ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাগুরায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এসআই ছুরিকাঘাতে আহত


মাগুরায় মাদকবিরোধী অভিযানে পুলিশের এসআই ছুরিকাঘাতে আহত

মাদকবিরোধী অভিযানের সময় মাগুরা জেলার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে এক মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের এসআই রাকিবুল ইসলাম আহত হন। তবে, পুলিশ ওই মাদকসেবী এবং বিক্রেতা অপু নামের যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মাদক কেনাবেচার গোপন সংবাদে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে শাহেদ ইটভাটার সামনে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় তিনজন মাদক কেনাবেচাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ অপু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা

আটকের সময় মাদক ব্যবসায়ী অপু তার হাতে থাকা ছুরি দিয়ে এসআই রাকিবুল ইসলামের বাম হাতে আঘাত করে, ফলে তিনি জখম হন। অন্য দুজন পালিয়ে গেলেও অপুকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আহত এসআই রাকিবুলকে শালিখা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

আটক অপু হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ

আরও পড়ুন: মহেশপুরে শ্বশুরের বিরুদ্ধে জামাই আব্দুর রহমান হত্যার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুপ্ত ও ফ্যাসিস্টরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: হুইপ বকুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


গুপ্ত ও ফ্যাসিস্টরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: হুইপ বকুল

জাতীয় সংসদের হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল মন্তব্য করেছেন যে, গুপ্ত এবং ফ্যাসিস্টরা একত্রিত হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পার্শ্ববর্তী দেশে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

তিনি উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর ধরে রাজপথে থেকে এই চক্রান্তের মোকাবিলা করে আসছেন এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাড়ি ফিরেছেন। প্রয়োজনে আবারও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

বুধবার দুপুরে খুলনায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য নগরীর বিভিন্ন মন্দিরে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দিকনির্দেশনা দিতে মহানগর বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।

প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। শারদীয় দুর্গাপূজা সার্বজনীন রূপ ধারণ করেছে। ফলে সব ধর্মের মানুষের জনসমাগম ঘটছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য মন্দিরের আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপির স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে।

হুইপ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নতুন ধারার রাজনীতির সূচনা করেছেন এবং ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁর এই প্রচেষ্টার জন্য বয়োজ্যেষ্ঠরা মন্তব্য করেছেন যে, নতুন একজন জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে। কিন্তু পালিয়ে যাওয়া অপশক্তি দেশের উন্নয়ন বা মানুষের সুখ-শান্তি চায় না। এজন্য তারা নানা চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এবার দুর্গাপূজা সর্ববৃহৎ পরিসরে এবং জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে—এমন ঘোষণা দিয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা মহানগরের ৭৫টি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাজের তদারকি করা হবে এবং পূজা শেষে মূল্যায়ন সভা করে সেরাদের পুরস্কৃত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন। সূচনা বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন খুলনার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক। সাংগঠনিক সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, মাসুদ পারভেজ বাবু, ফখরুল আলম, সৈয়দা রেহানা ঈসা প্রমুখ।

সভাপতির বক্তব্যে শফিকুল আলম তুহিন জানান, ৩৩ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং নগরের ৭৫টি মণ্ডপের প্রত্যেকটিতে দুজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এ ছাড়া একটি মনিটরিং সেল খোলা হয়েছে, যা পূজা শেষ হওয়া পর্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে জেলা প্রশাসনের সঙ্গে কোরিয়ান প্রতিনিধিদলের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বাগেরহাটে জেলা প্রশাসনের সঙ্গে কোরিয়ান প্রতিনিধিদলের আলোচনা

বাগেরহাটের উন্নয়ন, নগর পরিকল্পনা, পরিবহন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক সচিব ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, কোরিয়ান প্রতিনিধি দলের সদস্য হাইয়ুম ডং সং ও জে কে মুন এবং বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাগেরহাটের নগর উন্নয়ন ও পরিকল্পনা, পরিবহন ও যোগাযোগব্যবস্থা, বিনিয়োগের সম্ভাবনা এবং পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জেলার উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় বাগেরহাটের বিদ্যমান উন্নয়ন সম্ভাবনা কাজে লাগানো, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কোরিয়ান প্রতিনিধি দলের এ সফরের মাধ্যমে বাগেরহাটের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পর্যটন ও নগর উন্নয়ন খাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জে ৫১ কৃষকের মাঝে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


জকিগঞ্জে ৫১ কৃষকের মাঝে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ

সিলেটের জকিগঞ্জে সাতটি ব্যাংকের মাধ্যমে ৫১ জন কৃষকের মধ্যে ৫৩ লাখ ১০ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।

জকিগঞ্জে সোনালী ব্যাংক পিএলসির নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার।

মানচিত্র দেখুন

সভাপতির বক্তব্যে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।’ তিনি জমি পতিত না রেখে চাষাবাদ করার আহ্বান জানিয়ে বলেন, এতে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকেরা স্বাবলম্বী হতে পারবেন।

বক্তারা জানান, মাত্র ১০ টাকা খরচে কৃষি হিসাব খুলে কৃষিঋণ নেওয়ার সুযোগ রয়েছে। জমির পর্চা, খাজনার কপি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও কৃষি কার্ড থাকলে ঋণের জন্য আবেদন করা যায়। জমির মালিক না হলেও বর্গাচাষিরা জমির মালিকের লিখিত প্রত্যয়ন নিয়ে ঋণ পেতে পারেন। তাঁরা আরও জানান, আবেদনের সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

কৃষকদের সুদখোর মহাজনের পরিবর্তে ব্যাংক থেকে ঋণ নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে এনজিও ও সমবায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বক্তারা বলেন, কৃষিঋণ কোনো প্রণোদনা বা ভাতা নয়, এটি পরিশোধযোগ্য ঋণ। তাই নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস সিলেট নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেটের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শাহীর।

এ ছাড়া বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুর্শেদ লস্কর, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপক প্রবীর দেবনাথ, জুলাই যোদ্ধা আব্দুল মালেক, কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন হৃদয় রঞ্জন বিশ্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত বান্দরবান ও পার্বত্য জেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত বান্দরবান ও পার্বত্য জেলা

বান্দরবান সহ তিন পার্বত্য জেলা দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে তিন জেলার ৬০ ভাগ হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং সম্পন্ন হয়েছে। হোটেল-মোটেল ও টুরিস্ট যানবাহন সংশ্লিষ্টরা শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পর্যটকদের ভ্রমণকে নিরাপদ ও আনন্দদায়ক করতে সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ ও পর্যটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রতি বছর দুর্গাপূজার ছুটিতে বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় অসংখ্য পর্যটকের আগমন ঘটে। শেষ মুহূর্তে বিভিন্ন সংস্কার কাজ সম্পন্ন করে নতুনভাবে সাজিয়ে পর্যটকদের সেবা দিতে প্রস্তুতি নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সরকারি ছুটি এবং শুক্র ও শনিবার মিলে টানা ৫ দিন ছুটি রয়েছে। এছাড়া ১৮ থেকে ২০ অক্টোবর রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন সহ সপ্তাহের শুরু এবং শেষে ২ দিন শুক্র ও শনিবার থাকায় শিক্ষা প্রতিষ্ঠান পূজা উপলক্ষে ১০ দিনের টানা ছুটি পাচ্ছে।

দুর্গাপূজার এই টানা ছুটিতে বান্দরবান জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীল দিগন্ত, বগালেক সহ জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে। এদিকে, পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন যে এবারের পূজার দীর্ঘ ছুটিতে প্রচুর পর্যটক বান্দরবানে সমাগম ঘটবে। ইতোমধ্যে জেলার বেশির ভাগ হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে।

জেলা সদরের হিলটন হোটেলের ম্যানেজার এস এম আক্কাস উদ্দিন জানিয়েছেন, "আমাদের হোটেলের ৭২টি রুমের মধ্যে প্রায় ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে এবং পূজার ছুটি শুরু হলেই আরও পর্যটক আসবে। আমরা ভ্রমণকারীদের সার্বিক সেবা দিতে প্রস্তুত।"

বান্দরবানের ক্লাউডি ইন রিসোর্টের ম্যানেজার মো. হাসান জানিয়েছেন, "পূজার ছুটি উপলক্ষে আমাদের বেশিরভাগ রুম বুকিং হয়েছে। আমরা পর্যটকদের বরণের অপেক্ষায় রয়েছি।" তিনি আরও জানান, বান্দরবানে আসা পর্যটকদের নিরাপত্তা ও সেবার জন্য প্রতিটি হোটেল-রিসোর্ট কর্তৃপক্ষ সচেতন এবং সর্বোচ্চ সেবা দিতে কাজ করছে। প্রশাসন প্রায় ৪ শতাধিক পর্যটকবাহী চাঁদের গাড়ী এবং পর্যটকদের নিরাপত্তার জন্য নিয়মিত কাজ করছে। বান্দরবান জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মিজ্ নাজনীন সুলতানা ও পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম জানিয়েছেন, এবারের পূজায় পর্যটকদের নিরাপদ ভ্রমণ সহজ করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন বলেন, "সকল হোটেল, মোটেল ও রিসোর্টগুলো আমরা নতুন আঙ্গিকে সাজানো এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সকল মালিককে নির্দেশনা দিয়েছি। সেই মোতাবেক পর্যটক বরণের জন্য সবাই সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।"

তিনি আরও জানান, বেশিরভাগ হোটেল-রিসোর্টগুলোতে নানা ধরনের সংস্কার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অসংখ্য পর্যটনকেন্দ্র এবং শতাধিক হোটেল-মোটেল রিসোর্টের পাশাপাশি জেলায় প্রায় ৪ শতাধিক পর্যটকবাহী চাঁদের গাড়ী রয়েছে এবং প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিয়মিত নিরাপত্তার কাজ করছে।

হোটেল-মোটেলের পাশাপাশি জেলায় পর্যটকদের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরানোর জন্য ইতিমধ্যে বুকিং হচ্ছে বিভিন্ন পর্যটকবাহী যানবাহন। এদিকে, পূজার টানা ছুটিতে পর্যটকদের আগমনে ব্যবসায়িকভাবে বাড়তি লাভবান হওয়ার প্রত্যাশা করছেন হোটেল, মোটেল ও কটেজ ব্যবসায়ী এবং পর্যটকবাহী যানবাহন সমিতির নেতৃবৃন্দ।

বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিক আপ মালিক সমবায় সমিতির সভাপতি নাসিরুল আলম জানান, "আমরা আমাদের সকল চাঁদের গাড়ী সহ পর্যটন সংশ্লিষ্ট (ট্যুরিষ্টবাহী যানবাহন) কাজ করে ফিট রেখেছি। আমরা আশা করছি, টানা ছুটিতে দেশি বিদেশি পর্যটক বান্দরবানে আসবে এবং আমরা তাদের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ করাতে সক্ষম হবো।"

এদিকে, টানা ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা যাতে নিরাপদে বান্দরবানে ভ্রমণ করতে পারে, সেজন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%