ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের নজিরবিহীন হুঁশিয়ারি


সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের নজিরবিহীন হুঁশিয়ারি

সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এবার চরম আকার ধারণ করেছে।

গত বছরের ভয়াবহ হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর জম্মু-কাশ্মীরের পহেলগামে নয়াদিল্লি এই ঐতিহাসিক চুক্তিটি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেয়। ভারতের এই অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় এখন সুর চড়িয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক এক সংবাদ সম্মেলনে কার্যত সরাসরি হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানের ন্যায্য পানির অংশে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, তবে সেই হাত কেটে ফেলা হবে। ভারতের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী একটি পানির কল নিয়ন্ত্রণ করছেন এবং বলছেন যে তিনি পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেবেন না। পাকিস্তানের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং অর্ধেক জনগণের কর্মসংস্থান কৃষির ওপর নির্ভরশীল উল্লেখ করে মুসাদিক মালিক জানান, তারা এই সংকটের কথা আন্তর্জাতিক মহলে তুলে ধরবেন এবং নিম্নাঞ্চলের মানুষের অধিকার নিয়ে লড়াই করবেন।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

একই সংবাদ সম্মেলনে সুর মিলিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও। তবে তিনি হুমকির চেয়ে আইনি দিকের ওপর বেশি জোর দিয়েছেন। তারার দাবি করেছেন, সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত চুক্তি এবং কোনো পক্ষই এককভাবে এটি বাতিল, স্থগিত বা সংশোধন করতে পারে না। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, পানি পাকিস্তানের জন্য জীবনরেখা এবং একই সাথে একটি চূড়ান্ত সীমারেখা, যা অতিক্রম করা বরদাস্ত করা হবে না।

কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী সি আর পাতিল স্পষ্ট করে দিয়েছেন, ভারত আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সিন্ধু নদের অববাহিকায় নিজস্ব অংশের পানির পূর্ণ ব্যবহার নিশ্চিত করবে এবং ভারতের প্রাপ্য এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি বড় ধাক্কা দিয়েছে।

মঙ্গলবার, আদালত ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে কার্যত অকার্যকর করে দিয়েছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের দীর্ঘদিনের প্রচলিত অধিকারকে সীমিত করার চেষ্টা করা হয়েছিল।

এই উদ্যোগ, যা জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শত বছরের বেশি সময়ের প্রচলিত নীতিতে পরিবর্তন আনার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অংশ ছিল। তবে শুরু থেকেই এই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছিল।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই একটি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিছু শিশুর স্বয়ংক্রিয় নাগরিকত্বের অধিকার বাতিলের উদ্যোগ নেন। প্রশাসনের যুক্তি ছিল, বর্তমান ব্যবস্থার অপব্যবহার হচ্ছে এবং অভিবাসন নীতিতে কঠোর পরিবর্তন প্রয়োজন।

তবে অভিবাসন অধিকারকর্মী, আইন বিশেষজ্ঞ এবং কয়েকটি অঙ্গরাজ্য এই আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানায়। তাদের দাবি ছিল, জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত একটি অধিকার, যা শুধুমাত্র প্রেসিডেন্টের নির্বাহী আদেশ দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির জন্য একটি বড় আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।

জন্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি নীতি, যেখানে দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া অধিকাংশ শিশুই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। বিশ্বের কয়েকটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এই নীতির অন্যতম বড় উদাহরণ।

বিশ্লেষকদের মতে, এই রায় শুধু অভিবাসন নীতির ক্ষেত্রেই নয়, বরং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়েও একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছে। কারণ ট্রাম্প প্রশাসন একাধিক ক্ষেত্রে নির্বাহী আদেশের মাধ্যমে বড় ধরনের নীতিগত পরিবর্তনের চেষ্টা করছে।

তবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই রয়েছে। রক্ষণশীলরা মনে করেন, বর্তমান ব্যবস্থায় সীমান্ত ও অভিবাসন নীতির দুর্বলতা তৈরি হয়েছে। অন্যদিকে সমালোচকদের মতে, এই অধিকার সীমিত করা হলে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর একটি মৌলিক নীতিতে পরিবর্তন আসতো।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া লাখো মানুষের নাগরিকত্বের বর্তমান কাঠামো বহাল থাকছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন দূতাবাসের উদ্যোগে ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


মার্কিন দূতাবাসের উদ্যোগে ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

 ঢাকাস্থ মার্কিন দূতাবাস 'আমেরিকা সপ্তাহ ২০২৬'-এর উদ্বোধনের কথা আজ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ফ্রিডম ২৫০' উদ্যোগের অংশ হিসেবে, সাত দিনের এই অনুষ্ঠানের আয়োজন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে করা হবে।

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আমেরিকা সপ্তাহ ২০২৬'-এ যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরার জন্য বিভিন্ন আয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে 'ফ্রিডম ২৫০' কনসার্ট, যেখানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড মাউকা ব্রাস পরিবেশন করবে, ঢাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে 'আমেরিকান ফেয়ার' অনুষ্ঠিত হবে এবং সিলেটে 'ফাউন্ডার্স মিউজিয়াম' প্রদর্শনীর উদ্বোধন হবে।

এছাড়া, সপ্তাহজুড়ে চারটি শহরে আরও বিভিন্ন সাংস্কৃতিক ও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন দেশটির সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় আলোচিত পীর হত্যা, দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


কুষ্টিয়ায় আলোচিত পীর হত্যা, দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জেলার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যা মামলার দুটি আসামির জামিন নামঞ্জুর করে, হাইকোর্টের পক্ষ থেকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনা বিশাল আলোচনার জন্ম দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে মামলার দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান নিজেদের আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনায়েতুল কবির জামিনের আবেদনটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে একজন খাজা আহম্মেদ, যিনি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির পদে আসীন ছিলেন।

অন্যদিকে, আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ বিষয়ে বিক্ষুব্ধ জনতা দৌলতপুর উপজেলার একটি দরবারে হামলা চালান।

এসময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে তার কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

এই ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলার তদন্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, থাকছে নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, থাকছে নানা কর্মসূচি

আগামীকাল বুধবার ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে নানা কর্মসূচির মধ্য দিয়ে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ দিবসটি উদযাপন উপলক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এবং শিক্ষা ও গবেষণার আধুনিকায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।

সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মুখস্থ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হবে। এসময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও বিশ্ববিদ্যালয়ের থিম সং এবং রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশিত হবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হবে।

সকাল ১০ টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ১ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে, তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামীকাল বুধবার বিকেল ৩ টায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%