০২:১৪ এম
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্রতাপের সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
শেষ ৩২-এর মঞ্চে কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে প্রথম বাধা এশিয়ান পরাশক্তি জাপান।
তবে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতে হলে এর পরও সেলেসাওদের সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন অগ্নিপরীক্ষা।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
জাপান-বধ শেষ করতে পারলে শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে। গোলমেশিন আরলিং হালান্ডের হাত ধরে দীর্ঘ ২৬ বছর পর (১৯৯৮ সালের পর) বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে এই ইউরোপীয় দলটি।
বিশ্বকাপে দুই দলের একমাত্র অতীত স্মৃতি অবশ্য ব্রাজিলের জন্য সুখকর নয়; ১৯৯৮ সালের গ্রুপ পর্বের সেই দেখায় ২-১ ব্যবধানে জিতেছিল নরওয়ে।
তবে শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের রেকর্ড এককথায় অবিশ্বাস্য। এই পর্বে খেলা শেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা, যার মধ্যে টানা সর্বশেষ আটটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য রেকর্ড রয়েছে সেলেসাওদের।
কোয়ার্টার ফাইনালের টিকিট পেলে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে ‘থ্রি লায়ন্স’ ইংল্যান্ড। অপটা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, এবারের শিরোপার অন্যতম দাবিদার হ্যারি কেইন-জুড বেলিংহামদের ইংল্যান্ড।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়
তবে পরিসংখ্যান কিন্তু সেলেসাওদেরই অভয় দিচ্ছে। দুই দলের সর্বশেষ ১২ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল হেরেছে মাত্র একটিতে, পাঁচ জয়ের বিপরীতে ছয়টি ম্যাচ হয়েছে ড্র।
এমনকি বিশ্বকাপেও ইংলিশদের বিপক্ষে অপরাজেয় সাম্বা বয়েজরা। চারবারের দেখায় কখনো হারেনি তারা, বরং শেষ তিনটি ম্যাচেই এসেছে জয়। ফুটবলপ্রেমীদের এখনো চোখে ভাসে ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, যেখানে রোনালদিনহোর সেই স্মরণীয় দূরপাল্লার ফ্রি-কিকের জাদুতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল।
কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারলে সেমিফাইনালে ফুটবলবিশ্ব দেখতে পারে শতাব্দীসেরা সুপার ক্লাসিকো! সেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপের নকআউট পর্বের সুদীর্ঘ ইতিহাসে দুই চিরবৈরীর এটি হবে মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ক্লদিও ক্যানিজিয়ার গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে বিদায় করেছিল আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তবে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের ইতিহাস দারুণ সমৃদ্ধ; শেষ সাতটি সেমিফাইনালের ছয়টিতেই জিতে ফাইনালে উঠেছে তারা। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির বিপক্ষে সেই ৭-১ গোলের দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন বুনছেন নেইমার-ভিনিসিয়ুসদের সমর্থকেরা।
সব বাধা পেরিয়ে ফাইনালে পা রাখতে পারলে ট্রফির লড়াইয়ে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অপটা সুপার কম্পিউটারের গাণিতিক হিসাবে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় শিরোপাপ্রত্যাশী দল লুইস দে লা ফুয়েন্তের স্পেন।
যদিও বিশ্বকাপে স্প্যানিশদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। তাছাড়া এই দলটির বিপক্ষেও ইতিহাস কথা বলছে ব্রাজিলের পক্ষেই। দুই দলের ১০ বারের দেখায় ব্রাজিলের পাঁচ জয়ের বিপরীতে স্পেনের জয় মাত্র দুটি। আর বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে শেষ চার ম্যাচের তিনটিতে জিতে ও একটি ড্র করে অপরাজিত রয়েছে সেলেসাওরা।
আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন