০১:২৮ পি.এম
বলিউডের সুপারস্টার সালমান খানকে পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা গেলেও, পর্দার বাইরের তার আন্তরিকতা এবং সহজ-সরল আচরণ সহকর্মীদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত। সম্প্রতি ‘মাতৃভূমি’ ছবির শুটিংয়ের সময়, তিনি প্রায় ২০ জনের জন্য নিজ হাতে খাবার প্রস্তুত করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। রান্নার পাশাপাশি, তিনি নিজেই সবার মধ্যে খাবার পরিবেশন করেছেন।
ছবিটির সহ-অভিনেত্রী হীরা সোহাল সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার মতে, সালমানের সঙ্গে কাজ করা ছিল একটি স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতা।
হীরা বলেন, "একদিন ছবির পুরো দল একসঙ্গে খেতে বসেছিল। সেদিন সালমান নিজেই প্রায় ২০ জনের জন্য ভেলপুরি তৈরি করেন এবং সবাইকে তা পরিবেশন করেন। খাবারের স্বাদ ঠিক হয়েছে কি না, তা-ও বারবার খেয়াল করছিলেন তিনি।"
আরও পড়ুন: অভিনয়ের স্বপ্ন পূরণে মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন দীপিকা
হীরার মতে, এত বড় একজন তারকাকে নিজের হাতে এতজনের জন্য খাবার প্রস্তুত করতে দেখা ছিল সত্যিই অবাক করার মতো। সালমানের এই আন্তরিকতা এবং বিনয় তার মনে গভীর প্রভাব ফেলেছে।
শুধু রান্না করাই নয়, শুটিং সেটে সহশিল্পী ও কলাকুশলীদের প্রতি সালমানের যত্নশীল মনোভাবও উল্লেখযোগ্য। হীরা জানান, তিনি সবার ছোটখাটো বিষয়েও খেয়াল রাখেন। তার পেশাদারিত্ব এবং কাজের প্রতি মনোযোগ থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী।
হীরা আরও জানান, ছবির শুটিংয়ে যুক্ত সকলকে সালমান ঘড়ি উপহার দিয়েছেন। কাপুর ওয়াচ কম্পানি থেকে সংগ্রহ করা এসব ঘড়ির আনুমানিক দাম ২ লাখ থেকে ৬ লাখ টাকা।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি যুদ্ধক্ষেত্রের বাইরের সেনাসদস্যদের জীবন তুলে ধরেছে।
আরও পড়ুন: ন্যাশনাল লাইফ ডিআরইউর দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন