ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা


বার্লিনে জার্মান পার্লামেন্টের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বিক্ষোভকারীরা

জার্মানির রাজধানী বার্লিনে, দেশটির জাতীয় পার্লামেন্ট ভবন (বুন্দেসট্যাগ) এর সামনে যুদ্ধবিরোধী অধিকারকর্মীরা জার্মানির জাতীয় পতাকা নামিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছেন। গাজায় ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে বার্লিন সরকারের বিতর্কিত অবস্থান এবং নীরবতার প্রতিবাদে এই অভিনব ও জোরালো কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে জার্মানির পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন মানবাধিকার ও যুদ্ধবিরোধী কর্মীদের একটি দল। ‘পিসফুলি এগেইনস্ট জেনোসাইড’ (শান্তিপূর্ণভাবে গণহত্যার বিরুদ্ধে) নামক একটি নাগরিক অধিকার সংগঠন এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।

আরও পড়ুন: মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, ১১২ জন আহত

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গাজায় নির্বিচার হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় জার্মান সরকারের ক্রমাগত নীরবতা এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা না জানানোর প্রতিবাদে তারা এ পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিবৃতিতে অধিকারকর্মীরা উল্লেখ করেন, ‘বিশ্বের যেকোনো প্রান্তে গণহত্যা সংঘটিত হোক না কেন, তা আমাদের সবাইকে স্পর্শ করে। মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার যে ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব রয়েছে, তা থেকে আমরা কখনোই মুখ ফিরিয়ে নিতে পারি না।’

জার্মানির হলোকাস্ট-পরবর্তী বিখ্যাত নীতিবাক্য ‘নেভার এগেইন’ (আর কখনও নয়)-এর উল্লেখ করে সংগঠনটি দেশটির পররাষ্ট্রনীতির দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলে। তারা মন্তব্য করে, ‘সরকারগুলো যদি নিজেদেরই আন্তর্জাতিক আইন না মানে, তবে সেই আইনের মূল্য কী থাকে? মানবাধিকার যদি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য সমভাবে প্রযোজ্য না হয়, তবে সেই অধিকারের অর্থই বা কী? যখন একটি জনগোষ্ঠীকে নরকযন্ত্রণা ভোগ করতে হয়, তখন নাগরিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এবং প্রতিটি মানুষের জীবন ও মুক্তির পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে।’

এছাড়া, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর দীর্ঘ আগ্রাসনের কারণে জার্মানির একপেশে ইসরাইলপন্থি অবস্থান এবং দেশটির অভ্যন্তরে ফিলিস্তিনপন্থি জমায়েত ও স্লোগানের ওপর দফায় দফায় বিধিনিষেধ আরোপ নিয়ে ইউরোপজুড়ে তীব্র সমালোচনা চলছে। জার্মানির ভেতরেও সচেতন নাগরিক, অধিকারকর্মী ও ছাত্রসমাজ যুদ্ধবিরতির দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে আসছে। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সামনে জার্মানির পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উড়ানোর এই ঘটনা দেশটির নীতিনির্ধারকদের ওপর যুদ্ধবিরোধী জনমতের চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: বাইনোকুলারে দেখলাম, ওপারের লোকজন ওঁৎ পেতে রয়েছে: শুভেন্দু অধিকারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

২০তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা পূর্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এই সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

নতুন কমিশনার দায়িত্ব গ্রহণের পর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। প্রাথমিক বক্তব্যে তিনি দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জিএমপির সব পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন কমিশনার শিগগিরই সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

সরকার দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, বিগত যেকোনো সময়ের তুলনায় প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে সরকার আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার হলো অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ। ছেলে, মেয়ে, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) অথবা নন-এনডিডি নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে সরকার আন্তরিকভাবে বদ্ধপরিকর।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে যুক্ত করার জন্য সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তানদের পরিচর্যা করতে গিয়ে যেসব বাবা-মা কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে। এর মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করতে চায় না, বরং তাদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে চায়।

মন্ত্রী দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের জন্য বিশেষায়িত শিক্ষকের সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য একটি সরকারি কলেজ রয়েছে। সরকার এই প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিকায়ন করা হবে।

আন্তর্জাতিক প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্রতিযোগী ও ক্রীড়াবিদরা যেন সাফল্য অর্জন করতে পারেন, সেজন্য সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন শতাধিক কেয়ারার তাদের অভিজ্ঞতা ও বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেন। এসময় তারা একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার দাবি জানান।

কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল। এছাড়া, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন

শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ভাতিজাদের হামলায় ৬৫ বছর বয়সী জিন্নাত আলী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। চাচার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় রাতের বেলায়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে রাতের দিকে ভাতিজাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নিহত জিন্নাত আলী ওই গ্রামের মৃত টন মাহমুদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে কাজিরচর গ্রামের জিন্নাত আলীর সঙ্গে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ফলস্বরূপ বিকেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে এবং ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাসপাতালে চাচার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, "ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় প্রকাশিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) এবং নাজমুস সাদ (৩৩) রয়েছেন।

আটক রেজাউল করিম নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত কফিরউদ্দিন প্রামানিক এবং তিনি বর্তমানে ঢাকার ফকিরাপুল এলাকায় বসবাস করছেন।

সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। অন্যদিকে, নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর, নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং শাহবাগ মোড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মধ্যে নীলক্ষেত এলাকায় একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে দুটি এবং শাহবাগ মোড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাদের আটক করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে, সে জন্য ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য তাদের কাছে এসেছে। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়টি জানার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%