ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের দপ্তরে রুশ হামলা


ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটরের দপ্তরে রুশ হামলা

রাশিয়া কিয়েভস্টারের সদর দপ্তরে হামলা চালিয়েছে, যা ইউক্রেনের বৃহত্তম মোবাইলসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। রবিবার, ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। একই দিনে, দেশের বিভিন্ন ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার খবর পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিয়েভস্টার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর ভোডাফোন ইউক্রেনের একটি ডেটা সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে ভোডাফোন ইউক্রেন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রবিবার সকালে কিয়েভের একটি ডেটা সেন্টারে দুই দফা হামলা চালানো হয়। এতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন বলে তিনি জানান।

ইউক্রেনের ডিজিটাল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টারেও হামলা হয়েছে। এসব হামলার কারণে কিয়েভ ও আশপাশের এলাকায় প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তার দাবি, এর উদ্দেশ্য তথ্যপ্রবাহ ব্যাহত করা। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দ্রুত সতর্কবার্তা দেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে যোগাযোগ অবকাঠামো ও ডেটা সেন্টারগুলোতে হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে।

আরও পড়ুন: উত্তর প্রদেশে ‘অপারেশন ল্যাংড়া’: মুসলিমদের পঙ্গু করছে পুলিশ!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার নাটোর ও রাজশাহীর যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


সোমবার নাটোর ও রাজশাহীর যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোরের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। রবিবার (২৭ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন করার জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া এবং এর আশপাশের এলাকা।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, সোমবার রাজশাহীর বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সোমবার ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া, নামোপাড়া পর্যন্ত এলাকাগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১০টা পর্যন্ত মোট আড়াই ঘণ্টা এবং সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদী অধিকার এবং আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার জন্য সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর পানি ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের নদী অধিকার ও আন্তর্জাতিক পানির ন্যায্য বণ্টন’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশের অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকা নদীর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সুতরাং, নদী রক্ষা করা শুধুমাত্র পরিবেশের জন্য নয়, বরং এটি মানুষের জীবন ও ভবিষ্যতের জন্যও অপরিহার্য।

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা, সমতা, পারস্পরিক স্বার্থ এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতি অনুসরণ করা জরুরি। আন্তঃসীমান্ত নদীর পানি একক দেশের সম্পদ নয়। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে এসব নদীর পানিব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ, ন্যায্য হিস্যা ও দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কার্যকর এবং টেকসই সমঝোতায় পৌঁছানো প্রয়োজন। একই সঙ্গে তিস্তা নদীসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ তার যৌক্তিক দাবি অব্যাহত রাখবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক স্বার্থ, ন্যায্যতা ও আস্থার ওপর। অভিন্ন নদীর পানিব্যবস্থাপনায় নিয়মিত তথ্য বিনিময়, পূর্বাভাস, যৌথ গবেষণা এবং সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নদী দখল, দূষণ এবং অবৈধ স্থাপনা বন্ধের ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, নদীকে বাঁচাতে হলে নদীর স্বাভাবিক প্রবাহ এবং নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী দখল ও দূষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী পুনরুদ্ধারে সরকারি প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই পানি ও জলবায়ুজনিত ঝুঁকির মুখোমুখি হচ্ছে উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, এই বাস্তবতায় পানিসম্পদের সমন্বিত, বিজ্ঞানভিত্তিক এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নদী রক্ষা এবং পানির ন্যায্য বণ্টনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে এমন একটি পানিব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নদী থাকবে প্রাণবন্ত, মানুষ পাবে নিরাপদ ও ন্যায্য পানির অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের নদী ও জলসম্পদ সুরক্ষিত থাকবে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন এমপিও উপস্থিত ছিলেন।

সভায় বিশেষজ্ঞ আলোচকেরা বাংলাদেশের নদী, আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনা, নদী অধিকার, জলবায়ু পরিবর্তন এবং পানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন। পানি সম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিনে আল-আকসায় প্রবেশ করল এক হাজারের বেশি অবৈধ ই'স'রা'য়ে'লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


এক দিনে আল-আকসায় প্রবেশ করল এক হাজারের বেশি অবৈধ ই

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশের ঘটনা ঘটেছে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, সংবাদ মাধ্যম আলজাজিরা জানাচ্ছে, রবিবার ইহুদিদের সুক্কোট উৎসবের দ্বিতীয় দিনে এক হাজার ১৪৩ জন ইসরায়েলি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন।

ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় তারা ধারাবাহিকভাবে মাগরিবি গেট দিয়ে আল-আকসায় প্রবেশ করেন। এ সময় কিছু ইহুদি ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার পালন করেন। প্রাঙ্গণে উদ্ভিদজাত উৎসর্গ সামগ্রীও নিয়ে আসা হয় বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গভর্নরেটের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ঘটনা আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা লঙ্ঘনের ধারাবাহিকতার অংশ। চলতি মাসে মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পূর্বে উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ ওই স্থানের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পথ তৈরি করছে বলেও তিনি মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে মুক্তির এক মাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


জামিনে মুক্তির এক মাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী সরকার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তির এক মাস ১০ দিনের মাথায় মারা গেলেন সাংবাদিক আজহার আলী সরকার। তার বয়স ছিল ৫৭ বছর।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজহার আলী। তার অবস্থার অবনতি হলে, তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন তার স্ত্রী রোকসানা পারভীন।

রোকসানা পারভীন বলেন, ‘শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় বেলা ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার জন্য। তখনই রাস্তায় মারা গেছে।’

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজহার আলী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তার দুই ছেলে রয়েছে।

রবিবার আসরের নামাজের পর রাজধানীর বনশ্রীর আইডিয়াল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

আজহার আলী সরকারকে গত বছরের ১০ অক্টোবর ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরিবারের দাবি, ওই দিন সন্ধ্যায় ডিবির একটি দল বনশ্রীর বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পরদিন তাকে রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%