০১:১৮ পি.এম
দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল তামিল অভিনেতা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমকে। ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘সিগমা’ দেখতে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন। বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের পর এটি সঙ্গীতার প্রথম প্রকাশ্যে আসা ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর চেন্নাইয়ের কামালা সিনেমাসে ‘সিগমা’র প্রথম দিনের প্রদর্শনী দেখতে যান সঙ্গীতা এবং তার মেয়ে দিব্যা শাশা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জেসনও। প্রেক্ষাগৃহের বাইরে আলোকচিত্রীদের দেখে হাসিমুখে ভেতরে প্রবেশ করতে দেখা যায় সঙ্গীতাকে। তবে সিনেমাটি দেখতে সেখানে বিজয় উপস্থিত ছিলেন না।
এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সঙ্গীতা বিজয়ের বিরুদ্ধে পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে বিজয়ের সঙ্গে এক অভিনেত্রীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক, মানসিক অবহেলা, অপমান এবং দাম্পত্য বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলা হয়েছিল। তিনি স্থায়ী ভরণপোষণ ও বসবাসের অধিকারও দাবি করেছিলেন।
আরও পড়ুন: সংস্কৃতিমন্ত্রী: 'ক্ষুদ্র' শব্দটি নৃগোষ্ঠীর জন্য অপমানজনক
কিন্তু কয়েক মাস পর সঙ্গীতা সেই আবেদন প্রত্যাহার করে নেন। গত ৭ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে বিচ্ছেদের মামলা তুলে নেওয়ার কথা জানান তিনি। এরপরই প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাকে।
এদিকে, ছেলে জেসনের প্রথম সিনেমা ‘সিগমা’ নিয়ে শুরু থেকেই আলাদা আগ্রহ রয়েছে। সিনেমার প্রচারণায় বাবা বিজয়কে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেসন। তার মতে, প্রচারণার কেন্দ্রবিন্দু হওয়া উচিত সিনেমা এবং সংশ্লিষ্ট শিল্পীরা, তারকা বাবা নয়। বর্তমানে বিজয় মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকায় তার ব্যস্ততার বিষয়টিও উল্লেখ করেছেন জেসন।
১৯৯৯ সালে বিজয় এবং সঙ্গীতার বিয়ে হয়। তাদের দুই সন্তান—জেসন সঞ্জয় এবং দিব্যা শাশা। দীর্ঘ সময় পর ছেলের সিনেমাকে কেন্দ্র করে সঙ্গীতার প্রকাশ্যে আসার ঘটনাটি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: এরফান গ্রুপের রাইস ইউনিটের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন