ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুর্গন্ধময় থেকে সুগন্ধির ‘পারফিউমের রাজধানী’ গ্রাস শহরের রূপান্তর


দুর্গন্ধময় থেকে সুগন্ধির ‘পারফিউমের রাজধানী’ গ্রাস শহরের রূপান্তর

একসময় ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট্ট শহর গ্রাস চামড়া প্রক্রিয়াজাতকরণের দুর্গন্ধে অতিষ্ঠ ছিল। সেই দুর্গন্ধ দূরীকরণের উদ্দেশ্যে সুগন্ধির ব্যবহার শুরু হয়, যা নতুন এক শিল্পের সূচনা করে। কয়েক শতাব্দীর ব্যবধানে শহরটি বিশ্বের পারফিউমশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে।

গ্রাস, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ছোট শহর, বিশ্বজুড়ে ‘পারফিউমের রাজধানী’ হিসেবে পরিচিত। শত শত বছরের সুগন্ধি তৈরির ঐতিহ্য, সুগন্ধি ফুলের চাষ এবং প্রাকৃতিক নির্যাস উৎপাদনের দক্ষতার কারণে শহরটি আন্তর্জাতিক সুগন্ধিশিল্পে বিশেষ স্থান দখল করে রেখেছে। বিশ্বের নামকরা অনেক পারফিউম ব্র্যান্ডের সঙ্গে গ্রাসের নাম জড়িয়ে আছে।

তবে শহরটির এই পরিচয়ের সূচনা হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি শিল্পের মাধ্যমে, যা ছিল চামড়া প্রক্রিয়াজাতকরণ। ষোড়শ শতকে ইউরোপজুড়ে চামড়া ও চামড়াজাত পণ্যের জন্য গ্রাস পরিচিত ছিল। বিশেষ করে এখানকার তৈরি গ্লাভসের ব্যাপক চাহিদা ছিল। কিন্তু চামড়া প্রক্রিয়াজাত করার সময় তৈরি হতো তীব্র দুর্গন্ধ। সেই দুর্গন্ধ দূর করতে সুগন্ধি ফুল ও উদ্ভিদের নির্যাস ব্যবহারের প্রচলন শুরু হয়। ধীরে ধীরে সুগন্ধি মাখানো চামড়ার গ্লাভস অভিজাতদের ফ্যাশনের অংশ হয়ে ওঠে।

আরও পড়ুন: পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আইএইএ উদ্বিগ্ন

২০২১ সালে প্রকাশিত এনপিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাসের সুগন্ধিশিল্পের উত্থানের পেছনে শহরটির দুর্গন্ধও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মধ্যযুগে, বিশেষ করে ষোড়শ শতকে, গ্রাস পুরো ইউরোপে চামড়াজাত পণ্যের জন্য পরিচিত ছিল, সুগন্ধির জন্য নয়।

চামড়া প্রক্রিয়াজাতকরণের কারখানাগুলো থেকে মৃত প্রাণী ও চুনের তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত শহরজুড়ে। প্রথমে গ্লাভস নির্মাতারাই এই দুর্গন্ধ দূর করার উপায় খুঁজতে শুরু করেন। এ জন্য তারা ব্যবহার করতেন ‘ম্যাসারেশন’ পদ্ধতি। এতে পশুর চর্বির মধ্যে ফুল রাখা হতো। চর্বি ফুলের সুগন্ধ শুষে নেওয়ার পর প্রায় দুই মাসে তৈরি হতো সুগন্ধি মলম। পরে সেই মলম চামড়ার গ্লাভসে ব্যবহার করা হতো।

গ্রাসের পারফিউম জাদুঘরের পরিচালক লরাঁ পুপেভিলের ভাষ্য অনুযায়ী, এভাবেই চামড়ার দুর্গন্ধ দূর করার প্রয়োজন থেকে সুগন্ধি ব্যবহারের প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে।

গ্লাভসের ব্যবসা থেকে সুগন্ধিশিল্প

আরও পড়ুন: চীনকে কোণঠাসা করতে ভারত ও যুক্তরাষ্ট্রের চুক্তি

গ্রাসের সুগন্ধিশিল্পের বিকাশ নিয়ে ফরাসি রানি ক্যাথরিন দ্য মেডিচির নামও আলোচনায় আসে। প্রচলিত একটি গল্প অনুযায়ী, ইতালীয় প্রভাব ও ফরাসি রাজদরবারের ফ্যাশনের মাধ্যমে সুগন্ধি মাখানো গ্লাভসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তবে ক্যাথরিন দ্য মেডিচির গ্রাস সফর কিংবা শহরটির সুগন্ধিশিল্পের সূচনায় তার ভূমিকার বিষয়ে নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ নেই।

ফরাসি সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রাগোনার্ডের ইতিহাসবিষয়ক প্রকাশনায় চামড়ার দুর্গন্ধ দূর করতে ফুলের পাপড়ি ও প্রাণিজ চর্বি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গ্লাভসের স্তরের সঙ্গে ফুলের পাপড়ি রেখে সিল করা বাক্সে সংরক্ষণের একটি পদ্ধতিও প্রচলিত ছিল। ফরাসিতে এ পদ্ধতির নাম ‘মিজ আঁ ফ্ল্যর’। এতে ফুলের সুগন্ধ ধীরে ধীরে চামড়ায় ছড়িয়ে পড়ত।

সময়ের সঙ্গে সুগন্ধি মাখানো গ্লাভসের চাহিদা বাড়তে থাকে। একই সঙ্গে বাড়ে সুগন্ধি তৈরির কাঁচামালের প্রয়োজন। গ্রাসের অনুকূল আবহাওয়া, উর্বর মাটি ও পানির প্রাপ্যতা সুগন্ধি ফুলের চাষের জন্য সহায়ক ছিল। ফলে চামড়াশিল্পের পাশাপাশি সেখানে গড়ে উঠতে থাকে নতুন অর্থনৈতিক ক্ষেত্র।

সপ্তদশ শতকে জুঁই, গোলাপ, টিউবেরোজ ও কমলা ফুলসহ বিভিন্ন সুগন্ধি উদ্ভিদের চাষ বিস্তৃত হয়। ১৬১৪ সালে ফ্রান্সের রাজা ত্রয়োদশ লুই গ্লাভস নির্মাতা ও সুগন্ধি প্রস্তুতকারকদের সংগঠনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। পরে ১৭২৯ সালে গ্রাসের সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন আনুষ্ঠানিক মর্যাদা পায়।

আরও পড়ুন: হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন লাগল

তবে সময়ের সঙ্গে গ্লাভসের চেয়ে সুগন্ধি তৈরির ব্যবসা বেশি লাভজনক হয়ে ওঠে। চামড়াশিল্পে করের চাপ এবং বাজারের পরিবর্তনও এ রূপান্তরে ভূমিকা রাখে। ১৭৫৯ সালে সুগন্ধি প্রস্তুতকারকদের সংগঠন গ্লাভস নির্মাতাদের সংগঠন থেকে পৃথক হয়ে যায়। এরপর গ্রাসের অর্থনীতি ক্রমেই সুগন্ধিশিল্পনির্ভর হয়ে উঠতে থাকে।

ফুল থেকে সুগন্ধি তৈরির বিশেষ কৌশল

গ্রাসের পরিচিতি শুধু সুগন্ধি ফুল উৎপাদনের জন্য নয়, ফুল থেকে সুগন্ধি উপাদান সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার বিশেষ দক্ষতার জন্যও। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার সুগন্ধি প্রস্তুতকারকেরা বিভিন্ন ফুলের ঘ্রাণ, সংগ্রহের উপযুক্ত সময়, কাঁচামাল সংরক্ষণ এবং নির্যাস তৈরির কৌশল আয়ত্ত করেছেন।

ফুল থেকে সুগন্ধি উপাদান সংগ্রহে বাষ্পীয় পাতন, দ্রাবক ব্যবহার এবং এনফ্লুরাজসহ বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। এনফ্লুরাজ পদ্ধতিতে চর্বি ব্যবহার করে ফুলের সুগন্ধ শোষণ করা হয়। পরে সেই সুগন্ধি উপাদান আলাদা করে সংগ্রহ করা হয়।

আরও পড়ুন: কঙ্গোতে ছয় মাস পরও ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

বিশেষ করে জুঁই ও গোলাপের মতো ফুলের সুগন্ধ অক্ষুণ্ন রাখতে সংগ্রহের সময় এবং দ্রুত প্রক্রিয়াজাতকরণ গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা প্রয়োজন।

এ ছাড়া গ্রাসের সুগন্ধিশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পারফিউম কম্পোজিশন। বিভিন্ন সুগন্ধি উপাদানের বৈশিষ্ট্য ও অনুপাত বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ পারফিউম তৈরি করেন সুগন্ধি বিশেষজ্ঞরা। একটি পারফিউমে হেড নোট, হার্ট নোট ও বেস নোটের সমন্বয়ে তৈরি হয় স্বতন্ত্র ঘ্রাণ।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে গ্রাসের সুনাম

ঊনবিংশ শতকে শিল্পায়নের সঙ্গে গ্রাসের পারফিউমশিল্প আরও বড় পরিসর পায়। স্থানীয় ফুলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সুগন্ধি তৈরির কাঁচামাল সংগ্রহ শুরু করেন শহরটির ব্যবসায়ীরা। প্রাকৃতিক সুগন্ধি উপাদান প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গ্রাস।

আরও পড়ুন: ইরানের প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান

বিংশ শতকের প্রথমার্ধে শহরটির সুগন্ধিশিল্প সবচেয়ে সমৃদ্ধ সময় পার করে। তখন স্থানীয়ভাবে উৎপাদিত ফুল ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিপুল পরিমাণ সুগন্ধি কাঁচামাল তৈরি হতো।

তবে ষাটের দশক থেকে পরিস্থিতি বদলাতে থাকে। আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানগুলো গ্রাসের বিভিন্ন কারখানা অধিগ্রহণ করে। একই সময়ে কৃত্রিম সুগন্ধি উপাদানের ব্যবহার বাড়তে থাকায় প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভরতা কমে যায়। অন্যদিকে নগরায়ণের কারণে ফুল চাষের জমিও সংকুচিত হতে থাকে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় জুঁইসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সুগন্ধি ফুলের চাষ মিসর ও দক্ষিণ ভারতের মতো অঞ্চলে স্থানান্তরিত হয়। ফলে ফুল উৎপাদনে একসময় বিশ্বজুড়ে পরিচিত গ্রাস পিছিয়ে পড়ে। তবে সুগন্ধি তৈরির ঐতিহ্য ও দক্ষতা হারায়নি শহরটি।

আবারও বড় প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কেন্দ্রে গ্রাস

আরও পড়ুন: সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

ফুল উৎপাদনে আগের অবস্থান না থাকলেও গ্রাসের গুরুত্ব কমেনি। বরং প্রাকৃতিক সুগন্ধি উপাদান, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং গবেষণার দক্ষতার কারণে শহরটি আবারও বড় প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

২০২৬ সালের ২৬ মে ফরাসি সংবাদমাধ্যম বুরসোরামায় প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে গ্রাসের সুগন্ধিশিল্পের নতুন উত্থানের চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রাসের পারফিউমশিল্পে বর্তমানে প্রায় ৪ হাজার ৬০০ মানুষ কাজ করছেন। বিংশ শতকের শুরুর দিকে শহরটিতে বছরে প্রায় ৩ হাজার টন সেন্টিফোলিয়া গোলাপ উৎপাদিত হতো। ২০১১ সালে সেই উৎপাদন কমে দাঁড়ায় মাত্র ৫৯ টনে। তবে বর্তমানে তা বেড়ে বছরে প্রায় ১২০ টনে পৌঁছেছে।

ফুলের চাষ বাড়াতে ২০১৮ সালে স্থানীয় কর্তৃপক্ষ আরও ৭০ হেক্টর জমি সংরক্ষণ করে। সুইস প্রতিষ্ঠান ডিএসএম-ফিরমেনিখ সেখানে প্রাকৃতিক সুগন্ধি উপাদান উন্নয়নের কারখানা স্থাপন করেছে, যেখানে কাজ করেন প্রায় ২৫০ জন। আইএফএফ গ্রাসে তাদের কার্যালয় সম্প্রসারণ করেছে। অন্যদিকে জিভোদাঁ সেখানে নতুন উদ্ভাবনকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে।

এ ছাড়া রবার্তে ও মানের মতো প্রতিষ্ঠানও গ্রাসের সুগন্ধিশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রাকৃতিক উপাদান সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং সুগন্ধি তৈরির গবেষণা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিশ্বের বিখ্যাত পারফিউমেও গ্রাসের ফুল

গ্রাসের নামের সঙ্গে বিশ্বের বেশ কিছু বিখ্যাত পারফিউমের সম্পর্ক রয়েছে। তবে কোনো পারফিউম গ্রাসে তৈরি হওয়া এবং কোনো পারফিউমে গ্রাসের ফুল বা সুগন্ধি উপাদান ব্যবহার করা এক বিষয় নয়।

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ডিওরের বিখ্যাত পারফিউম ‘জাদোর’ এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। ডিওরের ওয়েবসাইট অনুযায়ী, এই পারফিউম তৈরিতে গ্রাসের জেসমিন গ্র্যান্ডিফ্লোরাম ব্যবহার করা হয়। মিসরের জুঁইয়ের সঙ্গে এই ফুলের ঘ্রাণ মিলিয়ে তৈরি করা হয়েছে পারফিউমটির সমৃদ্ধ ফুলেল বৈশিষ্ট্য।

বিশ্বের অন্যতম পরিচিত পারফিউম ‘শ্যানেল নং ৫’-এর সঙ্গেও গ্রাসের ফুলের সম্পর্ক রয়েছে। ১৯২১ সালে বাজারে আসা এই ঐতিহাসিক পারফিউমে জুঁই ও গোলাপের মতো ফুলেল উপাদান রয়েছে।

শ্যানেলের নিজস্ব প্রকাশনা অনুযায়ী, গ্রাসের মুল পরিবারের সঙ্গে ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি অংশীদারত্ব রয়েছে। শুরুতে জুঁই দিয়ে এই সম্পর্কের সূচনা হলেও বর্তমানে পরিবারটি শ্যানেলকে জুঁই, টিউবেরোজ, আইরিস, গোলাপ ও জেরানিয়ামের মতো পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। মুল পরিবার ছয় প্রজন্ম ধরে গ্রাসের কাছে ফুল চাষ করছে।

এ ছাড়া ১৯৩০ সালে বাজারে আসা জঁ পাটো ব্র্যান্ডের বিখ্যাত পারফিউম ‘জয়’-এও জুঁই ও গোলাপের সমন্বয় রয়েছে। একসময় এটিকে বিশ্বের সবচেয়ে দামি পারফিউমগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো।

শত বছরের পারফিউম হাউস

গ্রাসে রয়েছে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী পারফিউম হাউস। এর মধ্যে উল্লেখযোগ্য-

ফ্রাগোনার্ড: ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সুগন্ধির মধ্যে রয়েছে বেল দ্য নুই, এতোয়াল, ফ্রিভোল ও লেয়ার দ্য গ্রাস।

মলিনার: ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সবচেয়ে পরিচিত সৃষ্টি ‘হাবানিতা’। ১৯২১ সালে বাজারে আসা এই পারফিউমকে প্রাথমিক যুগের ওরিয়েন্টাল ঘরানার গুরুত্বপূর্ণ সুগন্ধিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

গালিমার: ১৭৪৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান গ্রাসের প্রাচীনতম পারফিউম হাউসগুলোর একটি। রাজদরবারের জন্য সুগন্ধি ও প্রসাধনী তৈরির ইতিহাস রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের নিজস্ব স্টুডিওতে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী পারফিউম তৈরির সুযোগও পান।

সুগন্ধির ইতিহাস সংরক্ষণে জাদুঘর

গ্রাসের সুগন্ধিশিল্পের ইতিহাস সংরক্ষণে রয়েছে আন্তর্জাতিক পারফিউম জাদুঘর। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে প্রায় ৫০ হাজার নিদর্শন। পারফিউমের ইতিহাস, প্রাচীন সুগন্ধির বোতল, সুগন্ধি তৈরির সরঞ্জাম এবং শিল্পটির বিবর্তন সম্পর্কে এখানে জানা যায়।

শহরটির সুগন্ধি তৈরির ঐতিহ্য শুধু জাদুঘর কিংবা কারখানায় সীমাবদ্ধ নয়। ২০১৮ সালের ২৮ নভেম্বর গ্রাস অঞ্চলের সুগন্ধি তৈরির ঐতিহ্যকে মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেসকো।

এই স্বীকৃতিতে গুরুত্ব পেয়েছে তিনটি বিষয় সুগন্ধি উদ্ভিদের চাষ, প্রাকৃতিক কাঁচামাল সম্পর্কে জ্ঞান ও সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং সুগন্ধি তৈরির শিল্প। অন্তত ষোড়শ শতক থেকে চলে আসা এই জ্ঞান ও দক্ষতা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়েছে।

চামড়ার দুর্গন্ধ দূর করার প্রয়োজন থেকে যে সুগন্ধির ব্যবহার শুরু হয়েছিল, কয়েক শতাব্দীর ব্যবধানে সেটিই গ্রাসকে বিশ্বজুড়ে ‘পারফিউমের রাজধানী’ হিসেবে পরিচিতি দিয়েছে। সময়ের সঙ্গে ফুল উৎপাদনের ধরন, প্রযুক্তি ও বাজার বদলেছে। কিন্তু সুগন্ধি তৈরির ঐতিহ্য, কারুশিল্প ও গবেষণার দক্ষতার কারণে গ্রাস আজও বিশ্ব পারফিউমশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি বজায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি বজায়

গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চল সম্পূর্ণ শান্ত অবস্থায় রয়েছে এবং উৎপাদন চলছে পুরোদমে। আইনশৃঙ্খলা রক্ষায় ১৩ প্লাটুন বিজিবি এবং ৬ প্লাটুন আনসার সদস্যসহ বিভিন্ন সংস্থা মাঠে উপস্থিত রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত গাজীপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করার কথা জানিয়েছেন একাধিক শিল্প কারখানা কর্তৃপক্ষ। তবে সকালের দিকে কোনাবাড়ি এলাকায় কিছু গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশ তাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ জানিয়েছে যে, কারখানাগুলোতে উৎপাদন শান্তিপূর্ণভাবে অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন আনসার সদস্য, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানের মুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ পাকিস্তানিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


ইমরান খানের মুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ পাকিস্তানিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকানদের একটি অংশ। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়া অনেক ভোটার এবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থন থেকে সরে ডেমোক্র্যাট প্রার্থীদের দিকে ঝুঁকেছেন।

তাদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প ক্ষমতায় এলেও পরে তিনি সেই অবস্থান থেকে সরে গেছেন। বরং পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। পাকিস্তানি-আমেরিকানদের হতাশা শুধু ইমরান খানের মুক্তির বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি, সামরিক নেতৃত্বের ভূমিকা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ ৮০ হাজার ছিল। তাদের একটি বড় অংশ মিশিগান ও পেনসিলভানিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে বসবাস করে। ফলে সংখ্যায় তুলনামূলক কম হলেও এসব অঙ্গরাজ্যের নির্বাচনে তাদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ভার্জিনিয়ার অষ্টম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বাসিন্দা ও করপোরেট ফাইন্যান্স পেশাজীবী সৈয়দ আলী মিডল ইস্ট আইকে জানিয়েছেন, ২০২৪ সালে তিনি রিপাবলিকান প্রার্থীদের ভোট দিয়েছিলেন। কিন্তু এবার তিনি ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন এবং ‘রিপাবলিকান নন’—এমন প্রার্থীদের ভোট দিয়েছেন।

আলীর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ক্ষমতায় আসার আগে পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইমরান খানের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফিলিস্তিন ও ইরান ইস্যুতে ইমরান খানের অবস্থানও তার কারাবন্দি থাকার রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে তার বক্তব্য ব্যক্তিগত মূল্যায়ন, প্রতিষ্ঠিত তথ্য নয়।

ইমরান খানের কারাবাস যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূতদের মধ্যে রাজনৈতিক সংহতির বিষয়ে পরিণত হয়েছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, তৎকালীন বাইডেন প্রশাসন পাকিস্তানের সামরিক বাহিনী ও বিরোধী দলগুলোর সঙ্গে যোগসাজশ করে তার সরকার উৎখাতে ভূমিকা রেখেছিল।

পরবর্তী সময়ে বাইডেন প্রশাসনের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের প্রতি সমর্থন অনেক পাকিস্তানি-আমেরিকানকে ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের দিকে ঝুঁকতে উৎসাহিত করেছিল। কিন্তু এবার সেই সমর্থনে ভাঙন দেখা গেছে।

ভার্জিনিয়ার একাদশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বাসিন্দা ও ব্যবস্থাপনা পেশাজীবী নাভিন শেখ বলেছেন, ইমরান খানের কারণেই তিনি ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। আবার এবার তার কারণেই ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।

শেখ জানান, ইমরান খানের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা উচ্চপর্যায়ে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি। পাশাপাশি দুটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এবং তেলের দাম বেড়ে যাওয়াও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এবার তিনি ডেমোক্র্যাট প্রার্থী জেমস ওয়াকিনশকে ভোট দিয়েছেন। তবে সিনেটর হিসেবে নির্বাচিত মার্ক ওয়ার্নারকে ভোট দেননি।

ট্রাম্পের পাকিস্তাননীতি পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উঠে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তার রাজনৈতিক বলয়ের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ইমরান খানের মুক্তির পক্ষে কথা বলেছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশেষ দূত রিচার্ড গ্রেনেল ও রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন। তাঁরা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনাও করেছিলেন।

কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছরের সামরিক উত্তেজনার পর পরিস্থিতি বদলে যায়। ওই সময় মুনিরের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এমনকি তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়। ট্রাম্প তাকে নিজের ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলেও উল্লেখ করেন। পাকিস্তানি-আমেরিকানদের অনেকের কাছে এই ঘনিষ্ঠতা ইমরান খানের মুক্তির বিষয়ে ট্রাম্পের আগের অবস্থান থেকে সরে আসার প্রতীক হয়ে ওঠে।

কমিউনিটি অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিএপিজে) প্রতিষ্ঠাতা সদস্য মেহলাকা সামধানি বলেন, পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্টের মতো প্রস্তাবগুলোও শেষ পর্যন্ত পাকিস্তানের শাসকগোষ্ঠীর ওপর চাপ সৃষ্টির কৌশল ছিল বলে অনেকে মনে করছেন। ফলে রিপাবলিকানদের প্রতি তাঁদের আস্থা কমেছে।

২০২৫ সালের শুরুর দিকে কংগ্রেসম্যান জো উইলসন উত্থাপিত ওই প্রস্তাবে ইমরান খানের কারাবাস ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানের নেতৃত্বের কয়েকজন সদস্য, এমনকি মুনিরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল। তবে প্রতিনিধি পরিষদের সংশ্লিষ্ট কমিটিগুলো প্রস্তাবটি নিয়ে কোনো আলোচনা করেনি।

এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদের রুলস কমিটির রিপাবলিকান সদস্যরা জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনে দুটি সংশোধনী আটকে দেন। ওই সংশোধনীতে মানবাধিকার পরিস্থিতির উন্নতির সঙ্গে পাকিস্তানকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার শর্ত যুক্ত করার প্রস্তাব ছিল। ডেমোক্র্যাটরা সংশোধনীগুলোর পক্ষে ছিলেন।

পাকিস্তানি-আমেরিকানদের প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটি সংগঠন এবার মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচার, তহবিল সংগ্রহ ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে পাকিস্তানি-আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (পাকপ্যাক ইউএসএ), ফার্স্ট পাকিস্তান গ্লোবাল এবং কমিউনিটি অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিস। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব সংগঠনের অনেকেই ২০২৪ সালে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিল।

পাকপ্যাক বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন দিয়েছে। তাদের মধ্যে মিশিগানের আবদুল আল-সাইয়েদ ও টেক্সাসের জেমস তালারিকো রয়েছেন। তবে কোনো রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেয়নি সংগঠনটি।

ফার্স্ট পাকিস্তান গ্লোবালের যোগাযোগ পরিচালক ও চিকিৎসক জুবিয়া চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের পাকিস্তাননীতি মূলত মার্কিন সেন্ট্রাল কমান্ড ও সিআইএ নির্ধারণ করে। এ ক্ষেত্রে পররাষ্ট্র দপ্তরেরও ভূমিকা রয়েছে। তাই রাতারাতি এ নীতি পরিবর্তন করা সহজ নয়। নতুন কংগ্রেসের মাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও নিষেধাজ্ঞার দাবি তোলা তাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হবে।

মুসলিম ভোটারদের মধ্যেও অসন্তোষ

ট্রাম্পের প্রতি অসন্তোষ শুধু পাকিস্তানি বংশোদ্ভূত ভোটারদের মধ্যে সীমাবদ্ধ নেই। মুসলিম সম্প্রদায়ের রক্ষণশীল অংশের মধ্যেও তার প্রশাসনের প্রতি হতাশা তৈরি হয়েছে। সামাজিক মূল্যবোধের মিল থাকায় কয়েক দশক ধরে রিপাবলিকানদের ভোট দিয়ে আসা কিছু রক্ষণশীল মুসলিম এবার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন।

পাকপ্যাকের ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া শাখার সভাপতি জুনাইদ খান বলেন, রিপাবলিকানদের মুসলিমবিদ্বেষ, বিদেশিদের প্রতি বিদ্বেষ এবং বর্ণবাদী মনোভাবের কারণে এ সম্প্রদায়ের মানুষ বামপন্থি বা ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছেন। মুসলিম পরিচয়ের ওপর আঘাত এতটাই বেড়েছে যে অদূর ভবিষ্যতে এ সম্প্রদায়ের মানুষকে আবার রিপাবলিকানদের সমর্থনে ফিরিয়ে আনা কঠিন হবে।

জুনাইদ নিজেও একজন রিপাবলিকান। ইমরান খানের গণতন্ত্র ও আইনের শাসনের লড়াই তাকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছিল। তবে এখন তিনি ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

ট্রাম্পের পাকিস্তাননীতি নিয়ে অসন্তোষ পাকিস্তানি-আমেরিকানদের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশীয় ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক গবেষক হুসেইন নাদিম বলেন, এসব সম্প্রদায় রাজনৈতিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত; আলাদা কোনো গোষ্ঠী হিসেবে কাজ করে না।

তিনি উল্লেখ করেন, সিলিকন ভ্যালিতে ইমরান খানের সমর্থনে আয়োজিত অন্যতম বড় বিক্ষোভের আয়োজন করেছিলেন ভারতীয়রা। ক্রিকেটের কারণে ইমরান খানের প্রতি তাদেরও বিশেষ আগ্রহ রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্বের প্রতি ট্রাম্পের সমর্থন এবং একটি উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার আশঙ্কা তাদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। নাদিমের মতে, এসব বিষয় ট্রাম্প প্রশাসনের প্রতি দক্ষিণ এশীয় ও মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর অসন্তোষকে আরও বাড়িয়ে দিয়েছে।

ইমরান খানের মুক্তি নিয়ে প্রতিশ্রুতি পূরণ না হওয়া, পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা এবং মুসলিমবিরোধী বক্তব্যের অভিযোগ—এসব বিষয় পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ভোটারদের একটি অংশের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে যুক্তরাষ্ট্রে পাকিস্তানি বংশোদ্ভূত ভোটারদের সামগ্রিক ভোটের কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়নি। ফলে এই পরিবর্তনের প্রকৃত ব্যাপ্তি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দফতরির ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দফতরির ৫ বছরের কারাদণ্ড

যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আদালত একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) একেএম হাসানুর রহমান আসাদ।

এর আগে রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শিহাবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের পুত্র। বর্তমানে তিনি কারাগারে অবস্থান করছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইফুল দীর্ঘ সময় ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে তিনি ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জাপটে ধরেন এবং চুমু দেন।

ঘটনাটি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে জানালে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীও সুমনের বিরুদ্ধে একই ধরনের অসদাচরণের অভিযোগ করেন। পরে সুমন বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীসহ অন্যান্য ছাত্রীদের মুখ না খোলার জন্য হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবার ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর বাবা ওই বছরের ১ অক্টোবর শার্শা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে শার্শা গোড়পাড়া ক্যাম্পের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের পর সুমনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরী করার উদ্দেশ্যে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভা গঠনের অনুমোদন প্রদান করা হয়েছে। পাশাপাশি, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের অনুমোদনও দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই প্রস্তাবগুলো অনুমোদিত হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে।

এছাড়া, বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।

অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদনও প্রদান করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সাথে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করার অনুমোদনও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%