ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত


চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত

উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের কারণে ৩৬ দিনের দীর্ঘ অচলাবস্থার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন বর্ষের ক্লাস ও পরীক্ষা ধাপে ধাপে শুরু হয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এখনো অনিশ্চয়তা কাটেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পানিসম্পদ কৌশল বিভাগ ছাড়া অন্যান্য সব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের (লেভেল-২, টার্ম-২) চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়। ওই দিন বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করা হলে শিক্ষার্থীরা তার পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন। তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেন, যার ফলে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর থেকে ধাপে ধাপে বিভিন্ন বর্ষের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়। পূর্ববর্তী একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৪ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরেও তারা ক্লাসে ফিরতে পারেননি।

আরও পড়ুন: শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

এদিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে কথা বলে জানা গেছে, কিছু বিভাগ আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে ক্লাস শুরু করার পরিকল্পনা করছে।

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর জানান, শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরু করার জন্য তার কাছে আবেদন করেছেন। এ প্রেক্ষিতে তিনি অন্যান্য বিভাগের প্রধানদের সাথে আলোচনা করে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মুঠোফোনে যোগাযোগ করার সময় সরাসরি দেখা করার কথা বলেন।

যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ডিনের সাথে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে ক্লাস শুরুর কথা থাকলেও উত্তরবঙ্গসহ দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের সুবিধা এবং অন্যান্য বিভাগের সাথে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনা করে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জবিতে ভর্তির আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরাও

পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক জানান, পুরকৌশল বিভাগে আগামী রোববার (১৫ নভেম্বর) ক্লাস শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তার কাছে আবেদন জমা দিয়েছে। এ বিষয়ে বিভাগে একটি মিটিং অনুষ্ঠিত হবে। মিটিংয়ে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ জানান, স্বাভাবিক নিয়মে রেজিস্ট্রেশন ছাড়া ক্লাস নেওয়া সম্ভব নয়। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় রেজিস্ট্রার ও উপাচার্য সংক্রান্ত কিছু বিষয় জড়িত থাকায়, ডিনদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রসেনজিৎ দাশ জানান, শিক্ষার্থীরা আবেদন করায় তিনি তা ডিন অফিসে ফরওয়ার্ড করেছেন। পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে রবিবার থেকে ক্লাস শুরু করা যেতে পারে বলে ডিন অফিস থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

এ বিষয়ে বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুনুর রশিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, ২৩ ব্যাচ থেকে আবেদন করা হয়েছে। আজ (১১ নভেম্বর) তাদের মিটিং করার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে ক্লাস শুরু হতে পারে।

স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী জানান, আগামী সপ্তাহে লেভেল-২, টার্ম-২ এর ফলাফল প্রকাশ করা হবে। তৃতীয় বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের জন্য উপাচার্যের অনুমোদন প্রয়োজন, তবে এ বিষয়ে তার কাছে কোনো নির্দেশনা নেই। এ ব্যাপারে তিনি স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেই বলে তিনি জানান।

এদিকে আগামী ১৭ নভেম্বর থেকে পানিসম্পদ কৌশল বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের লেভেল-২, টার্ম-২ অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নতুন ই-বুক ও ই-জার্নাল চালু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী এবং ইরানপন্থি হুথিদের মধ্যে সংঘর্ষ চলছে। দেশটির পশ্চিমা স্বীকৃত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক হামলার ফলে অন্তত ১৯০ জন হুথি যোদ্ধা হতাহত হয়েছেন।

সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, লাহিজ, তায়েজ, মারিব, আল-জাওফ, হাজ্জাহ এবং আল-বায়দা প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলাগুলি পরিচালিত হয়। এতে ২৯টি বিমান হামলা, ৩৯টি ড্রোন হামলা, ৬২টি রকেট নিক্ষেপ এবং ৭৪৪টি গোলাবর্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, হামলায় হুথিদের ১৩০টি যানবাহন এবং সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে, এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, পাল্টা হামলায় সরকারি বাহিনীর অনেক সদস্য হতাহত হওয়ার দাবি করেছে হুথিরাও। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেন, সৌদি সমর্থিত বাহিনীর হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোড়া রিয়াদ অভিমুখী দুটি এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হুথিরা রিয়াদ ও দেশের পূর্বাঞ্চলের আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে ইয়েমেনে সংঘাত আরো তীব্র হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে সংঘাতে অন্তত ১ হাজার ৭৭১ জন নিহত এবং ৭ হাজার ৯৫৯ জন আহত হয়েছে। ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংহের মধ্যে দলবদল, হার্দিক পাঞ্জাবে, আর্শদীপ মুম্বাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংহের মধ্যে দলবদল, হার্দিক পাঞ্জাবে, আর্শদীপ মুম্বাইয়ে

নিলামের আগে আইপিএলের দলবদলে এসেছে একটি বড় চমক! ‘বিনিময় প্রথায়’ নতুন ঠিকানা পেয়েছেন হার্দিক পান্ডিয়া এবং আর্শদীপ সিংহ। নেতৃত্বে থাকা হার্দিককে মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে দিয়েছে। তার পরিবর্তে পাঞ্জাব কিংসের বোলিং আক্রমণের অন্যতম ভরসা আর্শদীপকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।

আইপিএল ২০২৭ সামনে রেখে দুই দলের মধ্যে খেলোয়াড় অদলবদল সম্পন্ন হয়েছে। এই চুক্তির অধীনে পাঞ্জাবে যোগ দেওয়া হার্দিকের পারিশ্রমিক ১৬ কোটি ৩৫ লাখ থেকে বেড়ে ১৮ কোটি রুপি হয়েছে। অন্যদিকে, আর্শদীপ মুম্বাইয়ে আগের পারিশ্রমিকেই, ১৮ কোটি রুপি নিয়েই যোগ দিচ্ছেন।

হার্দিক ২০২৪ সাল থেকে মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন। ৩৩ বছর বয়সী অলরাউন্ডারের বিদায়ের ফলে আগামী মৌসুমের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। ২০১৫ সালে মুম্বাই দিয়েই আইপিএলে তার অভিষেক হয়েছিল। পরে গুজরাট টাইটানসের অধিনায়কত্ব করে ২০২২ ও ২০২৩ মৌসুমে খেলেছেন। ২০২৪ সালে আবার মুম্বাইয়ে ফিরে আসেন। তবে ‘ঘরে’ ফেরাটা তার জন্য সুখকর হয়নি। সব মিলিয়ে তিনি পাঁচবার আইপিএল জিতেছেন। মুম্বাইয়ের চারবার বিপরীতে গুজরাটের হয়ে একবার।

অন্যদিকে, ২০১৯ সালে আইপিএলে অভিষেক ঘটে আর্শদীপের। তিনি শুরু থেকেই পাঞ্জাবের হয়ে খেলছেন। ৮ মৌসুমে ৯৬ ম্যাচ খেলে ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারের নামের পাশে রয়েছে ১১১টি উইকেট। এটি ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট। মুম্বাইয়ে জাসপ্রীত বুমরাহর সঙ্গে এবার তার জুটি দেখার অপেক্ষায় রয়েছে সবাই।

হার্দিকের বিদায়ের আগে মুম্বাইয়ের কোচিংয়ে আসছে পরিবর্তন। মাহেলা জয়াবর্ধন সরে যাওয়ার পর প্রধান কোচ হয়েছেন কাইরন পোলার্ড। এছাড়া ব্যাটিং কোচ হয়েছেন রবিন উথাপ্পা। আর বোলিং কোচ মিচেল ম্যাকক্লেঘানের পরিবর্তে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টি দিলীপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


বাকৃবির স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি’র (এসভিএসএএইচ) নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।
 
বুধবার (১১ নভেম্বর) বাকৃবির শিক্ষক কমপ্লেক্সে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবির মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন। 
 
কৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খানসহ ভেটেরিনারি ও পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।
 
নুষ্ঠানে উপাচার্য দুই অনুষদকে একত্রে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রিকে শিক্ষা-গবেষণায় এগিয়ে নেয়ার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০২৮ সালের জুন মাস পর্যন্ত ডিন হিসেবে দায়িত্ব পালনকালে নতুন এই স্কুলের পথচলাকে সফল, সুন্দর ও অর্থবহ করে তুলতে আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ও দোয়া একান্তভাবে কামনা করছি। সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমেই আমরা এই নতুন প্রতিষ্ঠানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও গাজায় ধ্বংসস্তূপে চিকিৎসক-প্রকৌশলী তৈরি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


যুদ্ধের মধ্যেও গাজায় ধ্বংসস্তূপে চিকিৎসক-প্রকৌশলী তৈরি হচ্ছে

বোমায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির—এমন কঠিন পরিস্থিতির মধ্যেও গাজার শিক্ষার্থীদের পথচলা অব্যাহত রয়েছে। কেউ হাসপাতালের জরুরি বিভাগে আহতদের সেবা দিতে গিয়ে চিকিৎসক হয়েছেন, কেউ তাঁবুতে বসে অনলাইনে পড়াশোনা শেষ করেছেন। আবার কেউ ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে হাতে তুলে নিয়েছেন স্নাতকের সনদ। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও গাজার বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক শিক্ষার্থীকে স্নাতক করে চলেছে।

যুদ্ধ মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে ঘরবাড়ি, স্বজন, নিরাপত্তা ও স্বাভাবিক জীবন। কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও কিছু মানুষের স্বপ্ন বেঁচে থাকে। গাজার শিক্ষার্থীদের গল্প যেন তারই বাস্তব উদাহরণ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি হামলা শুরু হওয়ার পর গাজার শিক্ষাব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ভবন ধ্বংস হয়, শ্রেণিকক্ষ ও গবেষণাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিদ্যুৎ ও ইন্টারনেটের অভাবে অনলাইন ক্লাস করাও কঠিন হয়ে ওঠে। অনেক শিক্ষার্থীকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। কেউ হারিয়েছেন পরিবারের সদস্য, কেউ নিজের বাড়ি।

তবুও তাদের পড়াশোনা থেমে থাকেনি। বরং যুদ্ধের মধ্যেই চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে গেছেন তারা।

ধ্বংসপ্রাপ্ত আল-শিফার সামনে ১৬৮ চিকিৎসকের সমাবর্তন

গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত আল-শিফা হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক স্নাতক অনুষ্ঠান। সেখানে ফিলিস্তিনি বোর্ডের অধীনে বিশেষায়িত চিকিৎসাশিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করা ১৬৮ চিকিৎসককে সনদ দেওয়া হয়।

দুই বছর ধরে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও ভয়াবহ সংকটের মধ্যে পড়াশোনা এবং পরীক্ষা শেষ করেছিলেন এসব চিকিৎসক। একই সময়ে তাদের অনেকেই গাজার হাসপাতালগুলোতে টানা চিকিৎসাসেবা দিয়েছেন। কেউ নিজেও আহত হয়েছেন, কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার কারো পরিবারের সদস্য নিহত হয়েছেন। চিকিৎসকদের এই দলের নাম দেওয়া হয়েছিল ‘হিউম্যানিটি কোহর্ট’ বা মানবতার ব্যাচ। অনুষ্ঠানে যুদ্ধের মধ্যে নিহত স্বাস্থ্যকর্মীদের স্মরণে তাদের ছবি রাখা খালি চেয়ারও সাজানো হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রিশ অনুষ্ঠানটিকে বর্ণনা করেন বোমাবর্ষণ ও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা এক অর্জন হিসেবে। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াও বলেন, স্বাস্থ্য অবকাঠামো ধ্বংসের মধ্য দিয়ে ফিলিস্তিনের মানবসম্পদ ধ্বংসের চেষ্টা হলেও তা সফল হয়নি।

এক অনুষ্ঠানে ২৩০ নতুন চিকিৎসক

২০২৬ সালের ৩ জানুয়ারি আল-শিফা হাসপাতালের প্রাঙ্গণেই আরো একটি বড় সমাবর্তন অনুষ্ঠিত হয়। আল-আজহার বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ২৩০ জন মেডিকেল শিক্ষার্থী চিকিৎসক হিসেবে স্নাতক হন। ‘ফিনিক্স ব্যাচ ২০২৫’ নামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে এমন আয়োজন ছিল তাদের কাছে বিশেষ আবেগের।

স্নাতক হওয়া শিক্ষার্থীদের অনেকে যুদ্ধের সময় পরিবারের সদস্য হারিয়েছেন। তাদের একজন এজেদ্দিন লুলু হারিয়েছিলেন পরিবারের ২০ সদস্যকে। আরেক শিক্ষার্থী রাগাদ হাসুনা বলেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ানোর প্রতীক হিসেবেই তাদের ব্যাচের এই নাম দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত আল-শিফা হাসপাতালের প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে শিক্ষার্থীদের স্নাতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের সেপ্টেম্বরে আরো ১২৭ চিকিৎসক

গাজার চিকিৎসাশিক্ষা কার্যক্রম যে এখনো অব্যাহত রয়েছে, তার আরেকটি প্রমাণ পাওয়া যায় ২০২৬ সালের সেপ্টেম্বরে। ইউরোপে ফিলিস্তিনি চিকিৎসকদের সংগঠন প্যালমেড ইউরোপের ১ অক্টোবর প্রকাশিত তথ্যমতে, ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার আরও ১২৭ জন মেডিকেল শিক্ষার্থী ১৪ সেপ্টেম্বর তাদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন করেন। এটি ছিল ‘গাজা এডুকেট মেডিকস’ উদ্যোগের সহায়তায় বিশ্ববিদ্যালয়টির তৃতীয় স্নাতক ব্যাচ।

প্যালমেড এক বিবৃতিতে জানায়, গাজার স্বাস্থ্যব্যবস্থা যখন নজিরবিহীন সংকটের মুখে, তখন নতুন চিকিৎসক তৈরি করা ও তাদের ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও হাসপাতালভিত্তিক প্রশিক্ষণে সহযোগিতা দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত গাজার চিকিৎসাশিক্ষায় ধারাবাহিকভাবে নতুন চিকিৎসক যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যুদ্ধের মধ্যেই হাসপাতালের দায়িত্ব সামলেছেন শিক্ষার্থীরা

গাজার মেডিকেল শিক্ষার্থীদের গল্প শুধু স্নাতক হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের অনেকেই পড়াশোনার পাশাপাশি যুদ্ধের সময় সরাসরি হাসপাতালের চিকিৎসাসেবায় অংশ নিয়েছেন। আলজাজিরার ১৫ নভেম্বর ২০২৫-এর এক প্রতিবেদনে তুলে ধরা হয় মেডিকেল শিক্ষার্থী ইমান আইয়াদের কথা। ইসলামিক ইউনিভার্সিটিতে চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা করছিলেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়টি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তার শিক্ষা কার্যক্রম থেমে থাকেনি। পরবর্তী সময়ে আল-শিফা হাসপাতালে চিকিৎসাসেবা দিতে শুরু করেন তিনি। সেখানে অভিজ্ঞ চিকিৎসকের সংকটের মধ্যে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারে সহযোগিতা করেছেন। এক দিনে ১০ জন বা তারও বেশি রোগী সামলানোর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি। ইমানের ভাষায়, যুদ্ধ তাকে আরো অভিজ্ঞ ও দক্ষ করে তুলেছে। তবে এই অভিজ্ঞতা এসেছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে।

যুদ্ধের মধ্যে স্নাতক হলো আল-আকসা বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থী

শুধু চিকিৎসাশিক্ষা নয়, গাজার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুদ্ধের মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন। ২০২৫ সালের ৮ নভেম্বর আলজাজিরা জানায়, গাজার আল-আকসা বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থী যুদ্ধ শুরুর পর বিশ্ববিদ্যালয়টির প্রথম স্নাতক ব্যাচ হিসেবে সাফল্য উদ্‌যাপন করেছেন।

দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, ক্লাস ও পরীক্ষা ব্যাহত হওয়া এবং যুদ্ধের কারণে স্বাভাবিক শিক্ষাজীবন হারানোর পর তাঁদের এই অর্জন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীদের এই সাফল্য গাজার উচ্চশিক্ষাব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।

ধ্বংসস্তূপের মধ্যেই আবার খুলছে বিশ্ববিদ্যালয়ের দরজা

২০২৬ সালের ১৬ জানুয়ারি ফরাসি সংবাদমাধ্যম লে মঁদে গাজার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দুই বছরের যুদ্ধে গাজার বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ ক্যাম্পাস ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেলেও কয়েকটি প্রতিষ্ঠান সীমিত পরিসরে সরাসরি ক্লাস শুরু করেছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভাঙাচোরা শ্রেণিকক্ষ ও সীমিত সরঞ্জাম নিয়ে ক্লাস করছেন। কোথাও দেয়ালের পরিবর্তে নীল প্লাস্টিকের ত্রিপল টাঙিয়ে পাঠদান চলছে।

বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের শিক্ষার্থীদের অল্পসংখ্যক অবশিষ্ট চেয়ার ও চিকিৎসা সরঞ্জাম ভাগাভাগি করে ব্যবহার করতে হচ্ছে। কিছু সরঞ্জাম ভেঙে যাওয়ায় কাঠের টুকরা দিয়ে মেরামত করেও ব্যবহার করা হচ্ছে। ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ১৮টি ভবনের মধ্যে ১৪টি সম্পূর্ণ ধ্বংস এবং চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মেডিকেল অনুষদের ভবনও ধ্বংস হয়ে গেছে।

শিক্ষার্থীদের একাংশ অনলাইনে ক্লাস করেছেন। আবার তৃতীয় থেকে ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা গাজার হাসপাতালগুলোতেই ব্যবহারিক প্রশিক্ষণ চালিয়ে গেছেন। ফলে তাঁরা শুধু পড়াশোনা করেননি, চিকিৎসক সংকটে বিপর্যস্ত হাসপাতালগুলোতেও সহযোগিতা করেছেন।

তাঁবুতে বসে প্রকৌশলী হওয়ার স্বপ্ন

গাজার শিক্ষার্থীদের সংগ্রাম চিকিৎসাবিজ্ঞানের গণ্ডিতেও সীমাবদ্ধ নয়। প্রকৌশল ও প্রযুক্তিশিক্ষার শিক্ষার্থীরাও যুদ্ধের মধ্যে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেছেন। সরাসরি ক্লাস শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রকৌশল শিক্ষার্থী দানা আল-সুরানি। তার ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবন ও অস্থায়ী শ্রেণিকক্ষের মধ্যেও শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদান চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী ইনেস আল-আত্তার জানান, বাস্তুচ্যুত অবস্থায় তাঁবুতে বসেই তাকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। অনলাইনে পরীক্ষায় অংশ নেওয়া থেকে শুরু করে ক্লাসের প্রস্তুতি—সবকিছুই ছিল কঠিন।

বিশ্ববিদ্যালয়ে যেতে কখনো কখনো তাকে কয়েক ঘণ্টা যাতায়াত করতে হতো। রাস্তা ধ্বংস, যানবাহন ও জ্বালানির সংকটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগত। ইসলামিক ইউনিভার্সিটির মেডিকেল শিক্ষার্থী হামসা আল-বাবার বলেন, দীর্ঘদিনের যুদ্ধ ও বিচ্ছিন্নতার পর বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারা তাকে নতুন করে আশাবাদী করেছে।

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনই এখন বড় চ্যালেঞ্জ

যুদ্ধের মধ্যে শিক্ষার্থীদের এই সাফল্য আশাব্যঞ্জক হলেও গাজার শিক্ষাব্যবস্থার সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের ভবন, গবেষণাগার, গ্রন্থাগার ও চিকিৎসাশিক্ষার সরঞ্জাম পুনর্নির্মাণে প্রয়োজন বিপুল অর্থ ও আন্তর্জাতিক সহযোগিতা।

২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনে প্রকাশিত এবং জুনে সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় গাজার চিকিৎসাশিক্ষার সংকট তুলে ধরা হয়। গবেষণাটি মেডিসিন, কনফ্লিক্ট অ্যান্ড সারভাইভাল সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, যুদ্ধের আগে আল-আজহার ও ইসলামিক ইউনিভার্সিটিতে প্রায় আড়াই হাজার মেডিকেল শিক্ষার্থী পড়াশোনা করতেন। যুদ্ধের পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ-ইন্টারনেট সংকট, বাস্তুচ্যুতি এবং মানসিক চাপ তাদের শিক্ষাজীবনকে বিপর্যস্ত করেছে।

গবেষকদের মতে, অনলাইন শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা জোরদার করা জরুরি।

গাজার শিক্ষার্থীদের এসব গল্পের প্রতিটি আলাদা হলেও একটি জায়গায় তাদের মিল রয়েছে—ভয়াবহ প্রতিকূলতার মধ্যেও ভবিষ্যতের স্বপ্ন ছেড়ে দেননি তারা। ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের সামনে স্নাতকের সনদ হাতে দাঁড়ানো চিকিৎসক কিংবা তাঁবুতে বসে অনলাইনে ক্লাস করা শিক্ষার্থী—সবাই যেন একই বার্তা দিচ্ছেন, যুদ্ধ তাদের জীবনকে থামিয়ে দিতে পারলেও জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষাকে নিঃশেষ করতে পারেনি।

সূত্র: আল-আরাবি আল-জাদিদ, আলজাজিরা, রয়টার্স কানেক্ট, আনাদোলু এজেন্সি, প্যালমেড ইউরোপ ও লে মঁদে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%