ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত


রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের আঘাতে তিনজনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছানোর পর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এরপর বাসটি আইল্যান্ডে গিয়ে আবার ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনায় আহত ১০-১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে চীনে ছয়টি বিশেষ সুবিধা, রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫০ এম


বাংলাদেশকে চীনে ছয়টি বিশেষ সুবিধা, রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার উদ্দেশ্যে চীনের বৈশ্বিক ক্রেতাদের কাছে দেশীয় সম্ভাবনা তুলে ধরার জন্য ছয়টি বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ইউনানে বিনামূল্যে ২,০০০ বর্গমিটারের প্রদর্শনী স্টলসহ এই সুবিধাগুলো দুদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে বলে ব্যবসায়ী নেতাদের বিশ্বাস। একইসঙ্গে, উদ্যোগটি অর্থনীতি ও রপ্তানি খাতে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন দেশি উদ্যোক্তারা।

জানা গেছে, ‘থ্রি ফ্রি’ ও ‘থ্রি ফেসিলিটেশন’—এই দুই নীতিমালার আওতায় চীনে ছয়টি বাণিজ্য সুবিধা পাবেন বাংলাদেশের উদ্যোক্তারা। সম্প্রতি চীনের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এসব সুবিধার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করতে সরকারের অংশ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে কাজ করছে চীন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র আমার দেশকে জানায়, চীনের ‘থ্রি ফ্রি’ নীতির আওতায় বিনামূল্যে ইউনান প্রদেশে ২,০০০ বর্গমিটার ওয়্যারহাউস সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে এক দিনে যেমন চীনের বাজারে বাংলাদেশি পণ্য সরবরাহ দ্রুত হবে, তেমনি দেশের উদ্যোক্তাদের পরিচালন ব্যয় অনেকটাই কমে আসবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের আকর্ষণ করতে বিনামূল্যে ২,০০০ বর্গমিটারের অফলাইন প্রদর্শনী হল দেবে চীন। এটি দেশের বৈদেশিক বাজার সম্প্রসারণ, বাণিজ্যের সুযোগ ও ক্রয়াদেশ বাড়াতে সহায়তা করবে। একইসঙ্গে দেশের উন্নয়ন অর্জন, সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগ পরিবেশ সম্পর্কে আরো বেশি মানুষ জানার সুযোগ পাবে।

এ ছাড়া চীনের অনলাইন কমোডিটি মলে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এই অনলাইন কমোডিটি মলে যুক্ত হয়ে এবং সমন্বিত বিপণন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের বিভিন্ন পণ্য বিশ্বজুড়ে সম্ভাব্য ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে নতুন বাজারের সুযোগ তৈরির বিষয়টি আরো সহজ হয়ে ওঠার পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলে দেশের নিজস্ব ব্র্যান্ড ইমেজ গড়ে উঠবে এবং দেশের পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রভাব আরো বাড়বে বলে ব্যবসায়ী ও উদ্যোক্তারা মনে করছেন।

অন্যদিকে ‘থ্রি ফেসিলিটেশন’ নীতিমালার আওতায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিপণ্য রপ্তানি সহজ করতে তিন বিশেষ লজিস্টিক সহায়তা পাবে বাংলাদেশ। এর আওতায় বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজারে প্রবেশ সহজ করা হচ্ছে। বিশেষ করে নির্দিষ্ট লজিস্টিকস ও পরিবহন ফি মওকুফের সুবিধা পাবেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এর পাশাপাশি বাংলাদেশের শাকসবজি, ফলমূলসহ পচনশীল কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য দ্রুত চীনের বাজারে পৌঁছানোর জন্য বিশেষ কাস্টমস ছাড় ও দ্রুত ক্লিয়ারেন্সের সুবিধা পাবে বাংলাদেশ। এর ফলে দেশের কৃষিনির্ভর জনগোষ্ঠী তাদের জীবনমান উন্নয়নের সুযোগ পাবে।

‘থ্রি ফেসিলিটেশনের’ একটি উল্লেখযোগ্য দিক হলো—অংশীদার দেশগুলোর জন্য আন্তর্জাতিক মালবাহী ট্রেন ‘লানছাং-মেকং এক্সপ্রেস+’-এর মাধ্যমে পরিবহনে অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়া। এর ফলে একদিকে যেমন বাণিজ্য প্রক্রিয়ার প্রতিবন্ধকতা কার্যকরভাবে কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা আরো সহজ ও সুশৃঙ্খল হবে; অন্যদিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সামগ্রিক দক্ষতা বেড়ে দেশের প্রতিষ্ঠানগুলোর লজিস্টিকস ব্যয় কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, চীনের মতো বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের এমন শুল্কমুক্ত ও সহজ প্রবেশাধিকার দেশের রপ্তানি ঝুড়িকে বহুমুখী করার বড় একটি সুযোগ। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আমার দেশকে বলেন, এই উদ্যোগ বাস্তবে রূপ নিলে দেশের তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য, চামড়াজাত পণ্য ও হস্তশিল্পের রপ্তানি বহুগুণ বাড়বে। একইসঙ্গে এই যুগান্তকারী লজিস্টিক ও নীতিগত সহায়তা কার্যকর হলে চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বিশাল বাণিজ্য ঘাটতি পর্যায়ক্রমে একটি টেকসই ও সহনীয় পর্যায়ে নেমে আসবে।

এর আগে গত বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি খোরশেদ আলম। সেখানে দেশের ব্যবসায়িক উন্নয়নের জন্য ছয়টি দাবি তুলে ধরে বিসিসিসিআই। এর মধ্যে ছিল দীর্ঘদিনের দাবির অন্যতম বাংলাদেশে চীনা ব্যাংকের শাখা খোলা, বাংলাদেশে চীনা বিনিয়োগে ম্যানমেইড ফাইবারের (এমএমএফ) কারখানা স্থাপন করা, পুঁজিবাজারে চীনের বিনিয়োগ, ইপিজেড বা অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ, চীনে রপ্তানি বাড়াতে তাদের বিভিন্ন শহরে প্রদর্শনীর জন্য বিনামূল্যে ডিপার্টমেন্টাল স্টোর ও গুদাম স্থাপন করে দেওয়া এবং চীনের উদ্যোগে বাংলাদেশে ২০টি পলিটেকনিক স্কুল করে এখানকার ছেলেমেয়েদের হাতে-কলমে প্রযুক্তি শিক্ষা দেওয়া। তবে সম্প্রতি চীনের এমন সুবিধার ঘোষণা দেশের বাণিজ্যিক সম্ভাবনায় এক নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করেন দেশি উদ্যোক্তারা।

এ বিষয়ে বিসিসিসিআই সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের পরিচালক খোরশেদ আলম আমার দেশকে বলেন, আমরা গত বছরের অক্টোবরে ছয়টি প্রস্তাব বা দাবি জানিয়েছিলাম চীনের কাছে। সম্প্রতি এসব উদ্যোগ নিয়ে কাজ এগিয়েছে। এর মধ্যে রপ্তানি সহজীকরণ, প্রদর্শনী ও পণ্য উপস্থাপনের সুযোগ তৈরি এবং পলিটেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার মতো বিষয়ও রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ইপিবি কাজ করছে। চুক্তির বিষয়গুলো মূলত সরকার-টু-সরকার পর্যায়ে সম্পাদিত হয়। আমার জানামতে, ইপিবি ও চীন সরকারের মধ্যেও এ-সংক্রান্ত আলোচনা অনেকটা এগিয়েছে।

বিসিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা মনে করি বিনা ভাড়ায় এ জায়গা পাওয়া গেলে বাংলাদেশের জন্য তা বড় একটি সুযোগ হবে। সেখানে বাংলাদেশি ও চীনা কর্মী রেখে পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজারের চাহিদা পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোন কোন পণ্য নিয়ে চীনের বাজারে আরো বড় পরিসরে প্রবেশ করা যায়—সে বিষয়ে সিদ্ধান্ত নিতেও এটি সহায়ক হবে। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য এ উদ্যোগের মাধ্যমে চীনে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং বছরে অন্তত এক বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা তৈরি করা। তবে সেটি বাস্তবায়নের জন্য উপযুক্ত পণ্য নির্বাচন, বাজার যাচাই এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক রপ্তানিতে ৮০ শতাংশ প্রবৃদ্ধির উৎস তিন প্রধান পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ এম


পোশাক রপ্তানিতে ৮০ শতাংশ প্রবৃদ্ধির উৎস তিন প্রধান পণ্য

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ১০ হাজার ৫৭৮.৫৬ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ হাজার ৯৭০.৪২ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৬০৮.১৪ মিলিয়ন ডলার। তবে, এই প্রবৃদ্ধির বড় অংশ এসেছে তিনটি প্রচলিত পণ্য—ট্রাউজার, শর্টস ও স্কার্ট, সোয়েটার এবং টি-শার্ট থেকে। অন্যদিকে, উচ্চমূল্যের পোশাকের কয়েকটি শ্রেণিতে রপ্তানি কমে যাওয়ার কারণে মোট আয়ে এসব পণ্যের অংশও সংকুচিত হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে বেসিক বা মৌলিক পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৮ হাজার ২৫৭.৪২ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭ হাজার ৬৮৪.৭৩ মিলিয়ন ডলার। প্রবৃদ্ধি ৭.৪৫ শতাংশ হয়েছে, আর আয় বেড়েছে ৫৭২.৬৯ মিলিয়ন ডলার। মোট পোশাক রপ্তানিতে এই শ্রেণির অবদান ৭৭.০৮ শতাংশ থেকে বেড়ে ৭৮.০৬ শতাংশে দাঁড়িয়েছে।

মৌলিক পোশাকের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ট্রাউজার, শর্টস ও স্কার্ট থেকে। জুলাই-সেপ্টেম্বর সময়ে এসব পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩ হাজার ২৮৫.৫৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের ৩ হাজার ৮৪.৪৪ মিলিয়ন ডলারের তুলনায় ৬.৫২ শতাংশ বেশি। এ খাতে আয় বেড়েছে ২০১.১১ মিলিয়ন ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সোয়েটার ও কার্ডিগান। এ শ্রেণিতে রপ্তানি আয় ১ হাজার ৮৭০.১৮ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২ হাজার ৪৮.২৯ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্রবৃদ্ধি ৯.৫২ শতাংশ, আর অতিরিক্ত আয় ১৭৮.১১ মিলিয়ন ডলার। একই সময়ে টি-শার্ট ও ভেস্ট রপ্তানি থেকে এসেছে ১ হাজার ৫৮১.৮০ মিলিয়ন ডলার, যা আগের বছরের ১ হাজার ৪৭৭.৫৭ মিলিয়ন ডলারের তুলনায় ৭.০৫ শতাংশ বেশি। এই তিন শ্রেণির পণ্য মিলিয়ে রপ্তানি আয় বেড়েছে ৪৮৩.৪৫ মিলিয়ন ডলার, যা মোট পোশাক রপ্তানির প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশ। ফলে সামগ্রিক আয় বৃদ্ধিতে প্রচলিত পণ্যগুলোর প্রভাবই সবচেয়ে বেশি।

এ ছাড়া, আন্ডারওয়্যার, স্লিপওয়্যার ও অন্যান্য অন্তর্বাসজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯৭২.১৬ মিলিয়ন ডলার। আগের বছরের ৯১৪.৭৪ মিলিয়ন ডলারের তুলনায় প্রবৃদ্ধি ৬.২৮ শতাংশ হয়েছে। শিশুদের পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৯ শতাংশ, যা মৌলিক শ্রেণির মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এ খাতে আয় ৩০০.৩৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৩১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে, ছোটখাটো আনুষঙ্গিক পণ্য, গ্লাভস ও হোসিয়ারি রপ্তানি থেকে আয় হয়েছে মাত্র ৩৮.৬৩ মিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৩.২৩ শতাংশ।

অন্যদিকে, সেমি-বেসিক বা আধা-মৌলিক পোশাকের মধ্যে শার্ট ও ব্লাউজ রপ্তানি থেকে আয় হয়েছে ৮৪১.৭৩ মিলিয়ন ডলার। আগের বছরের ৮২৭.০৬ মিলিয়ন ডলারের তুলনায় প্রবৃদ্ধি মাত্র ১.৭৭ শতাংশ। মোট রপ্তানিতে এ শ্রেণির অংশ ৮.৩০ শতাংশ থেকে কমে ৭.৯৬ শতাংশে নেমেছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, "বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে রয়েছে প্রচলিত পণ্য। মৌলিক পোশাকের হিস্যা বাড়ার বিপরীতে উন্নত শ্রেণির অংশ কমে যাওয়ায় পণ্য বৈচিত্র্য ও উচ্চমূল্যের বাজারে অবস্থান শক্তিশালী করার চ্যালেঞ্জটি আরো স্পষ্ট হয়েছে।" তিনি আরও বলেন, "দীর্ঘমেয়াদে রপ্তানি আয় বাড়াতে প্রচলিত পণ্যের পাশাপাশি উচ্চমূল্য সংযোজনকারী পোশাকের উৎপাদন ও বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।"

উচ্চমূল্য সংযোজনের সম্ভাবনাময় অ্যাডভান্সড বা উন্নত শ্রেণির পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরো ধীর। জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাত থেকে আয় হয়েছে ১ হাজার ৪৭৯.৪১ মিলিয়ন ডলার, যা আগের বছরের ১ হাজার ৪৫৮.৬৪ মিলিয়ন ডলারের তুলনায় মাত্র ১.৪২ শতাংশ বেশি। অর্থাৎ, অতিরিক্ত আয় এসেছে ২০.৭৭ মিলিয়ন ডলার। মোট পোশাক রপ্তানিতে এ শ্রেণির হিস্যা ১৪.৬৩ শতাংশ থেকে কমে ১৩.৯৮ শতাংশে দাঁড়িয়েছে।

উচ্চমূল্যের পণ্যের মধ্যে জ্যাকেট ও কোটসহ আউটারওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ৯৯১.৬৯ মিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ। টেকনিক্যাল ওয়্যার রপ্তানি বেড়েছে ৮.০৭ শতাংশ, আয় দাঁড়িয়েছে ২৪৬.৮৬ মিলিয়ন ডলারে। তবে, পোশাকের কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রেণিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ড্রেস রপ্তানি আয় ১০.৬৬ শতাংশ কমে ১২৪.৬৫ মিলিয়ন ডলারে নেমেছে। স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যার থেকে আয় কমেছে ১১.২৪ শতাংশ, দাঁড়িয়েছে ৮০.৪৪ মিলিয়ন ডলারে। স্যুট ও এনসেম্বল রপ্তানি কমেছে ১৪.৪৮ শতাংশ, আয় হয়েছে ৩৫.৭৮ মিলিয়ন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনপন্থি আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন পরিবর্তন আনছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ এম


ফিলিস্তিনপন্থি আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন পরিবর্তন আনছে

ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলন যুক্তরাষ্ট্রের জনমত পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন প্রজন্মের নেতাদের ইসরাইল সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনায় উৎসাহিত করার কাজও করেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে নিজের স্মৃতিকথা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী মাহমুদ খলিল।

৩১ বছর বয়সী খলিল মঙ্গলবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ভিত্তিক আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠা খলিলের এটি ছিল ২০২৫ সালের ৮ মার্চ গ্রেপ্তার হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে প্রথম সফর। এ উপলক্ষে তার নতুন বই "নো ল্যান্ড টু স্ট্যান্ড অন: নোটস ফ্রম ডিটেনশন" নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে খলিল উল্লেখ করেন, "যুক্তরাষ্ট্রের জনগণ অবশেষে পরিবর্তিত হচ্ছে। তারা ফিলিস্তিনিদেরও সমান মানুষ হিসেবে দেখতে শুরু করেছে।"

শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটিকে খলিল ‘বিজয়’ হিসেবে অভিহিত করেন। তবে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এবং ক্যাম্পাসে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর মুছে ফেলতে চায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ইহুদি সংগঠন তার ক্যাম্পাসে ফেরার বিরোধিতা করে। এ বিষয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, "ভিন্নমতের মধ্যে কঠোর বিতর্ক, অনুসন্ধান ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সংলাপের পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।"

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, শিক্ষকদের একাডেমিক অনুষ্ঠানের আয়োজনের অধিকারকে তারা সমর্থন করে। তবে কাউকে আলোচনায় আমন্ত্রণ জানানোর অর্থ এই নয় যে, তার মতামতকে বিশ্ববিদ্যালয় সমর্থন করছে।

২০২৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের নেতৃত্বদানকারীদের মধ্যে খলিল ছিলেন। ওই আন্দোলন পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।

এরপর বিদেশি শিক্ষার্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কঠোর অভিযানের সময় অভিবাসন কর্তৃপক্ষ খলিলকে গ্রেপ্তার করে। স্থায়ী মার্কিন বসবাসের অনুমতি থাকা সত্ত্বেও কোনো ফৌজদারি অভিযোগ ছাড়াই তাকে তিন মাস আটক রাখা হয়।

বিক্ষোভ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকার সমালোচনা করে খলিল জানান, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নিউইয়র্ক পুলিশ বিভাগকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এএফপিকে খলিল বলেন, "তারা দমন-পীড়ন বেছে নিয়েছে। তারা নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে।"

তবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল, বিক্ষোভের কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। আটকের আগে ক্যাম্পাসে হয়রানির শিকার হওয়া থেকে তাঁকে সুরক্ষা দিতে বিশ্ববিদ্যালয় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন খলিল।

ব্যক্তিগত জীবনে ব্যাপক চাপের মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তন আনতে ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন তিনি। প্রগতিশীল প্রার্থীদের নির্বাচনি সাফল্যকে এ পরিবর্তনের অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরেন খলিল।

তিনি বলেন, "মাঠপর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, আরও বেশি প্রগতিশীল প্রার্থী মার্কিন কংগ্রেস ও ক্ষমতার গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচিত হচ্ছেন।"

এ প্রসঙ্গে মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. আবদুল আল-সায়েদ এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির নাম উল্লেখ করেন তিনি।

২০২৫ সালের ২০ জুন অভিবাসন কর্তৃপক্ষের হেফাজত থেকে মুক্তি পান খলিল। তবে ট্রাম্প প্রশাসন এখনো তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলমান আইনি লড়াইয়ের পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন তিনি।

খলিল বলেন, "আমার লড়াইয়ের বড় একটি অংশ হলো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য সংগ্রাম করা। আবার সেই তরুণ বাবা হতে চাই, যিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে পার্কে যাবেন, আর কেউ তাদের বিরক্ত করবে না।"

তবে চলমান আইনি লড়াই তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেনি বলে জানান খলিল। তার মতে, এই সংগ্রাম কেবল যুক্তরাষ্ট্রে তার বসবাসের অধিকার নিয়ে নয়; বরং দেশটির মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও।

তিনি বলেন, "আমার লড়াই শুধু আমি এই দেশে থাকতে পারব কি না, তা নিয়ে নয়। বরং এই দেশের মানুষ নিজেদের মনের কথা বলতে পারবে কি না, সেটিও এই লড়াইয়ের অংশ।"

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ এম


নিখোঁজের ১৫ বছর পর সাবেক বাগদত্তার বিরুদ্ধে হত্যার মামলা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক বাগদত্তা মিশেল পার্কারকে হত্যার অভিযোগে ডেল স্মিথ জুনিয়রের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র প্রকাশ করেছে। ২০১১ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর নিখোঁজ হন ৩৩ বছর বয়সী তিন সন্তানের মা মিশেল। প্রায় ১৫ বছর পর গত ১৪ অক্টোবর ৫৫ বছর বয়সী স্মিথকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ এবং নতুন প্রকাশিত আদালতের নথি অনুযায়ী, ২০১১ সালের ১৭ নভেম্বর তাদের তিন বছর বয়সী যমজ সন্তানকে বাবার কাছে পৌঁছে দিতে স্মিথের বাড়িতে গিয়েছিলেন মিশেল। সেখানে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। তবে মিশেলের মরদেহ এখনো উদ্ধার হয়নি। স্মিথের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল নির্দোষ এবং অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্তকারীদের দাবি, মিশেল নিখোঁজ হওয়ার পরদিন স্মিথের মুখ, ঠোঁট, কবজি ও কনুইয়ে আঁচড় এবং আঘাতের চিহ্ন দেখা যায়। নতুন করে মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, মিশেল স্মিথের বাড়িতে এক ঘণ্টার বেশি সময় ছিলেন। অথচ স্মিথ দাবি করেছিলেন, মিশেল সেখানে মাত্র ১০ মিনিট ছিলেন। তার ফোন থেকে বার্তা মুছে ফেলা এবং ফোনটি একটি হ্রদে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে।

মিশেল নিখোঁজ হওয়ার আগে তাদের মধ্যে সন্তানদের দেখাশোনা, সম্পর্ক ও অর্থ নিয়ে একাধিকবার বিরোধ হয়েছিল। এর কয়েক দিন আগে দুজন একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বাগদানের আংটি নিয়ে বিরোধের বিষয়টি উঠে আসে। অনুষ্ঠানে বিচারক দুজনকেই দায়ী করেন এবং মিশেলকে স্মিথকে আড়াই হাজার ডলার দেওয়ার নির্দেশ দেন।

পুলিশের নথিতে আরও বলা হয়েছে, স্মিথের বিরুদ্ধে অতীতে পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল এবং ২০০১ সালে তৎকালীন স্ত্রীর ওপর সহিংসতার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বর্তমানে স্মিথ জামিন ছাড়াই আটক রয়েছেন। তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না।

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%