১০:১৮ এম
শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং ফেল করানোর হুমকির অভিযোগ তুলে আন্দোলন করেছেন। তারা অভিযোগ করেন, শিক্ষকের পক্ষ থেকে ক্লাস টেস্টে নম্বর না দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনিয়মের কারণে তারা ভোগান্তিতে পড়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিভাগের সামনে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান বরাবর একটি আবেদন জমা দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ ও দাবি পেশ করেন।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা দুটি দাবি করেছেন। তাদের দাবি হলো—CHE-4132 কোর্সের জন্য বিশেষ সেমিস্টার চালু করতে হবে এবং পরবর্তীতে নিয়মিত সেমিস্টারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওপর নতুন কোনো অতিরিক্ত কোর্স চাপানো যাবে না। পাশাপাশি তারা ওই শিক্ষককে ভবিষ্যতে এই ব্যাচের কোনো কোর্সের দায়িত্ব না দেওয়ারও দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, CHE-4132: Spectroscopic Methods in Structural Analysis কোর্সের পরিচালনায় নানা অনিয়মের কারণে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন। তারা অভিযোগ করেন, কোর্সটির অধিকাংশ ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এবং নির্ধারিত ১০ নম্বরের সিটির পরিবর্তে ৪০ নম্বরের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক ক্লাসে তাদের উদ্দেশে অপমানজনক এবং ভীতিকর মন্তব্য করেছেন। এমনকি তিনি বলেছেন, ‘পাস করবি কীভাবে, দেখে নেব’—এ ধরনের হুমকিমূলক বক্তব্যও দিয়েছেন। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও মানসিক চাপ সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, কোর্সটির ফাইনাল পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার আশঙ্কা করছেন। বিশেষ করে তারা স্নাতক শেষ বর্ষে থাকায় এ কোর্সে অকৃতকার্য হলে তাদের স্নাতক সম্পন্ন করতে বিলম্ব হতে পারে। কারণ, শেষ বর্ষে কোর্স ইমপ্রুভমেন্টের সুযোগ না থাকায় তারা উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, স্যার পিএইচডি করতে যাওয়ার আগে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা তৈরি করেছিলেন। তখন একটি ব্যাচের প্রায় ২০ জন শিক্ষার্থীকে ল্যাব পরীক্ষায় অকৃতকার্য করানো হয়েছিল। এ নিয়ে বিভাগে তালা দেওয়ার ঘটনাও ঘটেছিল। এখন শিক্ষাছুটি শেষে ফিরে এসে আমাদের ব্যাচের সঙ্গেও একই ধরনের আচরণ করছেন। আমাদের ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে তাকে সুপারভাইজার হিসেবে নিতে চাননি। সেই ক্ষোভ থেকে তিনি এমন আচরণ করতে পারেন বলে আমাদের ধারণা।
আরও পড়ুন: হোটেল ও পর্যটন খাতে ফ্রি প্রশিক্ষণ, শেষে ভাতা ও চাকরির সুযোগ
আরেক শিক্ষার্থী বলেন, স্যার ক্লাসে আমাদের হুমকি দিয়ে বলেন, এই কোর্সে ফেল করাব, পাস করতে পারবি না। আমি ফেল করিয়ে দিলে অন্য চিটার কোর্স নিয়ে পাস করিয়ে দেবে—এ ধরনের চিন্তা বাদ দে। আমি যত দিন রসায়ন বিভাগে আছি, এই কোর্স আমিই পড়াব। ক্লাসে তিনি নিজের স্বেচ্ছাচারী মনোভাব শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়।
তবে সহকারী অধ্যাপক হুমায়ুন কবির শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কোর্সটি তুলনামূলক কঠিন হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে বলেছি। পড়াশোনা না করলে পরীক্ষায় পাস করা কঠিন হবে—এমন সতর্কতা দিয়েছি। কাউকে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর কোনো উদ্দেশ্য আমার নেই। যারা পড়াশোনা করবে, তারা অবশ্যই ভালো নম্বর পাবে।
কোর্স পরিচালনায় অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় দিয়ে আমি কোর্সটি পড়িয়েছি। ৪২ ঘণ্টার ক্লাস নেওয়ার কথা থাকলেও প্রায় ৬৫ ঘণ্টা ক্লাস নিয়েছি। নিয়মিত ক্লাসের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী অনলাইনে অতিরিক্ত ক্লাস নিয়েছি।
ক্লাস টেস্টের নম্বরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ১০ শতাংশ নম্বর সিটি থেকে নেওয়ার কথা বলা আছে। তবে সিটি পরীক্ষা ১০, ২০, ৪০ কিংবা ১০০ নম্বরে নিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি দুই অধ্যায়ের ওপর ৪০ নম্বরের একটি সিটি পরীক্ষা নিয়েছি। শিক্ষার্থীরা সেখানে যে নম্বর পেয়েছে, তা ১০ শতাংশে রূপান্তর করে চূড়ান্ত নম্বরে যুক্ত করা হবে। খাতাগুলো যথাযথভাবে মূল্যায়ন করেছি এবং কোথায় ভুলের কারণে নম্বর কমেছে, তা লাল কালিতে চিহ্নিত করে শিক্ষার্থীদের দেখিয়েছি।
আরও পড়ুন: দেশের ১০ মেরিন একাডেমিতে নাবিক প্রশিক্ষণের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগের সেমিস্টারের কয়েকটি ল্যাব ও ভাইভার চাপ থাকায় নির্ধারিত সময়ে তাঁরা সিটি পরীক্ষা দিতে পারেনি। পরে তাঁদের সঙ্গে বাকি সিটিগুলো নেওয়ার কথা ছিল। আমি শিক্ষার্থীদের পেছনে আন্তরিকভাবে শ্রম দিয়েছি। নিজের পারিবারিক সময় ব্যয় করেও অতিরিক্ত ক্লাস নিয়েছি। এরপরও আমার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় একজন শিক্ষক হিসেবে আমি ব্যথিত।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রতন কুমার পাল বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন দিয়েছে। একটি পরীক্ষা তাদের খারাপ হয়েছে। তারা যেহেতু শেষ বর্ষে রয়েছে, তাই অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হতে পারে বলে আশঙ্কা করছে। তাদের দাবি, প্রশ্ন অনেক কঠিন হয়েছে। শেষ বর্ষে ইমপ্রুভমেন্টের সুযোগ না থাকায় তারা বিশেষ পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বর্তমান নীতিমালা অনুযায়ী বিষয়টি যাচাই করে দেখব। একাডেমিক কমিটির সভায় বিষয়টি উত্থাপন করে বিশেষ পরীক্ষার কোনো নিয়ম আছে কি না, তা পর্যালোচনা করা হবে। নীতিমালায় এ ধরনের সুযোগ না থাকলে শিক্ষার্থীদের বিষয়ে কী করা যায়, তা জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করব।
আরও পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন