শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৩ পি.এম
সৌদি আরবের মদিনার সকল মসজিদে নারীদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আলাদা স্থান খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে, পূর্বে যেসব মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা শুধুমাত্র জুমা, রমজানের তারাবি, ঈদ বা হজ-ওমরাহর ব্যস্ত মৌসুমে চালু ছিল, সেসব জায়গা এখন নিয়মিতভাবে খোলা থাকবে।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ এই অনুমোদন প্রদান করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন নির্দেশনার আওতায়, মদিনার আবাসিক এলাকার মসজিদ এবং বড় জামাতের মসজিদগুলোতেও পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এর ফলে, মদিনায় কর্মরত, পর্যটক, ব্যবসা বা কেনাকাটার কাজে বের হওয়া অথবা ভ্রমণরত নারীরা বাড়িতে ফিরে না গিয়ে নিকটস্থ মসজিদে নামাজ আদায় করতে সক্ষম হবেন।
মদিনা অঞ্চলের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের শাখা নতুন এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করবে। নারীদের নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নারী মাঠকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মদিনার ঐতিহাসিক কিছু মসজিদে নারীদের নির্ধারিত স্থান তদারকি ও নিরাপত্তার জন্য ১১৫ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব মসজিদের মধ্যে সাইয়্যিদ আল-শুহাদা, কিবলাতাইন, খন্দক, গামামাহ, মুস্তারাহ এবং জুমআ মসজিদ অন্তর্ভুক্ত রয়েছে। তবে, নতুন সিদ্ধান্তটি মসজিদে নববীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা আগে থেকেই নিয়মিতভাবে চালু রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সি ব্লকে ১১ শয্যার নতুন আইসিইউ-১ ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
আজ (শনিবার) অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে বিএমইউর সি ব্লকে ১০ম তলায় ১১ শয্যা বিশিষ্ট আইসিইউ-১ ইউনিটের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
এ সময়ে তিনি সম্পন্ন হওয়া ৫টি কোর্সের ৮১ জন নার্সের মাঝে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ করেন।
অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, রোটারী ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে এফ এম সিদ্দিকী বলেন, একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা নির্ভর করে চিকিৎসক ও নার্সদের ওপরে। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে নার্সিং সেবার প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। রোগীদের প্রয়োজনেই এ ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং পেশা বিশ্বে একটি হাইস্কিলড ও নোবেল প্রফেশন। জ্ঞানে, প্রশিক্ষণে ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সরা যাতে রোগীদের সেবায় সবটুকু দিতে পারে সে লক্ষ্যে বিএমইউ প্রশাসন কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেওয়ার পর তার নামে কেউ কোনো স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না। এই কারণেই তিনি বর্তমানে বিভিন্ন স্থাপনা ও প্রকল্পে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়েছেন।
সম্প্রতি, ‘নিউইয়র্ক ম্যাগাজিন’-এর সাংবাদিক বেন টেরিসের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
৮০ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি চলে যাওয়ার পর অন্য কেউ তা করবেন না।
এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল, ‘এটা সত্যি। আমি চলে যাওয়ার পর কেউ তা করবে না। আমি যখন এখান থেকে চলে যাব, তখন কেউ করবে না।’
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটন ডিসিতে একাধিক বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন ট্রাম্প। এসব প্রকল্পের মধ্যে কয়েকটিতে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
হোয়াইট হাউসের পূর্ব পাশের উইং ভেঙে সেখানে বিশাল একটি বলরুম নির্মাণের কাজ চলছে। এ প্রকল্পে তার নাম থাকবে কি না, সে বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘থাকা উচিত।’ তবে তিনি নিশ্চিত নন যে, শেষ পর্যন্ত তা হবে কি না।
হোয়াইট হাউসের এই বলরুমের পাশাপাশি কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে পরিবর্তন আনা এবং নতুন নির্মাণ প্রকল্প নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ট্রাম্পের প্রশাসন জানাচ্ছে, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সংশ্লিষ্ট স্থাপনা জাতীয় নিরাপত্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পটির বৈধতা ও এর বিপুল ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে।
নিজের নাম ব্যবহারের প্রবণতা শুধুমাত্র স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচির নামেও ‘ট্রাম্প’ শব্দটি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’, ‘ট্রাম্পআরএক্স’ এবং ‘ট্রাম্প গোল্ড কার্ড’।
সূূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীর একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে নগরীর সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় অবস্থিত তাহফিজুল মিল্লাত মডেল মাদ্রাসায়।
শনিবার দুপুরে এই বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম বর্তমানে পাওয়া যাচ্ছে না।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদ্রাসায় গেলেও সেখানে পরিচালক শফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেছেন, বিষয়টি জানতে পেরে তিনি মাদ্রাসায় আসেন। সেখানে এসে তিনি কয়েকজন শিক্ষার্থীর পরিচালকের অনৈতিক আচরণের অভিযোগের কথা শোনেন। তিনি সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ওই অভিভাবক আরও বলেন, মাদ্রাসা ভবনের বাড়িওয়ালার সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। বাড়িওয়ালা দাবি করেছেন, পরিচালকের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যার মধ্যে তাকে উপস্থিত হতে বলেছেন। অন্যথায়, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন বাড়িওয়ালা।
মাদ্রাসার শিক্ষক মো. বায়জিদ মন্তব্য করেছেন, শিক্ষার্থীরা শিশু এবং অভিভাবকেরা তাদের শিক্ষার জন্য শিক্ষকদের ওপর আস্থা রেখে মাদ্রাসায় পাঠান। তিনি বলেন, "কোনো শিক্ষক অনৈতিক বা অনৈসলামিক আচরণ করলে তার নেতিবাচক প্রভাব শিশুদের ওপর পড়তে পারে।"
অভিযোগকারী এক শিক্ষার্থী জানায়, শিক্ষককে সম্মান করার কারণে এবং পরিবেশের কথা চিন্তা করে সে বিষয়টি প্রথমে কাউকে জানাতে সাহস পায়নি। অন্য এক শিক্ষার্থী অভিযোগ করে, এমন ঘটনার শিকার হলে তার মানসিকভাবে চরম বিপর্যস্ত লাগত।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা হিসেবে আসিফ হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
আসিফ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কারণ হিসেবে মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের কথা জানিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
তিনি জানান, হত্যাকাণ্ডের পর থেকেই বাঘারপাড়ার খাজুরা ক্যাম্প পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে আসিফ হোসেন ছাড়াও রাব্বি হোসেন (২০), মারুফ হোসেন (২৩) ও সামিনুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও ছোট আকৃতির একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের মূলহোতা আসিফ হোসেন শুক্রবার সন্ধ্যার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি মসজিদ কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট কোন্দলের জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পসংলগ্ন যশোর-মাগুরা মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান।
গ্রেফতার চারজনের মধ্যে সামিনুর ছাড়া বাকি তিনজনই মামলার এজাহারভুক্ত আসামি। রাব্বি হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ