০১:৪৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের চেষ্টায় সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক সাতজনই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন— দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আলম (৩৮), নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) এবং ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় কয়েকজন বাংলাদেশি ওই ব্যক্তিদের প্রবেশে সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন।
তিনি আরও জানান, ভোর ৪টার দিকে বিজিবি আটক চারজনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।
সীমান্তে পুশ-ইনের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি বলছে, সীমান্তে নজরদারি জোরদার রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন