০৪:৫৫ পি.এম
‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা ভাগ্যশ্রী নব্বইয়ের দশকের সেই মিষ্টি মুখের নায়িকা, যিনি আজও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি, অভিনেত্রী নিজের বিয়ের সময়কার একটি মজার স্মৃতি শেয়ার করেছেন।
ভাগ্যশ্রী জানিয়েছেন, বিয়ের মেহেন্দি যাতে হাত থেকে পুরোপুরি মুছে না যায়, সেজন্য তিনি বিশেষ যত্ন নিয়েছিলেন এক বছর ধরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মজার তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেন, বিয়ের সাজ বা শাড়ির চেয়ে তাঁর কাছে হাতে মেহেন্দির রং ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বিয়ের পরও তিনি দীর্ঘ এক বছর ধরে হাতের মেহেন্দির রং ফিকে হতে দেননি।
আরও পড়ুন: দেবী ও পুলিশ কর্মকর্তা, দুই রূপে নয়নতারা ‘মুকুথি আম্মান ২’-এ
মেহেন্দি স্থায়ী নয়, সময়ের সঙ্গে হাতের রং হালকা হয়ে আসতে থাকে। তখনই আবার মেহেন্দি লাগিয়ে নিতেন ভাগ্যশ্রী। যদিও মেহেন্দি আঁকার শিল্পী কাছে না থাকলেও এতে তাঁর আগ্রহ কমেনি।
ভাগ্যশ্রী নিজেই মেহেন্দির বাটি নিয়ে বসে যেতেন। এমনকি টুথপিক ব্যবহার করে নিজের হাতেই মেহেন্দি এঁকে নিতেন। এভাবেই তিনি প্রায় এক বছর ধরে হাতের মেহেন্দির রং ধরে রাখার চেষ্টা করেছিলেন।
ভাগ্যশ্রীর ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। ১৯৯০ সালে ব্যবসায়ী ও প্রযোজক হিমালয় দাসানিকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই সন্তান রয়েছে—অভিমন্যু দাসানি ও অবন্তিকা দাসানি।
অভিমন্যু অভিনয় করেছেন ‘মর্দ কো দরদ নেহি হোতা’ ছবিতে এবং অবন্তিকা অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘মিথ্যা’-য়।
আরও পড়ুন: মেতেছেন সিঁদুর খেলায়, কণ্ঠে কোয়েল মল্লিকের মন খারাপের সুর
অভিনয় থেকে অনেকটা দূরে থাকলেও ভাগ্যশ্রী মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানা গল্প ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বিয়ের মেহেন্দি নিয়ে তাঁর এই মজার স্মৃতিও এখন নতুন করে আলোচনায় এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন