বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:১৭ পি.এম
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কলেজের আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ফলে পথচারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণের কারণে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এর ফলে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের একাশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। উভয় সংগঠনের মিছিল যখন কলেজের প্রধান ফটকের সামনে আসে, তখন নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুর আলম জানান, কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে ছাত্র শিবিরের কয়েকজন কর্মী কলেজের বাইরের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা করে।
তবে পাল্টা অভিযোগ করে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্র শিবিরের সভাপতি জুনায়েদ আহমদ বলেন, প্রতি বছরের ন্যায় ছাত্রশিবির নবীণবরণকে ঘিরে শিক্ষাবান্ধব কর্মসূচি হাতে নিয়েছিল। শিক্ষার্থীদের নানা উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়ার সময় ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনকভাবে আক্রমণ করে।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম জানান, বৃহস্পতিবার কলেজে নতুন ক্লাস শুরু হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা নবীনবরণ ও ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। কলেজের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুনেছি কলেজের গেটের বাইরে ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ছাতক থানার এস আই ভক্ত চন্দ্র দত্ত বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচলও স্বাভাবিক করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের একাধিক সূত্র জানায়, মামলায় তার বিরুদ্ধে ২৪ এর ক ধারার অভিযোগ আনা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওর কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী সম্পর্কে বক্তব্য শোনা যায়।
রাকিবুল দাবি করেছেন যে, অডিওটি তার নয় এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ড চাওয়া হবে কিনা, সে বিষয়ে সংবাদ লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মিড-ডে মিলের অংশ হিসেবে ডিম পরিবেশন করা হয়। খাবার গ্রহণের কিছু সময় পর শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। অসুস্থতা অনুভব করায় দ্রুত তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
জেলা প্রশাসক মো. রফিকুল হক জানান, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গীর মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে ৩৪ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
টানা দুটি ঘটনার প্রেক্ষাপটে জেলা প্রশাসক বলেন, উভয় ঘটনার পর বিদ্যালয়গুলোতে পরিবেশন করা খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ল্যাব পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আগের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের আপডেট জানিয়ে তিনি বলেন, সোমবার অসুস্থ হওয়া ৩৪ জন শিক্ষার্থীর প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, বর্তমানে কেবল একজন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছি; বিষয়টি নিয়ে কেউ আতঙ্কিত নন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর মন্তব্য করেছেন, অভিভাবকদের সন্তানের শিক্ষাজীবনে সবসময় খোঁজখবর রাখা অপরিহার্য। এর ফলে সন্তানের বিপথগামী হওয়ার সম্ভাবনা কমে যাবে।
আজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করার জন্য অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় আছে, খোঁজ নিন। কলেজ ছুটির পর সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে সেদিকেও নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। এর মাধ্যমে মানুষের মূল্যবোধ জাগ্রত হয় এবং প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব। সুনাগরিকরাই দেশের উন্নতির শিখরে পৌঁছাতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আহম্মদ সোহেল মনজুর বলেন, নবীন ও তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পর্যন্ত বিভিন্ন বড় আন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের নীতি-নৈতিকতার পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমাদের সন্তানদের মাদক থেকে রক্ষা করতে হবে। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জাতি গঠনে পরিবার, সমাজ, শিক্ষক ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তিনি স্বেচ্ছাধীন অনুদান বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম ‘বেকড বিনস’ বা শিম সেদ্ধ অনেকের কাছে একটি প্রিয় খাবার। তবে যখন সেই খাবার রান্না করা হয় বিশাল একটি হাঁড়িতে এবং পরিমাণ হয় প্রায় ১৫ হাজার ক্যানের সমান, তখন এটি সত্যিই একটি বিস্ময়কর ঘটনা।
এমন একটি অসাধারণ ঘটনা ঘটিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে তুরস্কের কেলকিট শহর। সেখানে একটি দৈত্যাকার হাঁড়িতে একবারে রান্না করা হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালান বেকড বিনস বা শিম সেদ্ধ। এই আয়োজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অর্জন করেছে।
স্থানীয় শিম দিয়েই রেকর্ড
রেকর্ড গড়ার এই আয়োজনটি অনুষ্ঠিত হয় ২২ আগস্ট। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং গুমুশানে গর্ভর্নরশিপ পৌরসভার যৌথ উদ্যোগে বিশাল হাঁড়িতে রান্না করা হয় স্থানীয় বিশেষ পদ ‘কেলকিট শেকের ফাসুলিয়েসি’।
শিমের বীজ দিয়ে তৈরি এই খাবার কেলকিট অঞ্চলের একটি স্থানীয় পদ। এই শিমের আকৃতি সামান্য বেগুনি দাগযুক্ত এবং কিছুটা বাঁকানো, যা কেলকিট সমভূমিতে চাষ করা হয়।
ভাঙল পুরোনো রেকর্ড
নতুন এই রেকর্ড গড়ার প্রক্রিয়া সহজ ছিল না। এর আগে সবচেয়ে বেশি পরিমাণ বেকড বিনস রান্নার রেকর্ড ছিল উত্তর মেসিডোনিয়ার দখলে। সেখানে সারসিয়েভো গ্রামের মানুষের জন্য প্রায় ১ হাজার ৪৭৯ গ্যালন বেকড বিনস রান্না করা হয়েছিল।
কেলকিটে রান্না করা হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালান বিনস, যা পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
কৃষকদের সম্মান জানাতেই আয়োজন
স্থানীয় এ পণ্যের পরিচিতি ও অর্থনৈতিক মূল্য বৃদ্ধি করার পাশাপাশি কৃষকদের সম্মান জানানোও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশাল এই রান্নার মাধ্যমে আয়োজকরা কেলকিটের স্থানীয় কৃষিপণ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের আয়োজকরা জানান, এই স্বীকৃতি কেলকিট, গুমুশানে এবং পুরো অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি স্থানীয় কৃষি ঐতিহ্য, পণ্য এবং পুরো সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।
একসঙ্গে কাজ করেছেন অনেকে
রেকর্ড গড়ার এই আয়োজনে কৃষক, রন্ধনকর্মী, প্রকৌশলী, খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ, পৃষ্ঠপোষক, সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, এত মানুষের সম্মিলিত প্রচেষ্টাই এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। তারা মনে করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রেকর্ড গর্বের একটি বিষয় হয়ে থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ