০৬:৫৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে, বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ অথবা স্থগিত করে দেয়। সরকার এসব সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টমদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, "সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে বিদেশে নেওয়ার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।" তিনি আরও বলেন, এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কিছু ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি কাল
তারেক রহমান জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, "শুধু তাই নয়, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার।" এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। কিছু দেশ জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতে কর্মী নেবে।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ককটেল বিস্ফোরণে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রণোদনা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "সংসদ সদস্য একটি প্রণোদনার কথা বলেছেন। তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা তাঁর কাছে বোধগম্য হয়নি।" তিনি জানান, সংসদ সদস্য যদি বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, তাহলে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকেই ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন।
তিনি মন্তব্য করেন, সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতসংখ্যক কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।
সংসদ সদস্য বলেন, "সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি করে বা ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে যেতে হবে না।" তিনি আরও বলেন, এমনকি একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে কি না, প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারি সুযোগ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর
ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "আমি কিন্তু বলেছিলাম যে, আমরা মালয়েশিয়াতে আলোচনা করে যেই বন্ধ জিনিসটা ছিল আমাদের মানুষ পাঠানোর, এটিকে আমরা ওপেন করতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছি।" তিনি যোগ করেন, "যদি আপনি জানলে আরো খুশি হবেন, কথাবার্তা বলে আমরা চেষ্টা করেছি যে, যারা যাবে তাদের টোটাল খরচ, যাওয়ার খরচ যাতে ম্যাক্সিমাম দুই লাখ টাকার ভেতরে থাকে।" তিনি জানান, "এই খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও যখন যাবেন, এদেশ থেকে শ্রমিকরা যাবেন, তাদের ক্ষেত্রেও যাতে এটি করা সম্ভব হয়, সেই প্রক্রিয়াটি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন