ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ


পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা সার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তা সহ মোট ৭৬ বস্তা সার উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্টদের মতে, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা এবং ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া গেছে। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

পরে রাতের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল পাকিস্তান, শাহিবজাদা ফারহান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক পেল পাকিস্তান, শাহিবজাদা ফারহান নিয়োগ

আর্মব্যান্ডে এসেছে পরিবর্তন। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শাহিবজাদা ফারহানকে নিযুক্ত করা হয়েছে। সালমান আলী আগা শুধু অধিনায়কত্বই হারাননি, বরং সংক্ষিপ্ত সংস্করণে তার জায়গাও হারিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে, যেখানে শাহিবজাদাকে নতুন অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের মতো তারকা খেলোয়াড়দের। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তারা চারজনই থাকছেন।

এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য শাহিবজাদাকে পুরস্কৃত করা হয়েছে। যদিও ভারতীয় দলের কাছে স্বর্ণ পদক হারাতে হয়েছে তাদের, তবুও পাকিস্তান রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদি ওয়ানডেতে নেতৃত্ব দেবেন। দুই সংস্করণে জায়গা পেয়েছেন রাজাউল্লাহ, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে উঠেছিলেন।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এরপরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি, যেখানে প্রথম তিন ম্যাচ রাওয়ালপিন্ডিতে হবে এবং ফাইনালসহ বাকি অংশ লাহোরে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:

শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল:

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের সাত সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

​জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের সাত সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় ব্যবহৃত সাতটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে গুদাম ও রেজভিয়া জামে মসজিদের সামনের ট্রাকস্ট্যান্ডের ফাঁকা জায়গায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত সাতটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সাঘাটা থানার হালিশকান্দি মাস্টারপাড়া এলাকার মো. আবুল হাশেমের ছেলে ও বর্তমানে শায়েস্তাগঞ্জের দক্ষিণ লেংজাপাড়া এলাকার বাসিন্দা মো. খাইরুল হাসান পলাশ (৩৫), লাখাই উপজেলার পূর্ব বুল্লার মৃত সুধাংশু মল্লিকের ছেলে সুভাষ চন্দ্র মল্লিক (২৬), নবীগঞ্জের চৌকতপুর এলাকার দানিসুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৪১), শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের মৃত গোপাল রবীদাসের ছেলে রনি রবীদাস (২৩), নিজগাঁও এলাকার মো. আব্দুল শহীদের ছেলে মো. শাহ আলম (২৮), চরণুর আহমেদ এলাকার মৃত শেখর মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (২৬) এবং নবীগঞ্জের পিরিজপুর এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (২৩)।

এসআরবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়ার স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন।

তাদের দাবি অনুযায়ী, কমিশনের বিনিময়ে তারা বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়া অ্যাপ ব্যবহারে উৎসাহিত করতেন। একই সঙ্গে জুয়ার অর্থ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাতেন।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে অনলাইন জুয়ার সঙ্গে ব্যবহৃত কয়েকটি অ্যাপের নামও উল্লেখ করা হয়েছে। এসব অ্যাপ ব্যবহার করে স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ড্র বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ড্র বাংলাদেশ

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে দুবাইয়ে অবস্থান করছে। দীর্ঘ সংস্করণের ম্যাচটি শুরু করার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি সেরে নিয়েছে তারা। ২ দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। দুবাইয়ের আইসিসি একাডেমির ওভালে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হিসেবে মেনে নেন দুই দলের অধিনায়ক।

ম্যাচটি ড্র হলেও বাংলাদেশের ব্যাট-বলের প্রস্তুতি সন্তোষজনক হয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তারা ১০৮ রান যোগ করেন। সৌম্য ৫৭ রানে রিটায়ার্ড আউট হন। অপরদিকে, সাদমানের ব্যাট থেকে আসে ৪৬ রান।

এছাড়া, মমিনুল হক ও নাঈম হাসান ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন। তিন নম্বরে নেমে মুমিনুল ৩৩ রান করেন, আর নাঈমের ব্যাট থেকে আসে ৩৬ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ ৭৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়। আমিরাতের পক্ষে জুনায়েদ সিদ্দিকী ৩ উইকেট নেন।

অন্যদিকে, আমিরাত নিজেদের ইনিংসে ২২২ রানে অলআউট হয়েছে। ওয়াসিম মুহাম্মদ ও আফতাব আলম ফিফটি পেয়েছেন। ওয়াসিম ৬৯ রান করেন, আর আফতাবের ব্যাট থেকে আসে ৫৬ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন, এবং তাইজুল ইসলাম ৩ উইকেট নেন।

১২ রানের লিড নিয়ে বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান তোলে, তখনই দুই দল ম্যাচটি ড্র হিসেবে মেনে নেয়। এই ইনিংসে সর্বোচ্চ রান আসে মুশফিকের ব্যাট থেকে, ৪৪ রান। অন্যদিকে, সাদমান ৩২ রান করেন এবং মুমিনুলের ব্যাট থেকে আসে ২৪।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


টেকনাফে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) ও বিজিবির যৌথ আভিযানিক দল। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে একটি অভিযানে ৩ লাখ ৯০ হাজার এবং অপর অভিযানে ২ লাখ পিস ইয়াবা পাওয়া গেছে।

এসআরবি-১৫-এর প্রেস রিলিজে জানানো হয়, সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের একটি যৌথ দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অবস্থান করছে।

এরপর ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালে অভিযান চালানো হয়। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল হাকিম।

অপরদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াজ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে। অপর গ্রেফতার আতাউর রহমান একই এলাকার নুরুল আলম ও নাছিমা দম্পতির ছেলে।

এসআরবি-১৫ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস রিলিজে আরও জানানো হয়, গত ৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত এসআরবি-১৫-এর আওতাধীন এলাকায় ১২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৩ লাখ ৯৭ হাজার ৪২৭ পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩০ দশমিক ৫ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, একটি বিদেশি এসএমজি, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪৬ জন অপহৃত ও পাচারকৃত ভিকটিমকে উদ্ধার এবং ১৫৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে এসআরবি-১৫।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%