ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী তিন দিনে কয়েকটি নদীর পানি বাড়ার আশঙ্কা


আগামী তিন দিনে কয়েকটি নদীর পানি বাড়ার আশঙ্কা

দেশের বিভিন্ন অববাহিকার নদ-নদীর পানি আগামী কয়েক দিনে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

সোমবার (৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত প্রধান অববাহিকা ও বাপাউবো জোনভিত্তিক অববাহিকাসমূহের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনার পানি বেড়েছে। তবে উভয় নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিন এ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে আগামী দুই দিন পানি কমে, পরবর্তী তিন দিন আবার বাড়তে পারে; তবে বিপৎসীমার নিচেই থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: স্পিকার: আওয়ামী লীগের নেতারা মদ খায়, কর্মীরাও খায়, সব বাটপারের কারখানা

গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা অববাহিকায় পানি স্থিতিশীল রয়েছে এবং নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় আগামী তিন দিন পানি স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন বাড়তে পারে।

সুরমা-কুশিয়ারা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় নদীর পানি কমেছে। কিন্তু কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এক দিন স্থিতিশীল থাকার পর, পরবর্তী দুই দিন নদীর পানি বাড়তে পারে।

উত্তরাঞ্চলে তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে সতর্কসীমায় রয়েছে। আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি এক দিন কমে, পরবর্তী দুই দিন বাড়তে পারে। অন্যদিকে আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা ও ঘাঘট নদীগুলো আগামী তিন দিন বিপৎসীমার নিচেই থাকতে পারে।

পূর্বাভাসে বলা হচ্ছে, ময়মনসিংহ অঞ্চলের জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি আগামী তিন দিন দ্রুত বাড়তে পারে। অন্যদিকে ঢাকা অঞ্চলের তুরাগ, টঙ্গীখাল, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও বালু নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

আরও পড়ুন: সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

এদিকে, আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলো কিছু কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সময়ে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদীতেও পানি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরি, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একইসঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও আগামী তিন দিন দ্রুত বাড়তে পারে। এ সময় বান্দরবান ও খাগড়াছড়ির কিছু স্থানে এসব নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩২ এম


টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বর্ষা এলেই সেন্ট মার্টিনবাসীর জীবনে দুর্ভোগ নেমে আসে। দ্বীপের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দেখা দেয় নানান সংকট। বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে টানা ৬ দিন ধরে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে যে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে, তা সবকিছুতে ব্যাপক প্রভাব ফেলছে। এতে দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটের শঙ্কা দেখা দিচ্ছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত এই নৌপথে কোনো সার্ভিস ট্রলার চলাচল করেনি। সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, এই নৌপথে মোট ২৬টি যাত্রীবাহী ট্রলার রয়েছে। প্রতি দিন দৈনিক রোটেশন সিস্টেমে দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে। তবে আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত বহাল থাকায় দুর্ঘটনা এড়াতে যাত্রী পরিবহন বন্ধ রাখা হয়েছে।

সেন্ট মার্টিনে মূল ভূখণ্ড টেকনাফ থেকেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ সবকিছু সরবরাহ করা হয়ে থাকে। ফলে যদি দীর্ঘ সময় ট্রলার চলাচল বন্ধ থাকে, তাহলে সেখানে খাদ্য সংকটসহ নানা সমস্যা সৃষ্টি হবে।

স্থানীয় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, 'বৃহস্পতিবার থেকে ট্রলার চলাচল বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। প্রতি বছর জুন-জুলাই মাসে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এভাবে কিছু দিন চলতে থাকলে খাদ্য সংকট দেখা দিতে পারে।'

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, 'বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।'

সেন্টমার্টিন দ্বীপের এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগের প্রসঙ্গে ইউএনও আরও জানান, তাদের বিষয়ে কি ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে সহস্রাধিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে সহস্রাধিক গ্রেফতার

বিশ্বের ৫৯টি দেশে পরিচালিত মানবপাচারবিরোধী সমন্বিত অভিযানে এক হাজারের বেশি ব্যক্তি গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টারপোলের নেতৃত্বাধীন ‘অপারেশন গ্লোবাল চেইন’-এ যাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়, তারা যৌন নির্যাতন, জোরপূর্বক শ্রম, অপরাধমূলক কর্মকাণ্ড এবং ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার সঙ্গে জড়িত আন্তর্জাতিক মানবপাচার চক্রগুলোর সদস্য।

এতে ইন্টারপোল জানিয়েছে, অভিযানের ফলস্বরূপ মোট ২ হাজার ৭০ জন ভুক্তভোগী অথবা সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৩৪ জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে এবং ৬৯০ জন সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের সাথে যুক্ত।

অভিযানে কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা চক্রে কাজ করাতে যারা মানুষ পাচার করছে, তাদের একটি আন্তঃদেশীয় নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে এবং ইউরোপে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌনকর্মে বাধ্য করার একটি চক্রও ধরা পড়েছে। তদন্তের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউরোপে জোরপূর্বক শ্রমের জন্য লাতিন আমেরিকার নাগরিকদের পাচার করার প্রবণতা দেখা দিয়েছে। এভাবে শনাক্ত হওয়া ভুক্তভোগীদের মধ্যে প্রায় ১০ শতাংশ অপ্রাপ্তবয়স্করা যৌন নির্যাতনের শিকার।

ব্রাজিলে, ৪০৬ জন ভুক্তভোগী শনাক্ত করা হয়েছে, যাদের অনেককে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে অনলাইন প্রতারণায় বাধ্য করা হয়েছিল। অন্যদিকে, আর্জেন্টিনায় বলিভিয়ার দুই শিশুকে জোরপূর্বক শ্রম থেকে উদ্ধার করা হয়েছে। বেলজিয়ামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুক্তভোগীদের ফাঁদে ফেলে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

গত ৮ থেকে ১২ জুন পরিচালিত এই অভিযানে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা অংশগ্রহণ করেছেন। অভিযানের ফলে ইতোমধ্যেই ৪৬৫টি নতুন তদন্তের কার্যক্রম শুরু হয়েছে এবং আরও ২০১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।

ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকিজা বলেন, মানবপাচার এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক সংগঠিত অপরাধগুলোর একটি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই এ ধরনের অপরাধী চক্র ভেঙে ফেলা সম্ভব; সাম্প্রতিক এ অভিযান তারই প্রমাণ।

সূত্র : বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্কুটের প্রলোভনে শিশুকে ঘরে ডেকে নেওয়ার অভিযোগ রাতুলের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ এম


বিস্কুটের প্রলোভনে শিশুকে ঘরে ডেকে নেওয়ার অভিযোগ রাতুলের বিরুদ্ধে

রাজবাড়ীতে দুপুরবেলা একটি বিস্কুট খাওয়ানোর প্রলোভনে মো: রাতুল মোল্লা নামক এক যুবকের বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে ঐ যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার (৪ জুলাই) জেলা সদরের বসন্তুপুরে এই ঘটনার রূপ নেয়।

সোমবার (৬ জুলাই) অভিযুক্ত রাতুলকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া রাতুল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের অধিবাসী।

পুলিশ ও মামলার সূত্র থেকে জানা গেছে, ৪ জুলাই দুপুরে ভুক্তভোগী শিশুর মা তাকে বাড়িতে রেখে কয়েক মিনিটের জন্য বাইরে যান। বাড়ির এই নির্জন সময়ের সুযোগ নিয়ে অভিযুক্ত রাতুল মোল্লা শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে একটি ঘরের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এই সময় শিশুর মা বাড়িতে ফিরে আসলে তিনি তার সন্তানকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। মায়ের আওয়াজ শোনামাত্র শিশুটি ভেতর থেকে চিৎকার করতে শুরু করে এবং মা দ্রুত ঘরের দিকে এগিয়ে যান। তখন নিজের উপস্থিতি প্রকাশ পাওয়ার ভয়ে রাতুল ঘর থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার রাতে শিশুর মা মামলা দায়ের করার পর পুলিশ দ্রুততায় একমাত্র আসামি রাতুলকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ শিশুদের সুরক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পে স্কেল: দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে কমিশনের চূড়ান্ত প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ এম


পে স্কেল: দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে কমিশনের চূড়ান্ত প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই, আগামী দুই সপ্তাহের মধ্যে, মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে পারে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সবশেষ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সোমবার অনুষ্ঠিত হয় কমিটির শেষ বৈঠক, যেখানে সভাপতিত্ব করেছেন কমিটির সভাপতি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পরে, ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক দফা সময় বাড়ানোর পর চলতি বছরের ২১ জানুয়ারি কমিশনটি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি। কমিশনের মূল সুপারিশ কিছুটা কমিয়ে প্রথমে তিন অর্থবছর এবং পরে দুই অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খসড়া প্রস্তাব দেয় কমিটি। সোমবারের বৈঠকে চলতি অর্থবছরের জন্য মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের জন্য ভাতা কার্যকরের ব্যাপারে মত দেন কমিটির সকল সদস্য। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহ আগে নেওয়া হয়েছে। বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে কিছু কারিগরি বিষয় ছিল, যা ইতিমধ্যে সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠানো হবে এবং পরে প্রজ্ঞাপন জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এটি আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে বা প্রয়োজন হলে তার পরের বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%