০৬:৫৫ পি.এম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে সাদি (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস চত্বরের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেবি স্কুলের সামনের স্পিডব্রেকারের কাছে সংঘর্ষটি ঘটে। স্পিডব্রেকারটি উচ্চ এবং এর রঙ উঠে যাওয়ার কারণে দূর থেকে সহজে বোঝা যায় না। এছাড়া, মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে তারা জানান।
নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। তার বাবা মো. নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন: এমপিও শিক্ষকদের পে স্কেলে ভুল সংশোধনের নতুন চিঠি যাচ্ছে
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেছেন, ‘ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ছেলেটি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর ছেলে। সে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
স্পিডব্রেকার সম্পর্কে প্রক্টর আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সঙ্গে কথা বলেছি যাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করে দেওয়া হয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন