০৮:০৫ পি.এম
শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের অবাধ চলাচল বজায় রাখার লক্ষ্যে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় স্কুলের কাছাকাছি অবস্থানরত বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে, ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তার পুরোটা পরিষ্কার করা হয়।
আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এ সময় ৫টি মামলা দায়ের করা হয়, যার মাধ্যমে সর্বমোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, নগরীর উন্মুক্ত স্থান এবং ফুটপাত দখলমুক্ত রাখার জন্য এই ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন