ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠির দুই পৌরসভার ময়লা সুগন্ধা নদীতে ফেলা হচ্ছে


ঝালকাঠির দুই পৌরসভার ময়লা সুগন্ধা নদীতে ফেলা হচ্ছে

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে ঝালকাঠি ও নলছিটি পৌরসভার বিরুদ্ধে। স্থানীয়রা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নদীর পানি দূষিত হওয়ার আশঙ্কা করছেন।

সাম্প্রতিক সময়ে ঝালকাঠি শহরের মেঘনা তেলের ডিপোসংলগ্ন স্থানে সুগন্ধা নদীর পাড় এবং নলছিটি পৌর এলাকার কলবাড়ীসহ নদীর তীরবর্তী কয়েকটি স্থানে ময়লার স্তূপ দেখা গেছে। এই স্তূপগুলোর মধ্যে গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের আবর্জনা রয়েছে। বর্জ্য পচে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পৌর এলাকার বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করা হয়। এর একটি অংশ নির্দিষ্ট স্থানে না নিয়ে নদীর তীরে ফেলা হচ্ছে। পরবর্তীতে বৃষ্টি ও জোয়ারের পানিতে এসব বর্জ্যের একটি অংশ নদীতে গিয়ে পড়ছে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

নলছিটি পৌরসভার বাসিন্দা এইচ এম সিজার বলেন, "পৌরসভার যত বর্জ্য আছে, সেগুলো নিয়ে এসে কলবাড়ী এলাকার সুগন্ধা নদীর তীরে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। জোয়ারের পানিতে ময়লা নদীতেও মিশে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট জায়গা প্রয়োজন।"

ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা মাহবুব হোসেন সৈকত বলেন, "নদীর পাশে ময়লা ফেলায় সব সময় দুর্গন্ধ থাকে। বৃষ্টি হলে ময়লা পানিতে মিশে নদীতে চলে যায়। দ্রুত এভাবে ময়লা ফেলা বন্ধ করা দরকার।"

সুজন ও ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, "ঝালকাঠি ও নলছিটি পৌর এলাকায় প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয় তা সংগ্রহ ও অপসারণে পরিচ্ছন্নতাকর্মী অনেক কিন্তু বাস্তবে কম। দুটি পৌরসভার বর্জ্যই সুগন্ধা নদীর পাড়ে ফেলা হচ্ছে। এগুলোর গলিত পানি ভূগর্ভস্থ পানিতে চলে যাচ্ছে। জোয়ার ও বৃষ্টিতে আশপাশের কৃষিজমি ও নদীনালায় যাচ্ছে। অনেক সময় বর্জ্য পুড়িয়ে দিলেও বাতাস দূষিত হচ্ছে। সভ্য কোনো দেশে এভাবে নদীর পাড়ে বর্জ্য ফেলা হয় না।"

পৌর রাজস্ব বাজেটের অনেকটাই খরচ হওয়ার কথা বর্জ্য ব্যবস্থাপনায়। রাতের অন্ধকারে সড়কের পাশে, নদীর পাড়ে বর্জ্য ফেলা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা স্টেশন তৈরি করতে পারলে ময়লা ধ্বংস বা রিসাইকেল করা যাবে- যা স্থায়ী সমাধান।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

ঝালকাঠির কুনিহারীতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণে পরিবেশ অধিদপ্তরের সাইট ক্লিয়ারেন্স ও পরিবেশের ছাড়পত্র পাওয়া গেলেও এখনও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি। অন্যদিকে নলছিটি পৌরসভার ক্ষেত্রেও এমন উদ্যোগ নিতে হবে।

নলছিটি পৌর প্রশাসক প্রতীক কুমার কুন্ডুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, "এর আগে ডাম্পিং স্টেশন ছিল না। বর্তমানে পৌরসভার জন্য ডাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নদীর তীরে যাতে বর্জ্য ফেলা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

জেলা প্রশাসক মোহাম্মাদ মমিন উদ্দিন বলেন, "পৌরসভার প্রশাসকদের আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে, নদীর তীরে ময়লা ফেলা যাবে না। ময়লা ফেলার জন্য বিকল্প ব্যবস্থা নিতে বলা হয়েছে। এরপরও যদি নদীতে ময়লা ফেলা হয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।"

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবি পরিচয়ে মাকে ফোন করে ছেলের কণ্ঠ নকল, মুক্তিপণ আদায় ৭৫ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ডিবি পরিচয়ে মাকে ফোন করে ছেলের কণ্ঠ নকল, মুক্তিপণ আদায় ৭৫ হাজার টাকা

প্রযুক্তির অপব্যবহার করে অপরাধের পদ্ধতি পরিবর্তন করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। এআই ব্যবহার করে নিখুঁত কণ্ঠ নকল বা ‘ভয়েস ক্লোন’ করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। সম্প্রতি ঢাকার এক ব্যবসায়ীর পরিবার এমন একটি চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়েছে, যেখানে ডিবির পরিচয়ে কণ্ঠ নকল করে ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, নরসিংদীর ঘোড়াশালে ঘটে যাওয়া এই ঘটনায় প্রতারকরা সুকৌশলে ঢাকার ব্যবসায়ী তুষার মল্লিকের মায়ের মোবাইল ফোনে কল করে। তারা ডিবি পরিচয়ে জানায়, তার ছেলেকে একটি মামলায় আটক করা হয়েছে এবং টাকা না দিলে আদালতে চালান করে দেওয়া হবে। এই সময় ফোনে তুষারের হুবহু কণ্ঠস্বর নকল করে কান্নাকাটি ও বাঁচানোর আকুতি শোনানো হয় তার মাকে। ছেলের এমন আর্তনাদ শুনে মা ভীত হয়ে পড়েন এবং বুঝতে পারেননি এটি একটি জালিয়াতি।

সম্পূর্ণ অপারেশনটি সম্পন্ন করতে প্রতারক চক্রটি মাত্র ২০ থেকে ২৫ মিনিট সময় নেয়। এই সময়ের মধ্যে মাকে ফোনে ব্যস্ত রাখা হয়, যাতে তিনি অন্য কারো সাথে কথা বলতে বা বিষয়টি যাচাই করতে না পারেন। এরপর তিন দফায় ৭৫ হাজার টাকা পাঠানোর পর মা তার ছেলেকে ফোন করেন, জানতে চান সে ছাড়া পেয়েছে কি না। কিন্তু সেই সময় তুষার ঢাকায় তার নিজের ঘরে ঘুমাচ্ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে তুষার মল্লিক লিখেছেন, "আমার ফেসবুক লিস্টে অনেক পুলিশ অফিসার আছেন। তারা এই বিষয়ে কোনভাবে সাহায্যে করতে পারেন কিনা দেখবেন প্লিজ।"

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে সাইবার জালিয়াতির এই অভিনব কৌশল বেছে নিয়েছে প্রতারকরা। বিশেষজ্ঞদের পরামর্শ, এরকম অডিও কলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


রাজশাহীতে ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপির দ্রুত রোগমুক্তি কামনায় রাজশাহী শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই মাহফিলটি সোমবার দুপুরে রাজশাহী ১নং বার ভবনে আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রইসুল ইসলাম এবং রাজশাহী মহানগর জজ আদালতের পিপি আলহাজ্ব অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য সদস্য, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অন্যান্য আইনজীবীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা মন্ত্রী মিজানুর রহমান মিনুর রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগরী এবং রাজশাহীর উন্নয়নের রূপকার। তিনি শুধু রাজশাহীর নেতা নন, বরং তিনি এখন সারাদেশের নেতা। রাজনীতিতে তাঁর মতো দক্ষ ব্যক্তির খুব প্রয়োজন। এ সময় বক্তারা তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বক্তব্য পর্ব শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী সকল মুসলিমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’, ন্যায্য জ্বালানি রূপান্তরে গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


ঢাকায় শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’, ন্যায্য জ্বালানি রূপান্তরে গুরুত্বারোপ

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’, যা টেকসই, স্থিতিশীল ও ন্যায্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। এই উৎসবের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ এবং জ্বালানি খাতের ন্যায্য রূপান্তর নিয়ে আলোচনা হবে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে তরুণ, নারী, শ্রমিক, নাগরিক সংগঠন এবং জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা উৎসবের বিস্তারিত তুলে ধরেন। ‘একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তর’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবের উদ্দেশ্য স্পষ্ট করা হয়েছে।

একশনএইড বাংলাদেশ, বুয়েট, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) এবং বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের (আইইএসডি) যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের আগে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর সম্পর্কে জনসচেতনতা তৈরিতে শহীদ মিনার থেকে বুয়েটের কেন্দ্রীয় মাঠ পর্যন্ত একটি র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। পরে সূর্যোদয় ইয়ুথ সোসাইটির উদ্যোগে ৩০ জন পারফরমারের অংশগ্রহণে ফ্ল্যাশমব পরিবেশিত হয়।

সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। লিখিত বক্তব্যে উৎসবের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশন টিমের ম্যানেজার ও জেটনেট-বিডির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ। ফারাহ্ কবির বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জ্বালানির চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে উদ্ভাবন ও নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিতে হবে।" তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যেখানে কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, "নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে আলোচনা, পরিকল্পনা ও বাজেট প্রণয়নে যথাযথ পদক্ষেপ প্রয়োজন।" এ উৎসবের মাধ্যমে আগামী দুই দিনের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. এমএএ শওকত চৌধুরী বলেন, "দৈনন্দিন জীবন থেকে শুরু করে সভ্যতার উন্নয়ন ও সম্পদের মূল্যায়ন—সব ক্ষেত্রেই জ্বালানি গুরুত্বপূর্ণ।" তিনি উল্লেখ করেন, যদিও এখনও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা রয়েছে, তবে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানিতে সক্ষমতা অর্জন করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে উৎসবটি সময়োপযোগী ভূমিকা রাখবে।

আবুল কালাম আজাদ বলেন, "এ আয়োজন থেকে ন্যায়ভিত্তিক নীতি ও বিনিয়োগের কর্মসূচি প্রণয়নের পাশাপাশি উদ্ভাবন থেকে বাস্তবায়ন পর্যন্ত বিনিয়োগ ও অংশীদারত্বের সুনির্দিষ্ট পথ তৈরি হবে বলে তারা আশা করছেন।" তার মতে, এটি কেবল একটি প্রদর্শনী নয়; বরং আলোচনা থেকে বাস্তব উদ্যোগে যাওয়ার জাতীয় ও আঞ্চলিক মঞ্চ।

সংবাদ সম্মেলনে হিথিউম এনার্জি স্টোরেজ টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সৌরশক্তির যন্ত্রাংশের গুণগত মান নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দ্য আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এবং কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক ও জেটনেট-বিডির ঢাকা বিভাগীয় সমন্বয়ক সানজিদা সুলতানাও বক্তব্য দেন।

উৎসবে দেশীয় উদ্ভাবক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি ও সেবা তুলে ধরতে দুটি মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে উদ্ভাবন মেলায় ২০টি এবং প্রযুক্তি মেলায় ৯টি স্টল থাকছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের দফায় দফায় হামলা, সউদী আরবে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


হুথিদের দফায় দফায় হামলা, সউদী আরবে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সউদী আরবের আকাশে মারাত্মক ফ্লাইট বিপর্যয় সৃষ্টি হয়েছে। হামলার আতঙ্কের ফলে দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, প্রায় খালি হয়ে পড়েছে।

এভিয়েশন বিষয়ক তথ্যভিত্তিক প্রতিষ্ঠান 'সিরিয়াম' (Cirium)-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদ বিমানবন্দরে নির্ধারিত ৪,৭৩৬টি ফ্লাইটের মধ্যে ৪,০৭১টি বাতিল করতে হয়েছে। এই বাতিলের সংখ্যা মোট ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশ।

চলতি মাসের শুরু থেকেই সউদী আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে হুথিদের। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলা চালানো হয়েছে। বিশেষ করে, ১০ অক্টোবরের প্রাণঘাতী হামলায় ১৩ জন নিহত হন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির কোনো বিমানবন্দরে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার ঘটনা।

এই ভয়াবহ হামলার পর রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা স্তব্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে এবং গত রবিবার থেকে সীমিত পরিসরে বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে বলে সউদী কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য গালফ বিজনেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%