১০:০৮ এম
টঙ্গী, যা ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি ও শিল্পাঞ্চল ঘেঁষা, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মাদক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সম্প্রতি চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের ধরতে পুলিশের কার্যক্রম দৃশ্যমান হয়েছে। গত ৪৫ দিনে মাদক, ছিনতাই, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে ৪২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযান টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলমের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
মাদক, ছিনতাই ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই তৎপরতার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা এলাকায় নিয়মিত টহল, সন্দেহভাজনদের যাচাই এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার
পুলিশের এ কার্যক্রমের সঙ্গে সামাজিক সচেতনতামূলক উদ্যোগও যুক্ত হয়েছে। উদাহরণস্বরূপ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ইতোমধ্যে জিএমপির উদ্যোগে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা ছিল এ আয়োজনের অন্যতম আয়োজক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে মাদক ও অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম মন্তব্য করেছেন, ‘মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।’
এদিকে সমাজ সচেতন সংশ্লিষ্টদের মতে, টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে অপরাধের মাসভিত্তিক তুলনামূলক পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। পুলিশের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন, পাশাপাশি মাদকের সরবরাহের উৎস শনাক্ত, অপরাধের পেছনের নেটওয়ার্ক চিহ্নিত করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য ও সহযোগিতা নিশ্চিত করাও জরুরি।
পুলিশ বলছে, টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন