ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ স্থগিত


সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফরম পূরণ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বিজ্ঞপ্তিতে সাত কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্যে বলা হয়েছে, "আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় উপাচার্যের ৩১/০৮/২০২৬ তারিখের আদেশ মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ (সাত) কলেজের ২৭ আগস্ট ২০২৬ তারিখের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ১৭৯৫/শা- ২(ক)/প, নং মেমোর মাধ্যমে প্রকাশিত ২০২৫ সনের অনার্স ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরমপূরণের চলমান কার্যক্রম স্থগিত করা হলো।"

এতে উল্লেখ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষদের বিষয়টি অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
 
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না, যার কারনে পরবর্তীতে আপনি বিপদের সম্মক্ষিন হতে পারেন বলে সতর্কবার্তা দিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান।
 
রবিবার (৩০শে আগষ্ট) তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এক পোষ্টের মাধ্যমে সকলের প্রতি এই সতর্কবার্তা প্রদান করেন।
 
তিনি উল্লেখ করেন, কেউ যদি আপনাদের কাছে জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড), সিগনেচার বা এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বা ব্যক্তিগত কাগজপত্র কোনো অজুহাতে চায় তাহলে যাচাই-বাছাই না করে কেউ'ই দিবেন না। আপনাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, স্বাক্ষরসহ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে পরবর্তীতে প্রতারণা বা ক্ষতি করার চেষ্টা হতে পারে, তাই সবাই সতর্ক থাকুন। নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। সরকারের যে কোন অনুদান সরকারের লোকদের মাধ্যমে আসবে এবং তা সরকারী লোকদের মাধ্যমেই গ্রহন করুন। 
 
পরিশেষে, সকলের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানান চেয়ারময়ান মাহবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


কৃষি ঋণে সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ঋণের জন্য সর্বোচ্চ সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই সুদের হার নির্ধারণ করা হয়েছে।

গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে সংশোধিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

নির্দেশনার অধীনে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা লাভ করবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।

 

শরীয়াহভিত্তিক অর্থায়নের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের বেশি হতে পারবে না।

ঋণের মেয়াদ খাত ও প্রকল্পভেদে নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট খাতে ঋণের সর্বোচ্চ মেয়াদ ১৮ মাস হবে, যার মধ্যে তিন মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে। অন্যদিকে, অন্যান্য নির্ধারিত খাত ও প্রকল্পে ঋণের মেয়াদ সর্বাধিক ৩৬ মাস এবং এ ক্ষেত্রে তিন থেকে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যাবে।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আসল এবং ৩ শতাংশ সুদ বা মুনাফা বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করবে।

যদি তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার না করা হয় অথবা গ্রাহকের কাছ থেকে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হয়, তবে সংশ্লিষ্ট অর্থের ওপর নির্ধারিত হারের অতিরিক্ত ২ শতাংশ সুদ বা মুনাফা ধার্য করে এককালীন আদায় করা হবে।

এছাড়া, গ্রাহক পর্যায়ে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের বিষয়টি জানাতে ব্যাংকের শাখার ভেতরে ও বাইরে দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন করতে হবে। পাশাপাশি, বিশেষ প্রচারণার মাধ্যমে এ রেয়াতি ঋণ সুবিধার বিষয়ে গ্রাহকদের অবহিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত নির্দেশনায় উল্লেখিত বিষয় ছাড়া আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার এক ফ্রেমে আতিফ আসলাম ও ইয়ুমনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


প্রথমবার এক ফ্রেমে আতিফ আসলাম ও ইয়ুমনা

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এই নতুন স্টুডিও অ্যালবামের নাম ‘সুবাহ আয়ে না’ যা বহু প্রতীক্ষিত।

 

এই অ্যালবামের একটি রোমান্টিক গান ‘হু ইশক মে’-এর মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন গায়ক আতিফ ও অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। সম্প্রতি গানটির নতুন কিছু ঝলক প্রকাশের পর এই জুটির অন-স্ক্রিন রসায়ন নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

আতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির একটি নতুন পোস্টার সম্প্রতি প্রকাশ করেছেন, যেখানে আতিফ ও ইয়ুমনাকে একটি স্পোর্টস কারের পাশে ছবি তুলতে দেখা যাচ্ছে। ‘হু ইশক মে’ মূলত একটি মিষ্টি রোমান্টিক সুরের গান।

 

গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ রঞ্জোধ এবং এর সঙ্গীতায়োজন করেছেন শিরাজ উপ্পাল। সাইফ হাসানের পরিচালনায় তৈরি এই ভিডিওতে অভিনেতা মুস্তাফা আফ্রিদিও অভিনয় করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে আতিফ আসলামের শেষ একক অ্যালবাম ‘মেরি কাহানি’ মুক্তি পেয়েছিল। দীর্ঘ সময় তিনি বিভিন্ন একক গান ও সিনেমার প্লেব্যাক নিয়ে ব্যস্ত থাকলেও কোনো পূর্ণাঙ্গ অ্যালবাম তৈরি করতে পারেননি।

 

ফলে ১৮ বছর পর প্রিয় শিল্পীর নতুন অ্যালবামের এই ঘোষণা আতিফ-ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ

অ্যাস্টন ভিলা থেকে ৭.৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ার পর এমিলিয়ানো মার্তিনেজ নতুন দলের জার্সিতে মাঠে নামেন। তবে তাঁর অভিষেকটি খুব একটা সুখকর হয়নি। ব্রাইটনের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি তিন গোল হজম করেন। তবুও, চেলসি শেষ পর্যন্ত ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে।

রোববার (৩০ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই চেলসি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটেই তারা এগিয়ে যায়। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন এবং ডিফেন্ডার মাতস উইফারের ভুলের সুযোগ নিয়ে কাছ থেকে গোল করেন রোমিও লাভিয়া। ২০২৩ সালে সাউদাম্পটন থেকে চেলসিতে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম গোল।

১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেতো। মর্গান রজার্সের দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো বল থেকে তিনি নিখুঁত ফিনিশিংয়ে ব্রাইটনের জালে বল পাঠান। এটি লিগে গত ডিসেম্বরের পর নেতোর প্রথম গোল।

৩২ মিনিটে চেলসির তৃতীয় গোলটি আসে জোয়াও পেদ্রোর পা থেকে। জোরেল হাটোর বাড়ানো বল নিয়ন্ত্রণ করে মাত্র ছয় গজ দূর থেকে ঠান্ডা মাথায় গোল করেন ব্রাইটনের সাবেক এই ফরোয়ার্ড। গোলের পর তিনি ব্রাইটন সমর্থকদের উদ্দেশে থাম্বস-ডাউন উদযাপন করেন।

তবে প্রথমার্ধের শেষের দিকে ব্রাইটন ম্যাচে ফিরে আসে। ৩৫ মিনিটে মার্তিনেজের প্রথম প্রচেষ্টা ঠেকানোর পর ফিরতি বল পেয়ে মালিক ইয়ালকুয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন। এতে ব্যবধান ৩-১ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬৩ মিনিটে পাসকাল গ্রসের শট জোয়াও পেদ্রোর গায়ে লেগে দিক পরিবর্তন করে মার্তিনেজকে পরাস্ত করে। ফলে ব্রাইটন ৩-২ গোলে ম্যাচে ফেরার সম্ভাবনা জোরালো করে।

তবে ৭৪ মিনিটে কোল পালমার চেলসির জন্য স্বস্তি ফিরিয়ে আনেন। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে তিনি গোল করে ব্যবধান ৪-২ করেন।

যোগ করা সময়ে গ্রস হেডে আরও একটি গোল করেন। কিন্তু ব্রাইটন সমতায় ফেরার মতো সময় পায়নি। শেষ পর্যন্ত চেলসি ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

জাবি আলোনসোর অধীনে চেলসির প্রথম তিন ম্যাচের মধ্যে এটি তৃতীয় জয়। ফুলহাম ও লুটনের পর এবার ব্রাইটনকেও হারাল ক্লাবটি। এই তিন ম্যাচে চেলসি মোট ৯ গোল করেছে। তবে রক্ষণভাগ নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। তিন ম্যাচে তারা চারবার প্রতিপক্ষের কাছে গোল হজম করেছে।

চেলসির সামনে এবার আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আগামী ৬ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মাঠে খেলবে আলোনসোর দল। গত মৌসুমে হতাশাজনকভাবে ১০ম স্থানে শেষ হওয়া চেলসিকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব পাওয়া সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন কোচের জন্য ম্যাচটি বড় পরীক্ষা হতে চলেছে।

এদিকে এনজো ফার্নান্দেজকে ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জনের মধ্যে তিনি টানা দ্বিতীয় ম্যাচে দলের বাইরে ছিলেন। মঙ্গলবার দলবদলের জানালা বন্ধ হওয়ার আগে আর্সেনালের বিপক্ষে আলোনসোর একাদশে তিনি থাকবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%