০৭:২৮ পি.এম
সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তিনি মন্তব্য করেন, যদি তাঁর বা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার ওসিকে নিতে হবে।
সোমবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারিত এক লাইভে এসব অভিযোগ করেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
লাইভে তিনি বলেন, যে কোনো সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হতে পারে। তিনি দাবি করেন, ওসির চাকরি হারানোর আশঙ্কা থেকে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হতে পারে। তিনি অভিযোগ করেন, ওসির কথিত অনিয়ম ও অপকর্মের বিষয়ে কথা বলার কারণে তিনি ওই পুলিশ কর্মকর্তার রোষানলে পড়েছেন।
আরও পড়ুন: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
আখতারুজ্জামান রঞ্জন আরও দাবি করেন, কটিয়াদীতে মাদকের ‘গডফাদার’ হিসেবে কাজ করছেন ওসি। তিনি জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ওসির মনোনীত ৩০ জন ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, ওসি সারা রাত উপজেলাজুড়ে ঘোরাফেরা করেন এবং মাদকসহ আসামি গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করেন। এছাড়া, সাবেক এই সংসদ সদস্য মন্তব্য করেন, ওসির ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত একাধিক মোবাইল ফোনের কল রেকর্ড ও তথ্য যাচাই করলে তাঁর যোগাযোগ ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমার বা আমার পরিবারের কারও ওপর কোনো হামলা কিংবা অপ্রতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকেই এর সম্পূর্ণ দায় নিতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানা কটিয়াদীর গচিহাটা বাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচার করানো হয়। এই ঘটনার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে উত্তেজনা এবং পাল্টাপাল্টি বক্তব্যের সৃষ্টি হয়েছে।
এদিকে ফেসবুক লাইভে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের তোলা এসব অভিযোগের বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলাবাসী আমার কর্মকাণ্ড সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। আমি যেসব ভালো কাজ করছি, সাধারণ মানুষ তার সাক্ষী। মেজর আখতার আমাকে নিয়ে যেসব অপপ্রচার চালাচ্ছেন, আমি তাঁর এসব কথার উপযুক্ত প্রমাণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: ‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন : জামায়াত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন