ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত


প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল খুলনা যাচ্ছেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে। তিনি খুলনা সিটি করপোরেশন এবং বাগেরহাট জেলা সফরে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। নগরীর সৌন্দর্যবর্ধন ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে নানা রঙের চিত্রকর্ম আঁকা হয়েছে।

এখন পর্যন্ত দেয়ালচিত্র ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের ফলে নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে, বরাবরের মতো তোরণ, ব্যানার কিংবা প্লাকার্ড দিয়ে শহর ঢেকে ফেলার প্রথা ভেঙে এবার ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন দলটির নেতাকর্মীরা। তাদের মূল লক্ষ্য হলো অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণ না করে পথজুড়ে শৃঙ্খলার দৃষ্টান্ত উপস্থাপন করা।

আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন; সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ মুশতাক আহমেদ

অন্যদিকে, শহরের দেয়ালচিত্রে সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। এসব চিত্রকর্মের মাধ্যমে নগরীর সাধারণ দেয়ালগুলোকে ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবিতে রূপ দেওয়া হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে সর্বকালের সর্ববৃহৎ ও স্মরণকালের সেরা সংবর্ধনা দেওয়ার সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছে। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরে বাংলা রোড দিয়ে পাওয়ার হাউস মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সুদীর্ঘ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে, অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশে অবস্থান নেবেন খুলনাঞ্চলের লাখো নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সফর উপলক্ষে যানবাহন রিকুইজিশন, বিশ্রামের ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: শেরপুরে নকলায় মাদকসহ আটক বিএনপি সভাপতির ছেলে রানা মিয়া, ‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকতে গিয়ে যাত্রী দেখেন রংপুরের অটোরিকশাচালক শরিফুল ইসলাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ এম


ডাকতে গিয়ে যাত্রী দেখেন রংপুরের অটোরিকশাচালক শরিফুল ইসলাম মারা গেছেন

রংপুরের মিঠাপুকুরে একটি অটোরিকশার ভেতরে শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক শরিফুল ইসলাম বালুয়া মোড়ে অটোরিকশার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।

পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ বিষয়ে বলেন, ‘শরিফুল ইসলাম নামে ওই অটোরিকশাচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি পর্যটকদের আগমনে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ এম


বাংলাদেশি পর্যটকদের আগমনে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন রেকর্ড পরিমাণে কমে গেছে। এর ফলে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় চরম ধস নেমেছে। কলকাতার ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এক সময় চিকিৎসা, কেনাকাটা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি কলকাতা আসতেন। দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরুতেও অনেকেই ভিড় জমাতেন। কলকাতার হাসপাতাল ও মার্কেটগুলোয় বাংলাদেশিদের উপস্থিতি ছিল অত্যন্ত ব্যাপক। কিন্তু বর্তমানে সেই পরিচিত চিত্রে নজিরবিহীন পতন ঘটেছে। মাত্র এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমন প্রায় ৭৩ শতাংশ কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সাড়ে ১৭ লাখ বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন। ২০২৫-২৬ সালে সেই সংখ্যা নাটকীয়ভাবে কমে ৪ লাখ ৬৬ হাজারে এসে দাঁড়িয়েছে। চলতি বছরের পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশিত হয়নি। গত ১৮ আগস্ট কলকাতার নিউমার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর পর পর্যটকদের আগমনে ব্যাপক ধস নেমেছে।

বিশেষজ্ঞদের মতে, এই অভাবনীয় পতনের পেছনে একাধিক বড় কারণ কাজ করছে। নিরাপত্তা অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেননি পর্যটকরা। ভিসা সংক্রান্ত দীর্ঘসূত্রতা ও জটিলতা, দীর্ঘ অপেক্ষা, সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট এবং প্রশাসনিক জটিলতার কারণে বহু আবেদনকারীর ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়ে গেছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি, ডলার সংকট এবং ভ্রমণের অতিরিক্ত ব্যয়বৃদ্ধি বহু মানুষকে বিদেশ সফর থেকে বিরত রেখেছে। রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিও একটি বড় কারণ। বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে সীমান্ত পারাপার ও ভ্রমণ খাতে। এই পরিস্থিতির পাশাপাশি বিকল্প পর্যটন গন্তব্যের উত্থান ঘটেছে। বর্তমানে বহু বাংলাদেশি পর্যটক ভারত ভ্রমণের বিকল্প হিসেবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা তুরস্কের মতো দেশ বেছে নিচ্ছেন। সহজ ভিসা প্রক্রিয়া এবং সাশ্রয়ী ট্যুর প্যাকেজ তাদের এই দেশগুলোর দিকে আগ্রহী করে তুলছে।

অন্যদিকে, কলকাতার হাসপাতালগুলোয় বাংলাদেশি রোগীদের নিয়ে ব্যবসা শুরু হওয়ায় অনেকেই অসন্তুষ্ট। কলকাতার মুকুন্দপুর এলাকার এক হাসপাতালে পায়ের চিকিৎসার জন্য গিয়ে ৫০-৬০ হাজার টাকার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়। বাংলাদেশি আবু বক্কর জানান, চিকিৎসকরা তাকে ওষুধ না দিয়ে প্রথমেই পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দেন। তিনি জানান, প্রয়োজনে থাইল্যান্ড বা অন্য দেশে গিয়ে চিকিৎসা করাবেন, তবে ভারতে নয়। ক্ষুব্ধ হয়ে সেদিনই ঢাকায় ফিরে যান তিনি।

বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার হোটেল, সুপার স্পেশালিটি হাসপাতাল, শপিং মার্কেট এবং ট্রাভেল এজেন্সিগুলোর ওপর। তাদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বহু বছর ধরেই ভারতের মেডিকেল ট্যুরিজমের সবচেয়ে বড় উৎস ছিল বাংলাদেশ, যেখানে প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসার জন্য আসতেন।

কলকাতা মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির হায়দার আলী বলেন, ভিসা জটিলতার কারণে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমল থেকেই কলকাতায় বাংলাদেশি পর্যটক আসা ব্যাপক হারে কমেছে। এরপর ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পর আরো ধস নামে। দুই দেশের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হওয়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হচ্ছে।

অন্যদিকে, ভারতীয়দের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে। বিদেশে ছুটি কাটানোর প্রতি ভারতীয় পর্যটকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ৩ কোটি ২৭ লাখেরও বেশি ভারতীয় পর্যটক বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি। ভারতীয়দের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ ও নেপাল। আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি, সহজ ভিসা পলিসি এবং বাজেট প্যাকেজের কারণে ভারতীয়দের বিদেশযাত্রায় এই উল্লম্ফন ঘটেছে।

পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যেই মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া সহজ করার কার্যক্রম শুরু হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে সংস্কৃতি, চিকিৎসা ও কেনাকাটার টানে আবারও বাংলাদেশিরা ভারতে ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ এম


সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়

প্রেমের টানে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। এলাকায় চীনা নাগরিকের ধর্ম ও বিয়ে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের প্রমাণপত্র দেখিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে যান।

সোমবার (২ নভেম্বর) রাতে লিও ফাভিন নামের ওই চীনা নাগরিককে ওসমানীনগর থানার পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে ওই রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকায় জামাল মিয়া পরিবারসহ ভাড়া থাকেন। তিনি পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। জামাল মিয়ার মেয়ে ছামিয়া আক্তারের সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা লিও ফাভিনের।

সম্পর্কের টানে প্রায় এক সপ্তাহ আগে লিও ছামিয়ার বাড়িতে আসেন। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করতে থাকে। তারা চীনা নাগরিককে দেখার পাশাপাশি তার ধর্ম ও বিয়ে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে রাত ১১টার দিকে পুলিশ এসে লিওকে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়। পরে শ্বশুরবাড়ির লোকজন লিও’র ধর্মান্তরিত হওয়ার এবং বিয়ের প্রমাণপত্র দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।

লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে তিনি ছামিয়াকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। তিনি আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ছামিয়াকে বিয়ে করেছেন বলে জানান।

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ধর্মান্তরিত ও বিয়ের প্রমাণপত্র দেখে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন: হাফিজ মাছুম আহমদ দুধরচকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ এম


আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন: হাফিজ মাছুম আহমদ দুধরচকী
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, মানুষ ভালো মানুষের সাথে থাকলে ভালো হবে আর খারাপের সাথে থাকলে খারাপ হবে এটাই সাভাবিক। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর এই সুন্দর ও উপদেশমূলক প্রসঙ্গের আলোকেই বলা যায়, একজন মানুষ হিসেবে সবচেয়ে ভালো ও সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার মূল চাবিকাঠি হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবকল্যাণে কাজ করা। ইসলামে একজন আদর্শ ও ভালো মানুষ হওয়ার জন্য কিছু বিশেষ গুণের কথা বলা হয়েছে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর বিভিন্ন ইসলাম ও জীবন বিষয়ক কলাম ও আলোচনার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি এবং ভালো মানুষ হওয়ার চমৎকার দিকনির্দেশনা দিয়েছেন। নিচে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান উপায়গুলো তুলে ধরা হলো:
তাকওয়া বা খোদাভীতি অর্জন করা: জীবনের প্রতিটি কাজে আল্লাহকে হাজির-নাজির জেনে অন্যায় ও পাপ কাজ থেকে দূরে থাকা।
চরিত্রের মাধুর্য ও নম্রতা: মানুষের সাথে সুন্দর আচরণ করা, রাগ নিয়ন্ত্রণ করা এবং অহংকার বর্জন করা।
রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ: দৈনন্দিন জীবনে নবীজী (সা.)-এর আদর্শ, সততা এবং ক্ষমাশীলতার গুণাবলি নিজের মধ্যে ধারণ করা।
পরোপকার ও মানবসেবা: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের কল্যাণে কাজ করে।"
হালাল উপার্জন ও সততা: সর্বদা সত্য কথা বলা এবং সৎ পথে জীবিকা নির্বাহ করা।
পিতামাতা ও প্রতিবেশীর হক আদায়: মা-বাবার বাধ্য থাকা এবং আশেপাশের মানুষের বিপদে পাশে দাঁড়ানো।
মানুষ ভালো মানুষের সাথে থাকলে ভালো হবে আর খারাপের সাথে থাকলে খারাপ হবে এটাই সাভাবিক। যার কারণে কোরআনে বারবার বলা হয়েছে তোমরা ভালো মানুষের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। এই সকল কথা বলার অর্থ হচ্ছে নামাজির সাথে থাকলে নামাজি হওয়া যাবে। সত্যবাদীদের সাথে থাকলে সত্যবাদী হওয়া যাবে। পবিত্র কোরআনের সূরা তাওবার একটি আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, হে ইমানদাররা! আল্লাহকে ভয়ে করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। (সূরা: তাওবা, আয়াত : ১১৯)
 
এই আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, সত্যবাদী ও সৎকর্মশীলদের সংস্পর্শ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করে, সঠিক পথ দেখায়। ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা জোগায়। বর্তমান পরিবেশে পাপাচার থেকে পরিত্রাণ পাওয়া খুবই কঠিন। তাই এ পরিবেশে তাকওয়া অবলম্বনের সবচেয়ে সহজ পদ্ধতি হলো আল্লাহভীরু লোকদের সোহবত ও সাহচর্যে থাকা। কেননা আল্লাহ তায়ালা তাকওয়া অবলম্বনের আদেশ দেওয়ার পাশাপাশি আল্লাহভীরু লোকদের সাহচর্যে থাকারও নির্দেশ দিয়েছেন।
 
আল্লাহভীরু লোকদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে সু সম্পর্ক গড়ার মাধ্যমে গুনাহ থেকে সহজেই বেঁচে থাকা যায়। কেননা মানুষ স্বভাবগতভাবেই পরিবেশের প্রভাবে প্রভাবিত হয়। ফলে গুনাহের পরিবেশ বর্জন করে নেক ও সৎ লোকদের পরিবেশে নিজেকে নিয়ে এলে পাপাচার ছেড়ে দেওয়া সহজ হয়। পাপের পরিবেশ ছেড়ে পুণ্যের পরিবেশে আসা এবং বদকারদের ছেড়ে নেককারদের সাহচর্যে আসার এ প্রক্রিয়াকে আত্মশুদ্ধি বলা হয়। 
 
আত্মশুদ্ধি হলো আত্মাকে পরিচ্ছন্ন ও পবিত্র করা। নাপাকির দরুন যেভাবে দেহ অপবিত্র হয়, একইভাবে গুনাহের দরুন অন্তর অপবিত্র হয়। বাহ্যিক বিষয়ে ব্যভিচার, সুদ-ঘুষ, মদ্যপান, চুরি, ডাকাতি, রাহাজানি, দুর্নীতি, খুন-খারাবি, গিবত ছুগোল ঘুড়ি একে অন্যের কাছে বিবাদ সৃষ্টি কারী ইত্যাদি পাপ কাজ। একইভাবে আত্মিকভাবেও মানুষের অনেক পাপ-পঙ্কিলতা রয়েছে। অহংকার, আত্মগৌরব, লোকদেখানো কাজ করা, হিংসা, বিদ্বেষ, কুপ্রবৃত্তির অনুসরণ, অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ করা ইত্যাদি অন্তরের পাপ। অন্যদিকে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বাহ্যিক আমল। আর ইখলাস, তাকওয়া, সবর, শোকর ইত্যাদি হলো আত্মিক বা রুহানি আমল। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে সত্যবাদী ও খোদাভীরু আল্লাহর মায়ার বান্দা ওলি-আউলিয়াদের সাথে থাকার তাওফিক দান করুন আমিন।
 
লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: সিলেট নগরীর কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%