০১:০৬ পি.এম
প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে একটি অফিস আদেশ জারি করে এই তথ্য জানানো হয়েছে। নবগঠিত সেলটি বিদেশে অবস্থানরত প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং আইনি জটিলতা নিরসনে কাজ করার জন্য গঠিত হয়েছে।
এই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী জানান, এই আদেশ আজ থেকেই কার্যকর হচ্ছে। প্রবাসীরা সরাসরি অভিযোগ সেলে তাদের সমস্যা জমা দিতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ নেওয়ার প্রক্রিয়াও চালু করা হচ্ছে, যার বিস্তারিত পদ্ধতি শিগগিরই জানানো হবে।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
মন্ত্রণালয়ের অফিস আদেশ অনুযায়ী, মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিবকে আহ্বায়ক করে এই সেলটি মোট পাঁচ সদস্য নিয়ে গঠন করা হয়েছে। সেলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। অন্য সদস্যরা হলেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব বা উপসচিব, আইন শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব এবং সেবা ও প্রটোকল শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রবাসীরা তাদের অভিযোগ [email protected] এবং [email protected] এই দুটি ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। সেলটি প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত আবেদন এবং সেগুলোর বিপরীতে কী ব্যবস্থা নেওয়া হলো, তা নিয়মিত দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। কাজের সুবিধার জন্য প্রয়োজনে এই সেলটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট বা যুক্ত করার ক্ষমতা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন