ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের আসামের গুয়াহাটির হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা


ভারতের আসামের গুয়াহাটির হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২৬ অক্টোবর) রাজ্যের রাজধানী গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যে বিরোধের কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, লিজগ্রহীতা হামলাটি চালিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: লুলার সামনে বিভক্ত ব্রাজিল ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত পিটিআইকে বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন এবং বাকি একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের লিজ চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে।

পুলিশ কমিশনার জানান, নিহত সবাই হোটেল মালিকের পরিচিত। লিজগ্রহীতা নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন।

ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। হামলার আগে ও পরে কী ঘটেছিল, সে বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম, বাড়তি সময় মিলবে না সকল ক্ষেত্রে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৬ এম


নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের মৃত্যু ঘটেছে।

হামলার পর ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায় হেলমেট পরা মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি। এ সময় তারা দুই রাউন্ড গুলিও ছোড়ে।

হামলাকারীদের হাত থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শাকিলের শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি তাকে। প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় হামলার পাঁচ দিন পর, ১৯ অক্টোবর, শাকিলের বাবা রবিউল করিম গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, মামলার আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

শাকিলের মৃত্যুর খবরে তার পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা জোটে ইরানের যোগদান নতুন নিরাপত্তা সমীকরণ নির্ধারণ করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ এম


মক্কা জোটে ইরানের যোগদান নতুন নিরাপত্তা সমীকরণ নির্ধারণ করবে

মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রক্রিয়ায় মক্কা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার বিষয়টি এর সাফল্য বা ব্যর্থতার উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার কোরের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তারিক খান।

সোমবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা জোটের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে তেহরানে ইরানি কর্মকর্তাদের বৈঠকটি কেবল কূটনৈতিক আলোচনা নয়। বরং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার জন্য চলমান প্রতিদ্বন্দ্বিতার একটি অংশ।

তারিক খান আরও বলেন, মক্কা জোট শেষ পর্যন্ত একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে, এই ধরনের কাঠামোয় ইরানের অন্তর্ভুক্তি এর সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করবে।

তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনায় ওই কাঠামোয় ইসরাইলের অবস্থান কী হবে এবং আঞ্চলিক দেশগুলো ইসরাইলের নীতিগুলো কতটা মেনে নিতে প্রস্তুত, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তারিক খানের ভাষায়, ‘প্রশ্নটি এখন আর শুধু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কীভাবে শেষ হবে, তা নিয়ে সীমাবদ্ধ নেই। বরং যুদ্ধের আগে যে আঞ্চলিক ব্যবস্থা ছিল, তার পরিবর্তে কেমন নতুন ব্যবস্থা গড়ে উঠবে, সেটিই এখন মূল প্রশ্ন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৭ এম


মোংলায় চোরাই মালামালসহ আটক দুই যুবকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাগেরহাটের মোংলায় চোরাই মালামালসহ স্থানীয় জনতার হাতে আটক দুই যুবককে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে। সোমবার সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাদের এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অপরজনের জন্য ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। জরিমানা অনাদায়ে উভয়কে আরো এক মাস করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার গভীর রাতে মোংলা পৌরসভার রিজেকশন গলি থেকে স্থানীয় বাসিন্দারা চোরাই মালামালসহ ওই দুই যুবককে আটক করেন। খবর পেয়ে মোংলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে আজ সোমবার তাদের আদালতে উপস্থাপন করা হলে আদালত দণ্ডাদেশ প্রদান করে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শাকিল হাওলাদার (২২), পিতা মো. শামীম হাওলাদার এবং মো. আবুল হোসেন (২৩), পিতা মো. আমজাদ হোসেন রয়েছেন।

আটক দুই যুবকের কাছ থেকে একটি গ্রেডিং মেশিন, একটি সেলাই রেঞ্চ, একটি মাঙ্কি রেঞ্চ, পাঁচটি এল-রেঞ্চ এবং ৪৮ ইঞ্চি লম্বা একটি ওয়েল্ডিং ক্যাবল জব্দ করা হয়েছে।

মাদক ও চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম মন্তব্য করেন, মোংলা ও রামপাল এলাকায় মাদক ব্যবসায়ী, চোর ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। তিনি বলেন, "অপরাধ করে কেউ পার পাবে না।" মাদক ব্যবসা, চুরি ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, চোরাই মালামালসহ আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের কঠোর অবস্থান ও সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে মোংলায় চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের আল-ফাও উপকূলে জাহাজে আগুন, নাবিকদের অবস্থা অজানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ এম


ইরাকের আল-ফাও উপকূলে জাহাজে আগুন, নাবিকদের অবস্থা অজানা

ইরাকের আল-ফাও উপকূলের ৬৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই তথ্যটি যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণ কেন্দ্র ইউকেএমটিও প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, তৃতীয় পক্ষের মাধ্যমে তারা জাহাজটিতে আগুন লাগার খবর পায়।

তবে, জাহাজটির নাবিকদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%