০৩:৪৯ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ায় সকালবেলা ঘুম থেকে উঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ চলাকালীন ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলা করা হয় কয়েকটি বাড়িতে। এই সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান আখতার হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান বকুল রয়েছেন। এই দুই পক্ষের মধ্যে অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্র আরও জানায়, সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খানকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে বকুল চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। বর্তমানে আহত এনাম খান ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেফতার, থানায় মামলা দায়ের
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি বাড়িতে হামলাও চালানো হয়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সংঘর্ষ থামে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন