে দীর্ঘ অনুপস্থিতির কারণে। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান সোমবার (৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর ও শিক্ষক সেল সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে অনুপস্থিতির কারণে এই দুই শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ জুন ২৭৪তম সিন্ডিকেটে শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যদি তারা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কর্মস্থলে যোগদান না করেন, তবে তাদের চাকরিচ্যুত করা হবে এবং ইউজিসির নিয়ম অনুযায়ী একই বছরে তাদের স্থলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ১৫ কর্মদিবস পার হওয়ার পরও ৩০ দিন অপেক্ষা করা হয়েছে, কিন্তু তারা যোগদান না করায় নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিকে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৮ আগস্ট পর্যন্ত সবেতনে শিক্ষাছুটিতে ছিলেন। এরপর ২০২২ সালের ২৫ আগস্ট থেকে তার বেতন বন্ধ হয়ে যায় এবং ২০২৪ সাল পর্যন্ত বিনা বেতনে ছুটি ভোগ করেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাননি এবং অনুমোদন ছাড়াই কানাডায় অবস্থান করছেন।
অন্যদিকে, সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনার নির্দিষ্ট ছুটি শেষ হওয়ার পর অসুস্থতার কারণে ভিন্ন ক্যাটাগরিতে ছুটি চাওয়ার চেষ্টা করেন। তবে বিধি অনুযায়ী, ভিন্ন ক্যাটাগরিতে ছুটি নিতে হলে ক্যাম্পাসে এসে আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টসও জমা দিতে হয়। সূত্র জানায়, তিনি আমেরিকার পাসপোর্টের আবেদন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক চাকরিচ্যুত করা হয়েছে। আপাতত বিস্তারিত ফোনে বলতে পারছি না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উপদেষ্টা গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জানান।
আজ সোমবার সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে।
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাতের শুরুতে উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ মন্তব্য করেন, বাংলাদেশ ও ভারত বন্ধু প্রতীম প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা এবং জনগণের মধ্যে বোঝাপড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জানান।
তিনি নির্দিষ্ট কোনো দলের সঙ্গে সম্পর্ক না রেখে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, বর্তমান ভারতীয় হাইকমিশনারের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অভিন্ন সংস্কৃতি এবং ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন এবং বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর জন্য অনুরোধ করেন।
ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, দুটি দেশের জনগণের স্বার্থে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশের বাগপত জেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি তীর্থ যাত্রীবাহী একটি গাড়ির সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার ফলে ঘটে। এই ঘটনায় ১৬ জনেরও বেশি আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, নিহত ও আহত ব্যক্তিরা সকলেই উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বাসিন্দা। তারা রাজস্থানের বাগাড় ধাম থেকে তীর্থযাত্রা শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটিতে মোট ৩২ জন তীর্থযাত্রী ছিলেন। রাত প্রায় ১টার দিকে খেকড়া কোতওয়ালি এলাকার বাসি ও বড়া গ্রামের মাঝামাঝি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয় এবং পরে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও উদ্ধারকারী কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ ঘটনায় বদায়ুঁতে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তীর্থযাত্রা শেষে নিরাপদে বাড়ি ফেরার বদলে একসঙ্গে এত মানুষের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : আমদানি ও রপ্তানিকৃত পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েব্রিজ স্থাপন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
আজ সোমবার ঢাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর পুরাতন ও সম্প্রসারিত জোনে স্থাপিত দু’টি আধুনিক ওয়েব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এ দু’টি ওয়েব্রিজের মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহনে পরিবাহিত পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং আরও শক্তিশালী হবে।
একই সঙ্গে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যের তথ্যের নির্ভুলতা, আমদানিকৃত কাঁচামালের যথাযথ ব্যবহার এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। এর ফলে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজস্ব সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে এ ব্যবস্থা।
ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম ইপিজেড, আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে একই ধরনের আধুনিক ওয়েব্রিজ স্থাপনের কার্যক্রম এগিয়ে নিচ্ছে বেপজা। পর্যায়ক্রমে বেপজাধীন সব জোনে ওয়েব্রিজ স্থাপন করবে বেপজা।
অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মহসীন হাসান, ঢাকা ইপিজেডের কাস্টমসের সহকারী কমিশনারসহ ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ