ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম: ম্যাচ শেষে মেসি


ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম: ম্যাচ শেষে মেসি

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। তাঁর নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই মুহূর্তের পর মেসির মনে হয়েছিল, তাঁর পেনাল্টি মিসই হয়তো আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শেষ করে দেবে।

তবে শেষ পর্যন্ত ম্যাচের গল্পটা ছিল একেবারেই ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। দলের তিন গোলের একটির স্কোরার ছিলেন মেসি, আরেকটি গোলে ছিল তাঁর অ্যাসিস্ট।

তবুও ম্যাচ শেষে নিজের পেনাল্টি মিসের আক্ষেপ তিনি লুকাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সাংবাদিকদের তিনি বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি নিজের ওপর ভীষণ রেগে গিয়েছিলাম। যেভাবে শটটি নিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর মেসি বলেন, ‘২-০ গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসা কখনোই সহজ নয়। পরের রাউন্ডে উঠতে পেরে আমি খুব খুশি। বিশেষ করে যেভাবে আমরা ম্যাচে ফিরেছি, সেটি ছিল দারুণ রোমাঞ্চকর।’

এই ম্যাচে ইতিহাসও গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে দলটি।

দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে মেসি বলেন, ‘এই দলটি আবারও প্রমাণ করেছে, যা আমি বহুবার বলেছি। আমি জানি এই খেলোয়াড়রা কীভাবে কাজ করে। তারা লড়াই করতে জানে, বিশ্বাস ধরে রাখতে জানে। তাদের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য গর্বের। আমরা যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই লড়াই করতে প্রস্তুত।’

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পার্টি রক অ্যান্থেম’ গায়িকা লরেন বেনেটের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


‘পার্টি রক অ্যান্থেম’ গায়িকা লরেন বেনেটের মৃত্যু

বিশ্বখ্যাত পপ গান ‘পার্টি রক অ্যান্থেম’-এর কণ্ঠশিল্পী ব্রিটিশ গায়িকা লরেন বেনেট ৩৬ বছর বয়সে মারা গেছেন। সোমবার তার সাবেক মিউজিক্যাল গ্রুপ ‘জিআরএল’ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি প্রকাশ করেছে।

গ্রুপটি এক আবেগঘন বিবৃতিতে জানায়, তারা অত্যন্ত দুঃখের সঙ্গে তাদের প্রিয় লরেন বেনেটের চলে যাওয়ার খবরটি শেয়ার করছে। লরেনের মৃত্যুতে তাদের হৃদয় ভেঙে গেছে এবং তিনি তাদের কাছে কতটা মূল্যবান ছিলেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

বিবৃতিতে লরেনের সুন্দর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়, তিনি অনেকের জীবনকে স্পর্শ করেছিলেন এবং তিনি সব সময় সবার ভালোবাসায় বেঁচে থাকবেন।

তবে বিবৃতিতে লরেনের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। করোনার রেকর্ড অনুযায়ী, গত ২৯ মে ইংল্যান্ডের কেন্টের মেওপহামে এই শিল্পী শেষনিশ্বাস ত্যাগ করেন। আগামী অক্টোবর মাসে তার মৃত্যুর বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত (ইনকুয়েস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১১ সালে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এলএমএফএও-এর ‘পার্টি রক অ্যান্থেম’ গানটির জন্য লরেন বেনেট সবচেয়ে বেশি পরিচিতি পান। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষে টানা ছয় সপ্তাহ অবস্থান করা এই গানটিকে বিলবোর্ড সর্বকালের পঞ্চম সফলতম গান হিসেবে স্বীকৃতি দিয়েছে।

গানটির মিউজিক ভিডিওটিতে এলএমএফএও সদস্যদের সঙ্গে লরেনকে দেখা গেছে, যা ইউটিউবে ২৫০ কোটিরও বেশি দেখা হয়েছে। লরেনের সাবেক ব্যান্ডমেট আরিয়া ক্রেসেন্ডো ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, লরেন ছিলেন তার বোন এবং সবচেয়ে ভালো বন্ধু। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তাদের কথা হয়েছিল, কিন্তু সেটিই যে শেষ কথা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি।

লরেন বেনেটের ক্যারিয়ারের গ্রাফ ছিল বেশ বৈচিত্র্যময়। নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার রবিন অ্যান্টিনের তৈরি করা ‘প্যারাডাইসো গার্লস’ ব্যান্ডের মাধ্যমে তার পথচলা শুরু হয়েছিল, যা ছিল বিখ্যাত মার্কিন গার্ল গ্রুপ ‘দ্য পুসিক্যাট ডলস’-এর একটি ইউরোপীয় সংস্করণ। পরবর্তীতে ২০১৪ সালে তিনি ‘জিআরএল’ পপ গ্রুপে যোগ দেন। এই গ্রুপের হয়ে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘আগলি হার্ট’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

একই বছর বিখ্যাত র‍্যাপার পিটবুলের ‘ওয়াইল্ড ওয়াইল্ড লাভ’ গানেও তারা কণ্ঠ দেন। তবে ২০১৫ সালে ব্যান্ডের অন্যতম সদস্য সিমন ব্যাটেলের আত্মহত্যার পর গ্রুপটি ভেঙে গিয়েছিল। দলগত পারফরম্যান্সের পাশাপাশি লরেন এককভাবে ‘ডেট নাইট’ এবং ‘২১ জাম্প স্ট্রিট’ চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকেও কণ্ঠ দিয়েছিলেন।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বে আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বে আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে।

বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ সংশ্লিষ্ট তথ্য জানা গেছে। আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

এদিকে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)।

আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার (দূত) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৩ সালে এই পদ চালু হওয়ার পর তিনি প্রথম নারী হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পান আইরিন খান। তিনি প্রথম নারী হিসেবে সংস্থাটির নেতৃত্ব দেন। তার অধীনে অ্যামনেস্টি আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক ও নাগরিক অধিকার নিয়ে কাজ জোরদার করে। এর বাইরেও অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার বিষয়গুলো অ্যামনেস্টির কর্মসূচির অন্তর্ভুক্ত হয়। নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে অ্যামনেস্টির প্রথম বৈশ্বিক প্রচারণা তার হাতেই শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা

আগামী কিছু দিনের মধ্যে চট্টগ্রামসহ দেশের চার বিভাগের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই কারণে সেসব বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রভাবে প্রায় তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পরিমাণ নজিরবিহীন। মোটের ওপর চট্টগ্রাম এবং ময়মনসিংহে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

আজও দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির প্রবাহ আগামী শনিবার পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে ইতোমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু নদীর পানির স্তর বেড়ে গেছে। বৃষ্টির কারণে কিছু নদীর পানির পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এসব বিভাগে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানাচ্ছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা বান্দরবান এবং কক্সবাজার জেলাগুলোর বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এছাড়া ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়ির নদীগুলো কিছু অংশে বিপৎসীমার উপরে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি করতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর এবং ময়মনসিংহের নদীগুলোও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে। একই সময়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান মন্তব্য করেন, আকস্মিক বন্যার পরিস্থিতি তিন দিনের জন্য স্থায়ী হতে পারে। এর পরে, অর্থাৎ শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। একই সাথে সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার, ধরলা সহ বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলায় মাঠ মহড়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


শিবচরে ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলায় মাঠ মহড়া অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শীর্ষক একটি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

পদ্মা নদী তীরবর্তী জনপদের মানুষকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন ও প্রস্তুত করতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

এই মহড়া বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং এসডিএস-এর বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ায় আকস্মিক বন্যা, নদীভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয়, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করা হয়।

কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ ব্যাপারীর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা দুর্যোগের সময় দ্রুত সাড়া প্রদান, আগাম সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

মহড়ায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পদ্মা পাড়ের শতাধিক মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের বাস্তবধর্মী মহড়া দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%