০৮:১৭ পি.এম
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের বাজেট বরাদ্দে শিক্ষাখাতে বর্তমান সরকার অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের আতাশুর প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত
আমানউল্লাহ আমান আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু শিক্ষার হার বৃদ্ধি নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা। সে লক্ষ্যেই শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, স্কুলড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।
আমানউল্লাহ আমান বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলী বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন