ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে স্নাতকে ভর্তি হতে চান ইউপি সদস্য আমিনুল ইসলাম


৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে স্নাতকে ভর্তি হতে চান ইউপি সদস্য আমিনুল ইসলাম

এক ইউপি সদস্য ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। বয়স, সংসার কিংবা জনপ্রতিনিধির দায়িত্ব— কোনো কিছুই তাকে শিক্ষার পথে বাধা দিতে পারেনি। তার অদম্য শেখার ইচ্ছাই তাকে এই সাফল্য এনে দিয়েছে।

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৩ পেয়ে উত্তীর্ণ হওয়া ইউপি সদস্যের নাম আমিনুল ইসলাম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে আনন্দের পরিবেশ তৈরি হয়। অনেকের কাছে তিনি নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

আমিনুল ইসলাম ১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর জীবনের প্রয়োজনীয়তার কারণে দীর্ঘ সময় পড়াশোনার সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংসার ও কর্মজীবনের ব্যস্ততায় আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসা হয়নি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের নিরাপত্তায় বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের দুই দিন অনলাইন ক্লাসের দাবি

তবে, তার মনে উচ্চশিক্ষার স্বপ্নটি বেঁচে ছিল। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শিক্ষার প্রয়োজনীয়তা আরো গভীরভাবে উপলব্ধি করেন। সেই উপলব্ধি থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর শুরু হয় নতুন করে শিক্ষাজীবনের পথচলা।

আমিনুল ইসলাম বলেন, ‘১৯৯৯ সালে এসএসসি পাসের পর জীবন ও জীবিকার তাগিদে আর শিক্ষাজীবনে ফেরা হয়নি। গত নির্বাচনে মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হই। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় শিক্ষার অভাবের বিষয়টি অনুধাবন করি। তখন নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার ইচ্ছা জাগে।’

তিনি আরও বলেন, ‘শেখার কোনো বয়স নেই। সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতাম। নিয়মিত চেষ্টা ও অধ্যবসায়ের ফলেই এই সাফল্য এসেছে।’

তিনি জানান, সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করবেন।

আরও পড়ুন: যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে আব্দুল্লাহ আল ফাহিম ও আব্দুল্লাহ আল হাসিব

আমিনুল ইসলামের এই সাফল্যে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ‘এটি শুধু আমিনুল ইসলামের অর্জন নয়, আমাদের ইউনিয়ন পরিষদের জন্যও গর্বের।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় কাজ। একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করে ভালো ফলাফল করা বর্তমান সমাজের জন্য দৃষ্টান্ত।’

এমই

আরও পড়ুন: জাবিতে পরিচালক নিয়োগের প্রতিবাদে রেজিস্ট্রার ভবনে তালা, উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিসের প্রধান আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ নভেম্বর) ভোরে বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বগুড়ার এই বর্ষীয়ান সাংবাদিকের আকস্মিক প্রয়াণে স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে তাঁর বাসভবনে গিয়ে সমবেদনা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ জানিয়েছেন, বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর দক্ষিণ বগুড়া গোরস্থান ভাইপাগলা মাজারে তাঁকে দাফন করা হবে।

আবুল কালাম আজাদ দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিসের প্রধান এবং বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন এবং বিএফইউজের কাউন্সিলর ছিলেন।

সততা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলিতে অনন্য এই সাংবাদিকের গ্রামের বাড়ি ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহি এলাকায়। তবে তিনি পরিবার নিয়ে বগুড়া মহানগরের সূত্রাপুর এলাকার রিয়াজকালী লেনে বসবাস করতেন। তাঁর একমাত্র মেয়ে মাঈশা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং ছেলে জারিফ বর্তমানে বগুড়া জিলা স্কুলে অধ্যয়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবকের এমন আকস্মিক বিদায়ে স্বজনদের মাঝে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আবদুর রহমান টুলু, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু এবং বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মামুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৪০৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৪০৫ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ ঘণ্টার মধ্যে ৪০৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৪ জন, উত্তরা বিভাগ থেকে ২০ জন, রমনা বিভাগ থেকে ১৭ জন, ডিবি থেকে ৬ জন এবং এসআরইউ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি জোটের প্রতিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি জোটের প্রতিহতের দাবি

ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলাটি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এই দাবি করেছেন।

এর আগে, ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সেনাবাহিনী জানায় যে, গত ২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ১ হাজার ২৭২টি সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে প্রায় ৫০০ হুথি যোদ্ধা ও ফিল্ড কমান্ডার হতাহত হওয়ার দাবি করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি জানান, এসব অভিযানে হুথিদের ১৬৯টি যানবাহন, সামরিক সরঞ্জাম ও ভারী অস্ত্র ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রদান করেননি।

সূত্র: আল জাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার রাস্তায় আবু বকরকে ছেড়ে দেওয়ার পরামর্শ, জয় কী বললেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


ঢাকার রাস্তায় আবু বকরকে ছেড়ে দেওয়ার পরামর্শ, জয় কী বললেন?

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর আবু বকর চরিত্রটি পর্দায় আদর্শ স্বামী হিসেবে দর্শকদের মন জয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রটির প্রতি যখন প্রশংসা ও উচ্ছ্বাস চলছে, তখন বাংলাদেশের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ভিন্ন এক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি বলেছেন, আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে বোঝা যেত, তিনি বাস্তবে কতটা ধৈর্যশীল!

জয় সম্প্রতি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘পাকিস্তানের নাটকের জনপ্রিয় চরিত্র আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে সে কতটা ধৈর্যশীল এবং ভালো তার পরীক্ষা হয়ে যেত। ক্যামেরার সামনে তো ভালোর অভিনয় করাই যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।’

জয়ের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, ঢাকার চিরচেনা যানজট এবং ব্যস্ত সড়কের পরিস্থিতির সঙ্গে আবু বকরের ধৈর্যের বিষয়টি মিলিয়েই তিনি এমন মন্তব্য করেছেন। পর্দায় একজন আদর্শ মানুষের পরিচয় দেওয়া এবং বাস্তব জীবনের প্রতিকূল পরিস্থিতিতে সেই আদর্শ ধরে রাখা যে এক বিষয় নয়, সে দিকেই ইঙ্গিত করেছেন জয়।

‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। চরিত্রটির ব্যক্তিত্ব, আচরণ, ধৈর্য এবং স্ত্রীকে ঘিরে দায়িত্বশীল মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে।

অনেক নারী আবু বকরের চরিত্রে যে গুণগুলো দেখতে চান, সেগুলোর প্রতিফলন তারা খুঁজে পাচ্ছেন। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাকে ‘জাতীয় ক্রাশ’ বলেও আখ্যা দিচ্ছেন।

ধারাবাহিকটির গল্পের নানা বাঁক, চরিত্রগুলোর আচরণ এবং অভিনয়শিল্পীদের পোশাক ও সাজসজ্জা নিয়েও দর্শকদের মধ্যে চলছে আলোচনা। সম্প্রতি ‘জারিয়াবের নিকাহ’র সাজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আবু বকরকে নিয়ে দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে আলোচনায়। পর্দায় ধৈর্যশীল ও আদর্শ স্বামী হিসেবে দর্শকের মন জয় করা সহজ, কিন্তু বাস্তব জীবনের চাপ, বিশেষ করে ঢাকার যানজটের মতো পরিস্থিতিতে সেই ধৈর্য ধরে রাখা কতটা কঠিন—তার বক্তব্যে উঠে এসেছে সেই প্রশ্ন।

অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন শাহরিয়ার নাজিম জয়। এবার পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রকে ঘিরে তার এই মন্তব্যও দর্শক-নেটিজেনদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%