০৮:২৮ পি.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা বিএনপি এবং বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পাল্টাপাল্টি সভা অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা এবং এক বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন, তবে মঞ্জুরুলের সভায় তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সভা শেষে ফেরার পথে এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে এবং বিএনপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়।
রোববার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথকভাবে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুই সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে ভিন্ন চিত্র দেখা যায়। উপজেলা বিএনপির সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও তৃণমূলের অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। অন্যদিকে, মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত সভায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান
এদিকে, সভা শেষে ফেরার পথে দেবিদ্বারের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ির সামনের গ্লাস ভাঙচুরের অভিযোগও করা হয়।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ডাকে আয়োজিত আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমাগম ঘটে। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মাজেদা আহসান মুন্সী, সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, সদ্য অব্যাহতি পাওয়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব কাজী মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
গাড়ি ভাঙচুরের অভিযোগের বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আলোচনা সভা শেষে মিছিল নিয়ে ফেরার পথে মঞ্জু ভাইসহ আমরা সবার পেছনে ছিলাম। সামনে কী হয়েছে, তা বলতে পারি না।
আরও পড়ুন: এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান বলেন, ‘অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে পৌর এলাকার চান্দিনা রোডের সামনে আমার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয়, এতে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্র থেকে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি দলের নির্দেশে থানায় মামলা দায়ের করব।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় আমি উপস্থিত থাকলেও কোনোভাবে উত্তেজিত যুবকদের আটকানো যায়নি, কেউ একজন থাপ্পড় দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
এমই
আরও পড়ুন: জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ নোটিশ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন