ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় এসআইবির প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘এসআইবিকন ২০২৬’ অনুষ্ঠিত


ঢাকায় এসআইবির প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘এসআইবিকন ২০২৬’ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশের (এসআইবি) প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘এসআইবিকন ২০২৬’। নিবিড় পরিচর্যা ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবার উন্নয়নের লক্ষ্যে এই সম্মেলনটি আয়োজন করা হয়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোমবার ও মঙ্গলবার (১৬ ও ১৭ নভেম্বর) দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য সহজে নিবিড় পরিচর্যা চিকিৎসাসেবা নিশ্চিত করা’। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা চিকিৎসক, বিশেষজ্ঞ, গবেষক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনটির আয়োজন করেছে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ (এসআইবি) এবং সহযোগিতায় ছিল গ্রিট ফাউন্ডেশন।

সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিরিয়ায় নিখোঁজ মার্কিন ত্রাণকর্মী লায়লা শওয়েইকানির সন্ধানে ৫০ লাখ ডলার পুরস্কার

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অব ইনটেনসিভ অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের (ডব্লিউএফআইসিসি) সভাপতি অধ্যাপক জাভিয়ের পেরেজ ফার্নান্দেজ। নিবিড় পরিচর্যা চিকিৎসার আন্তর্জাতিক অঙ্গনে তিনি একজন পরিচিত বিশেষজ্ঞ এবং তার উপস্থিতি সম্মেলনটির গুরুত্ব বৃদ্ধি করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, পর্তুগাল ও বেলিজসহ বিভিন্ন দেশের ২৪ জন বিশেষজ্ঞ সম্মেলনে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন অধ্যাপক জর্জ হিডালগো, অধ্যাপক জ্যাঁ লুই তেবুল, অধ্যাপক ক্রেইগ কুপারস্মিথ, ডা. হুসাইন আল রাহমা, ডা. আশরাফ এলহৌফি, ডা. অনুশকা মুদালিগে ও ডা. নন্দিতা দিবেকার।

সম্মেলনে আলোচক ও ‘প্রজেক্ট অন-গ্রাউন্ড চ্যাম্পিয়ন’ হিসেবে অংশ নেন ডা. ওহসিনা জাহান লোপা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও জরুরি বিভাগের দায়িত্বও তাঁর হাতে রয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি উপদেষ্টা এবং ডব্লিউএফআইসিসির দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দুই দিনের সম্মেলনে নিবিড় পরিচর্যা চিকিৎসার আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। সংকটাপন্ন রোগীদের চিকিৎসা, চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণার বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময় হয়েছে এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: রাত পোহালেই রোহিঙ্গা গণহত্যার বিচার, কী আছে মিয়ানমারের ভাগ্যে

সম্মেলনে বাংলাদেশের নিবিড় পরিচর্যা চিকিৎসার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ সেবা সহজলভ্য করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়গুলো বক্তাদের আলোচনায় স্থান পেয়েছে।

আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি চিকিৎসকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পাবে। নতুন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বাংলাদেশের নিবিড় পরিচর্যা চিকিৎসাসেবাকে আরও আধুনিক ও উন্নত করতে সম্মেলনটি ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, এসআইবিকন ২০২৬ শুধুমাত্র একটি আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলন নয়, বরং দেশের সব মানুষের জন্য উন্নত ও মানসম্মত নিবিড় পরিচর্যা চিকিৎসাসেবা নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রো-প্রাইভেটকারে ডাকাতি, যাত্রীদের মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রো-প্রাইভেটকারে ডাকাতি, যাত্রীদের মারধর

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে সশস্ত্র ডাকাতির একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারের যাত্রীদের লক্ষ্যবস্তু করা হয়। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এই হামলায় দুই সাবেক ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার ভোরে গভীর রাতে (আনুমানিক রাত ২টার দিকে) গহেরপুর কানাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই সময় মাইক্রোবাস এবং প্রাইভেটকারটি গন্তব্যের দিকে যাচ্ছিল। গহেরপুর কানাপুকুর নামক স্থানে পৌঁছালে ডাকাতরা সড়কে গাছ ফেলে বা ব্যারিকেড তৈরি করে গাড়ি দুটির গতিরোধ করে।

ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে গাড়ির যাত্রীদের জিম্মি করে মারধর শুরু করে। হামলার ফলে গাড়িতে থাকা দুজন সাবেক চেয়ারম্যানসহ কয়েকজন যাত্রী আহত হন। পরে ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগীরা আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, বাবার অমতে একটি বিয়ে ঘটনার নেপথ্যে জড়িত। পাত্র পক্ষ কোটচাঁদপুর যাবার পথে ভুল পথে ভাঙ্গাব্রীজ অতিক্রমকালে রহস্যজনক ঘটনা ঘটে। তবে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে যুবদলের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


মানিকগঞ্জে যুবদলের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল

মানিকগঞ্জে জেলা যুবদল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। একই কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরের দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জিয়াউদ্দিন আহমেদ কবির, মাহাবুবুল আলম উজ্জ্বল, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন এবং যুবদল নেতা আসিফ ইকবাল রনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সমাবেশে বলেন, "পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।" তাঁরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খান সজীবের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন, আটক এক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


ঢাকার পল্লবীতে যাত্রীবাহী বাসে আগুন, আটক এক

ঢাকার পল্লবী অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশ জানায়, বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার সন্ধ্যায় ওই বাসটিতে আগুন লাগানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতে পল্লবী সিরামিক্স রোডে মিরপুর সুপার লিংক নামের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করার তথ্য দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজের সময় দোকান থেকে আড়াই লাখ টাকা চুরি, সিসিটিভিতে শনাক্ত ব্যবসায়ী শামীম

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


নামাজের সময় দোকান থেকে আড়াই লাখ টাকা চুরি, সিসিটিভিতে শনাক্ত ব্যবসায়ী শামীম

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজারে আসরের নামাজের সময় একটি ফার্মেসি ও বিকাশ এজেন্টের দোকান থেকে ২ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে শামীম (৩৭) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিচয় জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে দাবি স্থানীয়দের।

গত ১৫ নভেম্বর রোববার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মাইনুল ইসলাম ফার্মেসির পাশাপাশি বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করেন। আসরের নামাজ আদায় করতে তিনি দোকান থেকে বের হলে এ সুযোগে শামীম দোকানের ভেতরে থাকা টাকার ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শামীম (৩৭) খয়বর তহশিলদারের ছেলে। তাঁর নিজের দোকানও আলেপের তেপথী বাজারে অবস্থিত। চুরির শিকার দোকান থেকে মাত্র চারটি দোকান পরেই তাঁর দোকান। দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল ও সাইকেল মেরামতের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রোহান টেলিকমের পরিচালক মুকুল মিয়া বলেন,আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। একজন ক্ষুদ্র ব্যবসায়ী অনেক কষ্ট করে ব্যবসা পরিচালনা করেন। এভাবে দোকানের টাকা চুরি হলে একজন ব্যবসায়ী কীভাবে ঘুরে দাঁড়াবেন? আমরা চাই, ঘটনার সঠিক তদন্ত হোক, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক এবং চুরি হওয়া টাকা উদ্ধার করা হোক।

আরেক ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন,তার নিজের দোকান থাকা সত্ত্বেও সে কীভাবে এমন চুরির সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা বাজারের ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। একজনের দোকানে এমন চুরির ঘটনা ঘটলে অন্য ব্যবসায়ীরাও নিজেদের দোকান ও ব্যবসার পুঁজি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

এদিকে, আগামী ১৯ নভেম্বর এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিচার বা সালিশ বসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা দ্রুত ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%