ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জেলার কাপ্তাইয়ে বন ও বন্যপ্রাণী আইন সম্পর্কিত একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে এই কর্মশালাটি বন বিভাগের আয়োজনে কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়, যেখানে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার এবং ফরেস্টাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সদর রেঞ্জার দীপন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার উল্লেখ করেন, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত নীতিমালা ও আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।

তিনি জানালেন, ২০২৬ সালের জন্য বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সম্পর্কিত কিছু নতুন নীতি ও বিধান প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না

তিনি এসব আইন ও নীতিমালা যথাযথভাবে জানা এবং অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তা মাঠ পর্যায়ে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারী ২৫ জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে রুবাইয়াত শবনম অনিকার কৃতিত্বপূর্ণ মাস্টার্স ডিগ্রি অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


চীনের হোহাই ইউনিভার্সিটি থেকে রুবাইয়াত শবনম অনিকার কৃতিত্বপূর্ণ মাস্টার্স ডিগ্রি অর্জন

চীনের ঐতিহ্যবাহী ও বিখ্যাত হোহাই ইউনিভার্সিটি (Hohai University) থেকে সফলতার সঙ্গে 'মাস্টার অব ইন্টারন্যাশনাল ট্রেড' (ইকোনমিকস ফোকাস) ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী রুবাইয়াত শবনম অনিকা।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমকালো এক সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেওয়া হয়েছে।

রুবাইয়াত শবনম অনিকার এই গৌরবময় অর্জনে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখা অনিকার একাডেমিক প্রজেক্ট এবং গবেষণার ক্ষেত্রটি ছিল চমৎকার ও যুগোপযোগী। তার থিসিসের মূল বিষয় ছিল— 'রিসার্চ অন দ্য ইমপ্যাক্ট অব বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) অন বাংলাদেশ ট্রেড' (Research on the Impact of Belt and Road Initiative (BRI) on Bangladesh Trade)।

গবেষণায় তিনি দক্ষতার সঙ্গে ডেটা অ্যানালাইসিস (উপাত্ত বিশ্লেষণ) পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য বৃদ্ধির মূল নিয়ামক বা চালিকাশক্তি চিহ্নিত করেছেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ধারা, অর্থনৈতিক সহযোগিতা এবং এর নীতিনির্ধারণী প্রভাব (Policy Implications) নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর বিশ্লেষণ তুলে ধরেছেন তার গবেষণায়। তার এই কাজ একাডেমিক মহলেও বেশ প্রশংসিত হয়েছে।

আন্তর্জাতিক এই বিদ্যাপীঠে পড়তে যাওয়ার আগে রুবাইয়াত শবনম অনিকা রাজধানী ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ (BBA) সম্পন্ন করেন। সেখানেও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছিলেন।

মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বসিত ও গর্বিত অনিকার পরিবার।

উল্লেখ্য, অনিকার বাবা বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও লেখক হুমায়ূন কবীর ঢালী এবং মা বিশিষ্ট প্রকাশক গুলশান আরা বাবলী।

মেয়ের এই সাফল্যে অনিকার বাবা-মা বলেন, আজ আমাদের জীবনের অন্যতম একটি আনন্দের এবং গর্বের দিন। অনিকার এই কঠোর পরিশ্রম এবং সাফল্যের জন্য আমাদের পরিবার অত্যন্ত গর্বিত। আমরা ওর ভবিষ্যতের নতুন পথচলার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।

আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চশিক্ষা ও প্রায়োগিক জ্ঞান অর্জন করে রুবাইয়াত শবনম অনিকা আগামী দিনে বাংলাদেশ তথা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


শাবিপ্রবিতে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অফিসের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম উল্লেখ করেন, শিক্ষাদানে উৎকর্ষতা অর্জন, মানসম্মত গবেষণা এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে এই ধরনের ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত সময়োপযোগী। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিক্ষকম-লীকে এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

অধিপ্রায়োগিক এই উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই কর্মশালায় শিক্ষাদান পদ্ধতি, আধুনিক গবেষণা কৌশল এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকে আবারও আসছে ট্রেনের বগি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ভারত থেকে আবারও আসছে ট্রেনের বগি

ভারত থেকে আবারও রেল কোচ (বগি) আমদানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাই মাসে প্রায় ২০টি রেল কোচের একটি চালান রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে, এ তথ্য জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি হবে বাংলাদেশের প্রথম রেল কোচ রপ্তানি।

এর আগে বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে নয়াদিল্লি।

ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে। এ কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেওয়া হয়। ওই প্রকল্পের আওতায় ঢাকাকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি।

প্রকল্পসংশ্লিষ্ট ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’

চুক্তি অনুযায়ী, শুধু কোচ সরবরাহই নয়, আরআইটিইএস নকশা সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রশিক্ষণও দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা থাকবে, এরপর ২৪ মাসের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে।

আরআইটিইএসের ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল জানিয়েছেন, ‘নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচের সরবরাহ শুরু হলে আমাদের রাজস্ব আরো বাড়বে।’

এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পে কিছু বিলম্ব হয়েছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন তা আবার স্বাভাবিক পথে ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের ‘সামার দাভোস’-এ আলোচনার কেন্দ্রে ভূরাজনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


চীনের ‘সামার দাভোস’-এ আলোচনার কেন্দ্রে ভূরাজনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ নতুন প্রযুক্তির অগ্রগতিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে তুলে ধরা হলেও, কর্মসংস্থান সংকটের আশঙ্কা এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে উদ্বেগও বাড়ছে। চীনের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা এএফপিকে এ কথা বলেছেন।

সুইজারল্যান্ড-ভিত্তিক ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত বার্ষিক এই সম্মেলনে বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

চীনের দালিয়ান থেকে এএফপি জানায়, ডব্লিউইএফের ব্যবস্থাপনা পরিচালক মিরেক দুসেক মঙ্গলবার বলেন, ‘এআই সত্যিই শিল্প ও অর্থনীতিকে বদলে দিচ্ছে।’ শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

তিনি আরো বলেন, ‘সম্প্রতি আমরা প্রযুক্তিগত অগ্রগতির আশীর্বাদ পেয়েছি। তবে বিশ্বের সিদ্ধান্তগ্রহণকারীদের প্রধান চ্যালেঞ্জ হলো-কীভাবে নিশ্চিত করা যায় যে এসব প্রযুক্তি বাস্তব অর্থনীতিতে কার্যকর অবদান রাখছে।’

এছাড়া, তিনি সতর্ক করে বলেন, এসব প্রযুক্তির বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টির ঝুঁকিও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এআইয়ের কারণে শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন, কর্মসংস্থান হ্রাস এবং সাইবার নিরাপত্তা ভঙ্গ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে এর ব্যবহারের মতো ঝুঁকির জন্য উদ্বেগ বাড়ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধও আন্তর্জাতিক অর্থনীতির ওপর চাপ বাড়িয়েছে। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য থেকে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে।

‘মন্থর’ বৈশ্বিক অর্থনীতি

এসব অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাংক চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে কোভিড-১৯ মহামারির পর সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে।

দুসেক বলেন, ‘বিশ্ব অর্থনীতি বর্তমানে একটি মন্থর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি বিশ্ব গুরুতর বিভাজনের দিকে এগোয়, তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হবে।’

বুধবার সকালে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ডব্লিউইএফের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনটি এ বছর উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে।

এ সম্মেলনকে চীনের অর্থনীতি সম্পর্কে আন্তর্জাতিক প্রযুক্তি ও ব্যবসায়ী নেতাদের কাছে বার্তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন সাম্প্রতিক বছরগুলোতে আগের দশকগুলোর দ্রুত প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

রপ্তানি ও এআই প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও, দুর্বল অভ্যন্তরীণ ভোগব্যয় এবং দীর্ঘস্থায়ী আবাসন খাতের ঋণসংকট মহামারির পর থেকে প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।

যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের আশঙ্কা

চীনের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হার্ভার্ড কেনেডজ স্কুলের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি এখনও উড়িয়ে দেওয়া যায় না।

‘থুসিডাইডিস ফাঁদ’ ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত অ্যালিসন বলেন, চীনের মতো দ্রুত উত্থানশীল কোনো শক্তি যখন যুক্তরাষ্ট্রের মতো বিদ্যমান প্রভাবশালী শক্তিকে চ্যালেঞ্জ করে, তখন একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি উল্লেখ করেন, প্রাচীন গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডিস এ ধরনের পরিস্থিতিতে ‘স্বাভাবিক কূটনীতি ও স্বাভাবিক রাষ্ট্রনীতি শেষ পর্যন্ত যুদ্ধ ডেকে আনে’ বলে সতর্ক করেছিলেন।

তবে সম্প্রতি দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ সংঘাত এড়ানোর বিষয়ে আশাবাদ তৈরি করেছে বলেও জানান অ্যালিসন।

গত মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, দুই দেশ কি ‘থুসিডিদিস ফাঁদ’ অতিক্রম করে বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের নতুন ধারা তৈরি করতে পারে না?

অ্যালিসনের মতে, শি জিনপিং সচেতনভাবেই এ ঐতিহাসিক ধারণার উল্লেখ করেছেন।

তিনি বলেন, ট্রাম্পের নিজস্ব অনিশ্চিত রাজনৈতিক আচরণ থাকলেও, তিনি বুঝতে পেরেছেন যে চীন একটি ভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বী শক্তি।

অ্যালিসনের ভাষায়, ওয়াশিংটনের উচ্চ শুল্কের জবাবে চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপ ট্রাম্পকে বুঝতে সাহায্য করেছে যে তিনি এখন প্রায় সমমর্যাদার একটি শক্তির মুখোমুখি।

তিনি বলেন, ‘দুই প্রেসিডেন্টই স্পষ্টত এমন একটি নতুন কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন, যা থুসিডাইডিস ফাঁদ এড়িয়ে যেতে সক্ষম হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%