ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণ


চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণ

 নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। অষ্টম বর্ষে পর্দাপণ উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্তি সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, প্রখ্যাত কবি ও গবেষক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, চাঁদপুরের সাহিত্য অঙ্গন অনেক শক্তিশালী। চর্যাপদের এবারের পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা দেখে আমি বুঝতে পেরেছি, কতটা নিখুতভাবে এখানে পুরস্কার প্রদান করা হয়। তিনি আরো বলেন, সাধারণত আমাদের দেশের সাহিত্য অঙ্গনের মানুষগুলোর মধ্যে রাজনৈতিক বাড়াবাড়ির কারণে চর্চার জায়গাটা দিন দিন নিরস হয়ে পড়ছে। এই সংকট কাটিয়ে ওঠা জরুরি। সম্মানিত অতিথির বক্তৃতা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। অনুষ্ঠানে দেশের ৬ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬। কবিতায় রহমান হেনরী, কথা সাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুলের হাতে ২০২৫-এর পুরস্কার এবং কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার, নাটকে মোস্তফা কামাল যাত্রার হাতে ২০২৬-এর চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া নারী শিক্ষার উন্নয়ন ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাড. আলেয়া বেগম লাকী। একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন আহ্বায়ক শিউলী মজুমদার। প্রশংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ। কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি এবং রাসেল ইব্রাহীমসহ অনেকে। দিলীপ ঘোষের হাওয়াইন গিটার, বেলাল শেখের বাঁশি ও বাচিক শিল্পীদের আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন জেলার লেখক ও শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আমাদের চাঁদপুর শহর। অনুষ্ঠানে শতাধিক লেখক, শিল্পী ও সমাজকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, ৩০০ গাছ রোপণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, ৩০০ গাছ রোপণ

একটি ভিন্ন বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। তিনি ৩০তম জন্মদিন উপলক্ষে বিশ্বঐতিহ্য সুন্দরবনে রোপণ করেছেন ৩০০টি গাছ।

৮ জুলাই তিনি প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন। তার মতে, এই উদ্যোগ ব্যক্তিগত আনন্দের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি ঘটাচ্ছে।

চমকের বক্তব্য অনুযায়ী, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল। এটি শুধুমাত্র সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার প্রতীকও।

চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের কাছাকাছি থাকা যতটা সম্ভব, জীবন ততটাই সুন্দর। এক সময় শহরের ইট-পাথর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরে আসবে, জীবন তত অর্থবহ হবে।’

সুন্দরবনের আয়তনের হ্রাস ও বন্যপ্রাণীর নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরেছেন চমক। তিনি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টার গুরুত্ব প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার কাছে বিদায়ের পর দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


আর্জেন্টিনার কাছে বিদায়ের পর দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিসর

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মিসর জাতীয় ফুটবল দল দেশে ফিরে এসেছে। দেশে ফিরে মোহাম্মদ সালাহসহ অন্যান্য খেলোয়াড়দেরকে একটি ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবারের শেষ ষোলো ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মিসর দলের পক্ষ থেকে রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তবে আয়োজকদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশে ফেরার পর মিসর দলের বিমানটি আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের পাশে শত শত সমর্থক খেলোয়াড়দের স্বাগত জানান।

পরে জাতীয় দলের ফুটবলাররা একটি ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন। সেই সময় তারা উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনায় গ্রেফতার ১৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনায় গ্রেফতার ১৮

বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলা চালানোর জন্য ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যা ঘটেছে পুলিশী নির্যাতনে গ্রেফতার হওয়া আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ার পর। হামলার ফলে ভাঙচুর, লুটপাট এবং পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেছেন, হামলার পর থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ দেখে হামলায় অংশগ্রহণকারী অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের কাছে চুরি, মাদকসহ একাধিক মামলার আসামি ফুল্লশী গ্রামের রিয়াজ ফকিরকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত সিসিটিভির ফুটেজে দেখা গেছে, থানার হাজতখানায় থাকা অবস্থায় রিয়াজ নিজেই দেয়ালের সাথে মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিকেলে কয়েক শতাধিক মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে পড়ে।

এ সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশের ছয়জন সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়। গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসানও আহত হয়েছেন।

অন্যদিকে সংঘর্ষে রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮), মমতাজ বেগমসহ (৪৭) অন্তত ছয়জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও মা নাছরিন বেগম অভিযোগ করেছেন, তাদের ছেলেকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে এবং এ মারধরের কারণে রিয়াজের মৃত্যু হয়েছে বলে এলাকায় দাবি ছড়িয়ে পড়ে।

তবে মৃত্যুর খবরটি গুজব বলে দাবি করেছেন থানার ওসি এবং তিনি জানিয়েছেন রিয়াজ নিজেই থানার হাজতের দেয়ালে মাথায় আঘাত করে আহত হয়েছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সাদিও মানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সাদিও মানে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেনেগাল। সেই হতাশার মুহূর্তে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও জনপ্রিয় ফরোয়ার্ড সাদিও মানে।

সেনেগালের সংবাদমাধ্যম লে কোটিডিয়েন-এ একটি বিবৃতির মাধ্যমে ৩৪ বছর বয়সী মানে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। এইভাবে তিনি ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

সেনেগালের জাতীয় দলের জার্সিতে মানে মোট ১৩০টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের আফ্রিকান কাপ অব নেশনস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই তারকা দীর্ঘ সময় ইংলিশ ক্লাব লিভারপুলের অংশ ছিলেন এবং এর আগে ফ্রান্সের ক্লাব এফসি মেটজের হয়ে নিজের পেশাদার ক্যারিয়ারের সূচনা করেন।

নিজ দেশের জার্সিতে দীর্ঘ পথচলার সমাপ্তি টানতে গিয়ে মানে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘জেনে রাখুন, আমি এই পতাকার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি। আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি এবং আমাদের মাতৃভূমির জন্য সবসময় জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%