০৮:৫২ পি.এম
বলিউডে গ্যাংস্টারদের হুমকি ও হামলার ঘটনা নিয়ে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে হত্যার হুমকি প্রদান করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গোল্ডি ঢিলন তার পোস্টে উল্লেখ করেছে যে, দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিং গ্রেফতার হলেও তাদের পরিকল্পনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সে দাবি করেছে, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে।
পোস্টটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলার জন্যও হুমকি প্রদান করা হয়েছে। বিশেষভাবে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়েছে, "বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না।" তবে এনডিটিভি এই পোস্টটির সত্যতা এবং এতে করা দাবিগুলোর বাস্তবতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুন: নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের ঘোষণা
এর আগে, দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। তাদের গ্রেফতারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনার পর বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা ঝুঁকির কারণে অমিতাভের নিয়মিত ভক্তদের সঙ্গে দেখা করার আয়োজনেও পরিবর্তন এসেছে। প্রতি সপ্তাহে তিনি বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন। তবে হুমকির ঘটনার পর গত ১ নভেম্বর বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের সঙ্গে দেখা দেন তিনি।
আরও পড়ুন: মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে, রেজিস্ট্রির তারিখও জানা গেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন