ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে চোরাচালানি মালামাল জব্দ


ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে চোরাচালানি মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানের সময় ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম আজ এই তথ্যটি জানান।

অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু এবং গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানী মালামাল।

জব্দকৃত এসব মালামালপ্রাপ্তির আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার টাকা।

জব্দকৃত মালামালসমূহের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হবে এবং মাদকদ্রব্য ও অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার পথেই হাঁটা, ইন্টার মায়ামির হয়ে ট্রফি জিতল মেসির বড় ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


বাবার পথেই হাঁটা, ইন্টার মায়ামির হয়ে ট্রফি জিতল মেসির বড় ছেলে

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ক্লাবের অনূর্ধ্ব-১৪ ইন্টার মায়ামি দলের হয়ে শিরোপা জয় করেছেন আর্জেন্টাইন মহান ফুটবলার লিওনেল মেসির বড় সন্তান থিয়াগো মেসি। ফাইনাল ম্যাচে গট এফসিকে ৩-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে নিয়ে আসে ইন্টার মায়ামির যুবারা।

এই খুদে তারকা, যার নাম থিয়াগো, মর্যাদাপূর্ণ ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে, যা ক্যারিবিয়ান অঞ্চলের ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত হয়েছে।

বাবার সঙ্গেই ১০ নম্বর জার্সিধারী থিয়াগো পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। তাঁর এই পারফরম্যান্সের জন্য তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন।

‘এমআইসি’ ফুটবল টুর্নামেন্টটি ২৪ থেকে ২৯ জুন ক্যাপ কানা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ২০টি দেশের ১০৩টি দল এবং ২ হাজারেরও বেশি তরুণ খেলোয়াড় অংশগ্রহণ করেছে।

শিরোপা জয় করার পর, থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছেলের ছবিসহ ট্রফি হাতে আনন্দ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬০ দিনের সমঝোতা শেষে ইরানের সামনে কোন পথ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


৬০ দিনের সমঝোতা শেষে ইরানের সামনে কোন পথ?

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) নামের ওই চুক্তির ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ করছে দুই দেশ।

এতে দফায় দফায় ভেস্তে যাওয়া যুদ্ধবিরতির মতো এবার কি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবে? এই প্রশ্ন নিয়েই এখন দেখার বিষয়—সমঝোতা স্মারকে দেওয়া দু’দেশের প্রতিশ্রুতি এখন কোন পথে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বিস্তারিত আলোচনা করেছেন।

যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ‘সবচেয়ে বড় হাতিয়ার’ হিসেবে কাজে লাগিয়েছে ইরান। সমঝোতা স্মারকে গুরুত্বপূর্ণ এই প্রণালির বিষয়ে গালিবাফ পরিস্কারভাবে বলেছেন, এ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং কোনো পরিস্থিতিতেই এ অবস্থান থেকে সরে আসবে না তেহরান।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় রাখবে। পাশাপাশি সমঝোতা স্মারকে ৬০ দিনের জন্য ওই সমুদ্রপথে সামুদ্রিক সেবার ফি থেকে সাময়িক ছাড় প্রদান করা হয়েছে।

প্রেস টিভির বরাতে গালিবাফ বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক সমুদ্রসীমা। ইরান হরমুজ প্রণালিকে সামরিকীকরণ করেছে—এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা বিভ্রান্তি তৈরির সুযোগ আমরা দেব না।

কোনো পরিস্থিতিতেই ইরান এ অবস্থান থেকে সরে আসবে না।’

গালিবাফ হরমুজ প্রণালিকে ‘যুদ্ধের সময় আল্লাহর দেওয়া উপহার’ এবং ‘ইরানের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার’ বলেও উল্লেখ করেন। তার দাবি, নৌ অবরোধ তুলে নেওয়ার পর দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি করেছে।

সাক্ষাৎকারে গালিবাফ আরো বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া প্রমাণ করে যে, সামরিক সক্ষমতার সমর্থন থাকলে কূটনীতির মাধ্যমেই বাস্তব ফল অর্জন করা সম্ভব। তবে তার ভাষ্যে, ইরানের একমাত্র প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা তার সামরিক শক্তি।

সুতরাং, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা কোন অবস্থাতেই আলোচনার বিষয় হবে না। একই সঙ্গে ইরান তার পরমাণু অধিকার থেকেও সরে আসবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ এবং অখণ্ডনীয় অধিকার।’

গালিবাফ আরো বলেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা প্রয়োজনে বাড়ানো যেতে পারে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত আলোচনা চলবে।

হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবা পরিচালনা সংক্রান্ত সব আইনি ও সেবা বিষয়ে ইরান ও ওমান ইতোমধ্যে একমত হয়েছে জানিয়ে গালিবাফ বলেন, সমঝোতা স্মারকের পাঁচটি ধারা বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না। এই ধারার মধ্যে লেবাননে যুদ্ধবিরতি, ইরানের তেল রপ্তানি নিশ্চিত করা এবং ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ইরান, যুক্তরাষ্ট্র ও লেবানন একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ গঠনে সম্মত হয়েছে। তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যে নিজেদের প্রতিনিধি নিয়োগ করেছে। সেলটি কার্যকর হওয়ার আগে বৈরুতও প্রতিনিধি নিয়োগ করবে বলে আশা করা হচ্ছে।

লেবাননের উদ্দেশ্যে গালিবাফ বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের উদ্দেশ্য লেবাননের স্বাধীনতা রক্ষা করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের পৃথক কাঠামোগত চুক্তির লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের ক্ষেত্রে কোনো শর্ত থাকার কথা নয় বলে দাবি করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর দায়িত্ব রয়েছে কোনো শর্ত ছাড়াই দ্রুত ইরানের জব্দ সম্পদ মুক্ত করার। কিন্তু ওয়াশিংটন সেই প্রতিশ্রুতি পূরণ করেনি।

দারেইনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়াই ইরানের জব্দ করা সম্পদ অবিলম্বে ছাড়তে বাধ্য। কিন্তু তারা তাদের অঙ্গীকার রক্ষা করেনি।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে রয়েছে পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ এবং দ্বিতীয় ধাপে রয়েছে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম ধরা পড়লে পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম ধরা পড়লে পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনকে সংশোধন করে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন ‘নতুন নিয়মে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষকদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার খাতা মূল্যায়ন করে চলে গেলেন আর কেউ খবর রাখল না—এবার আর সেটি হবে না। অতীতে আমরা দেখেছি অনেকে খাতার ভেতরে নম্বর পরিবর্তন করে জালিয়াতি করতো। সেজন্য এবার আমরা পরীক্ষা খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা এই আইনের মধ্যে রেখেছি। পরীক্ষকেরা সঠিকভাবে খাতা দেখছেন কি না, ওভার-মার্কিং বা আন্ডার-মার্কিং করছেন কি না, তা যাচাই করতে বোর্ডগুলো থেকে খাতা নিয়ে ধারাবাহিক পরীক্ষা (র‌্যান্ডম স্যাম্পলিং) করা হবে। কোনো পরীক্ষকের গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পরীক্ষকদের ওপর কাজের চাপ কমাতে এবং সুন্দরভাবে খাতা মূল্যায়ন নিশ্চিত করতে এবার পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে। একই সাথে জনপ্রতি খাতার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, ‘১৯৮০ সালের আইনকে আমরা পুরোপুরি পরিবর্তন করেছি। যেখানে প্রশ্নফাঁস, জালিয়াতি ও ম্যালপ্র্যাকটিসের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষক বা পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা যদি এই অপরাধে জড়িত থাকেন, তবে তাদের কঠিন শাস্তি (দণ্ড) পোহাতে হবে। প্রশ্নফাঁসের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের ৩ সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে।’

পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার বিষয়ে মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার পুলিশ প্রশাসনকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাছে ‘বডি অন ক্যামেরা’ থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুয়া খবর ছড়ালে সাইবার আইনের আওতায় তাদের আইনের মুখোমুখি করা হবে।

সংবাদ সম্মেলনে নতুন শিক্ষাক্রম চালুর বিষয়ে মন্ত্রী বলেন, স্বল্প সময়ের কারণে ২০২৭ সালে নতুন কারিকুলামে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন করা হবে। কোচিং বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘাটতির কারণেই শিক্ষার্থীরা কোচিংমুখী হয়। আমরা রেজাল্ট আউটের পরপরই দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে শিক্ষাবর্ষ শুরু করার উদ্যোগ নিয়েছি। এছাড়া শিক্ষকদের জন্য ‘ইন-হাউস কোচিং’ অথবা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে। যত্রতত্র গড়ে ওঠা কোচিং সেন্টারগুলোকে রেগুলেশনের আওতায় আনার চেষ্টা চলছে।

এইচএসসি পরীক্ষাকে শিক্ষার্থীদের জীবনের ‘হাই স্কুল গ্র্যাজুয়েশন’ এবং ভবিষ্যৎ নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে দেশের সর্বস্তরের জনগণের পাশাপাশি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযানে চাঁদপুরে জব্দ ৫ কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


অভিযানে চাঁদপুরে জব্দ ৫ কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল

চাঁদপুরে প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এই তথ্যটি বুধবার (১ জুলাই) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান।

তিনি উল্লেখ করেন, ‘চাঁদপুর শহরের পুরান বাজারে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন ১টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি এবং ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিককে জরিমানা করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।’

তিনি আরও জানান, ‘জব্দ হওয়া অবৈধ জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ড বলেছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%