১০:০৮ এম
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ির দিকে বোমাটি নিক্ষেপ করে। তবে এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত সাড়ে ১২টার সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে এসে উপস্থিত হয়। এরপর তারা ভবনের সিঁড়ির দিকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থের অভাবে আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ পর আগুন নিভে যায়।
আরও পড়ুন: খুলনায় এসআরবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়, উদ্ধার পিস্তল ও গুলি
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন এ বিষয়ে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল এবং এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও জানান, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ দলের কোন কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।
আরও পড়ুন: ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ গ্রেফতার রাকিব হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন