০৩:৩৫ পি.এম
সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যা পশ্চিম সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার, জেলে ও বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্ক বন্ধের দাবিতে অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা ১১টায় উপজেলার ভেটখালী বাজার চত্বরে নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার শত শত জেলে ও বাওয়ালি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা মন্তব্য করেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবিকা ও জীবনের অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণসহ বনজ সম্পদ সংগ্রহ করে এখানকার হাজারো পরিবার তাদের জীবনযাপন করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ এবং মুক্তিপণ আদায়ের আতঙ্কে জেলে-বাওয়ালিরা বর্তমানে সুন্দরবনে যেতে চরম নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। এর ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পরিবারগুলো গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
আরও পড়ুন: দেশের সেবায় প্রকৌশলী হতে চায় কালকিনির মেধাবী শিক্ষার্থী সূর্য
বক্তারা আরো বলেন, জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া জেলেদের জীবন নিরাপদ না থাকলে উপকূলীয় মানুষের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই সুন্দরবনকে স্থায়ীভাবে বনদস্যুমুক্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও জোরালো অভিযান পরিচালনা করা প্রয়োজন। তারা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ, নির্বিঘ্নে মাছ-কাঁকড়া আহরণ এবং জীবন-জীবিকার পূর্ণ নিরাপত্তার দাবি জানান। বক্তারা উল্লেখ করেন, সুন্দরবন শুধুমাত্র বনজ সম্পদের আধার নয়, বরং উপকূলীয় মানুষের বেঁচে থাকার প্রধান সম্বল। তাই বন রক্ষার পাশাপাশি বননির্ভর এই মানুষগুলোর জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নাগরিক সমাজের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহিদুজ্জামান সহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলম, রমজাননগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং রমজাননগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে জনসেবায় আলোচনায় দুই বিএনপি নেতা সোহেল-রুবেল
সাধারণ জেলেদের পক্ষে বক্তব্য দেন সফিকুল ইসলাম ও আব্দুল গনি (টাইগার গনি)।
মানববন্ধন চলাকালে ‘মুক্তিপণের আতঙ্ক বন্ধ করো’, ‘ভয় নয়, নিরাপত্তা চাই’, ‘দস্যুমুক্ত সুন্দরবন চাই’ এবং ‘জেলে-বনজীবীদের নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’—এমন বিভিন্ন স্লোগানে ভেটখালী বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে।
এমএইচ
আরও পড়ুন: চাঁদপুরায় মৎস্যজীবী দলের নেতা আলিম সরদারকে মারধরের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন