০৬:৫৬ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একটি দম্পতিকে গ্রেফতার করেছে, তাদের কাছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অস্ত্র পাচারে জড়িত একটি চক্র নিজেদের পরিচয় গোপন রাখতে ‘কাট-আউট’ পদ্ধতি ব্যবহার করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, উদ্ধার করা অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোদাগাড়ী উপজেলার সাড়াইল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) এবং তার স্ত্রী মোছা. পিংকি খাতুন (২৮)।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের পকেট থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মিমি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ: শিশির মনির
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপর ছিল। তবে, সেখানে অস্ত্রগুলো কার কাছে হস্তান্তর করতে হবে, সে বিষয়ে তারা কিছু জানতেন না বলে দাবি করেন।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, অস্ত্র পাচারের সঙ্গে জড়িত চক্রটি ‘কাট-আউট’ কৌশলে কাজ করছিল। এই পদ্ধতিতে চক্রের এক পর্যায়ের সদস্যরা অন্য পর্যায়ের সদস্যদের পরিচয় জানেন না। পরিকল্পনা অনুযায়ী, অস্ত্র নিয়ে খুলনায় পৌঁছানোর পর মুঠোফোনে নতুন নির্দেশনা দিয়ে চালানের প্রাপক নির্ধারণ করার কথা ছিল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ অস্ত্র সরবরাহের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার শাহীন আলী (৫৬) নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সরবরাহ করেন বলে পুলিশের দাবি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯ এ ধারায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগ কবে, পুলিশ সদরদপ্তরের বক্তব্য
অস্ত্রের মূল সরবরাহকারী, খুলনায় সম্ভাব্য প্রাপক এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক চোরাকারবারীদের গডফাদারগণ এ রুটটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন