বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
বরিশাল সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত হতে বিলম্বের কারণে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় পৌনে ৬ ঘণ্টা পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। সকাল ৯টার অনুষ্ঠানে দুপুর ২টা ৪৬ মিনিটে তিনি পৌঁছালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অপেক্ষমাণ শত শত কৃষক। দীর্ঘ ভোগান্তির মুখে অনেকে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, আর উদ্ভূত পরিস্থিতিতে বিব্রতবোধ করেন উপস্থিত সরকারি কর্মকর্তারাও।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে এ প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও চন্দ্রমোহন, চরমোনাই, জাগুয়া ও টুঙ্গিবাড়িয়া ব্যতিরেকে সদর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে ৩৫০ থেকে ৪০০ জন কৃষক সকাল ৮টা থেকেই হলরুমে এসে উপস্থিত হন। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধান অতিথি বেলা ২টা ৪৬ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান।
পাঁচ-ছয় ঘণ্টা ধরে অপেক্ষার পর ক্ষোভ প্রকাশ করেন চরবাড়িয়া ইউনিয়নের কৃষক বাবুল আকন, সেকান্দার আকন, মো. সুরুজ, সফিকুল ইসলাম ও মো. আরাফাত। তারা বলেন, "সকাল ৯টা থেকে আমাদের বসিয়ে রাখা হয়েছে। এভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিয়ে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কৃষক শাজাহান, মালেক, রিয়াজ ও আতাউল বলেন, "আমরা দিন আনি দিন খাই। সামান্য কিছু কৃষি উপকরণ পাওয়ার আশায় এসে পুরো একটি কর্মদিবস নষ্ট হলো। এমপি সাহেব সময়মতো আসতে না পারলে আগেই তো জানানো উচিত ছিল।"
কাশিপুর ইউনিয়নের কৃষক দেলোয়ার জানান, বারবার বলা হচ্ছিল 'আর কিছুক্ষণ পরই আসবেন'। কিন্তু অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে যায়। ফলে অনেকে বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত একাধিক কৃষি কর্মকর্তা জানান, অনুষ্ঠানটির সময় আগে থেকেই নির্ধারিত ছিল। সকাল থেকেই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার বলা হয় তিনি আসছেন। এক কর্মকর্তা বলেন, "কৃষকদের ক্ষোভের মুখে আমাদের পড়তে হয়েছে। সরকারি চাকরি করি বলে কিছু বলতে পারি না। দীর্ঘ অপেক্ষায় অনেকেই কাজ ফেলে এসেও খালি হাতে ফিরে গেছেন।
স্থানীয় ও সচেতন মহলের মতে, সরকারের এই কৃষিবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় হলেও অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর মূল উদ্দেশ্য ম্লান হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের সময়ানুবর্তিতা জনগণের প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন। সাধারণ মানুষকে এভাবে দীর্ঘ সময় বসিয়ে রাখলে সেবার মান ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, বরিশালে সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ারের বিভিন্ন অনুষ্ঠানে বিলম্বে পৌঁছানো নতুন কিছু নয়। এর আগের দিন (২২ জুলাই) বরিশাল জিলা স্কুলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয়। প্রতিনিয়ত এ ধরনের বিলম্বের কারণে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিলম্ব ও অব্যবস্থাপনার বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, দীর্ঘ বিলম্বের কারণ জানতে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দিনশেষে কৃষকদের একটিই আকুতি—"সাধারণ মানুষের সময়ের কি কোনো মূল্য নেই?" ভবিষ্যতে সরকারি কর্মসূচিতে নির্ধারিত সময় মেনে চলে জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের সময়, শ্রম ও জীবিকার প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে প্রত্যাশা তাঁদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে কাল শুক্রবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের গুঞ্জনের মধ্যে তিনি দেশে ফিরছেন। আজ বৃহস্পতিবার, সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, আগামীকাল বৃহস্পতিবার থাই এয়ারওয়েজে ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন স্পিকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান। সফরসূচির অনুযায়ী, ফিরতি টিকিট কাটা ছিল আগামী ২৬ জুলাইয়ের জন্য। কিন্তু সরকারী উচ্চপর্যায় থেকে স্পিকারকে দ্রুত দেশে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে, এজন্য তিনি সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন।
সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, ‘সফর সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাঁকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরবেন।’
স্পিকার কেন দ্রুত দেশে ফিরছেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনছি। এ কারণেই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। আশা করি সবকিছুকালেই পরিষ্কার হবে।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে হলে স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্র দরকার। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার ইভ্যালি আবাসিক হোটেলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ শান্তা বেগমের (৩৩) স্বামী সাইফুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে গাজীপুর পিবিআই। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতে হাজির করা হলে সাইফুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাইফুল ইসলাম নাটোর সদরের চরলক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের আহমেদনগর এলাকায় ভাড়া নিয়ে স্ত্রী শান্তাকে সঙ্গে নিয়ে গার্মেন্টে কাজ করতেন। নিহত শান্তা বেগম শহিদুল ইসলামের মেয়ে, যার বাড়ি চরলক্ষ্মীকোল গ্রামে।
পিবিআই সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে শান্তা বেগম ও সাইফুল ইসলাম ইভ্যালি আবাসিক হোটেলের ৩০৭ নম্বর কক্ষ ভাড়া নিয়ে ওঠেন। রাত সাড়ে ১০টার দিকে হোটেল কর্তৃপক্ষের দেওয়া খবর পেয়ে বাসন থানা পুলিশ ঐ কক্ষ থেকে শান্তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। লাশের গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নিহতের বাবা শহিদুল ইসলাম এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাসন থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি তদন্তের দায়িত্ব পায় গাজীপুর পিবিআই।
টেকনোলজি ব্যবহার করে বুধবার রাতে ঢাকার দক্ষিণখান থানার ফায়দাবাদ ট্রান্সমিটার মোড় এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে শান্তার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদে জানান, বিয়ের পর তিনি জানতে পারেন শান্তার আরো দুটি বিয়ে হয়েছিল এবং ঐ সংসারে তার দুটি ছেলে-মেয়ে রয়েছে। এসব কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ ও নানা সন্দেহ চলছিল। ঘটনার দিন হোটেল কক্ষে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এক পর্যায়ে সাইফুল শান্তার ব্যাগে থাকা ফল কাটার ছুরি দিয়ে তার গলায় ও বুকে আঘাত করে ও মৃত্যু নিশ্চিত করে নিহতের মোবাইল ফোন ও পরিচয়পত্র নিয়ে পালিয়ে যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে হুমকির প্রতিউত্তর হিসেবে ইরান পাল্টা হুমকি দিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি যেকোনোভাবে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, মার্কিন বাহিনী না থাকলেই শুধুমাত্র ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, সংঘাত বর্তমানে ‘হয় সবার, নয়তো কারও নয়’ এই সমীকরণে দাঁড়িয়ে আছে। তিনি জানান, ইরান যদি অপরিশোধিত তেল বিক্রি করতে না পারে, তবে উপসাগরীয় অন্য কোনো দেশকেও তা করতে দেওয়া হবে না। তাই ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।
এর আগে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুঁশিয়ারি দিয়েছেন, যদি হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র প্রতিবার এর প্রতিরোধ হিসেবে তেহরানসহ যেকোনো জায়গায় একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে।
এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক করতে টানা ১২তম রাতে মার্কিন বাহিনী ইরানে হামলা চালিয়েছে। বর্তমান কূটনৈতিক সমাধানের কোনো লক্ষণ না থাকায় এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে বড় হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে, এবং আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর কাজ করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি ‘চোখের বদলে চোখ’ নীতির মাধ্যমে বলছেন, অবকাঠামোতে যেকোনো আগ্রাসনের জন্য শক্তিশালী ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র আহভাজ, রামশির ও আন্দিমেশে আঘাত হেনেছে। শালামচেহ শহরে হামলায় দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে।
অন্যদিকে, কুয়েতের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের বেশ কয়েকটি ড্রোন হামলা প্রতিহত করেছে। মূলত, মার্কিন হামলার প্রতিশোধস্বরূপ ইরান পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সুপেয় পানির প্ল্যান্টে হামলা চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি উচ্চশিক্ষায় এক দশক পূর্তি উপলক্ষে ইউকে ম্যানেজমেন্ট কলেজ (UKMC) ম্যানচেস্টারের হিটন পার্কে বর্ণাঢ্য সামারফেস্ট ২০২৬ আয়োজন করেছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, একাডেমিক অংশীদার, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি এবং কমিউনিটির সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, খাবারের স্টল, খেলাধুলা ও বিনোদনের নানা আয়োজন। শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে Health Sciences University (HSU)-এর সঙ্গে ইউকেএমসির নতুন একাডেমিক অংশীদারত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই অংশীদারত্বের আওতায় HSU-স্বীকৃত BSc (Hons) Psychology with Foundation Year কোর্স পরিচালিত হবে, যা মনোবিজ্ঞান, মানসিক স্বাস্থ্য এবং কমিউনিটি সাপোর্ট বিষয়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি করবে।
এ সময় ‘UKMC 10 Years of Excellence Anniversary Magazine’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মারক প্রকাশনাটিতে ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউকেএমসির এক দশকের অগ্রযাত্রা, সম্প্রসারণ এবং অর্জনের চিত্র তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে ম্যানচেস্টারের লর্ড মেয়র, রচডেলের মেয়র, হাই শেরিফসহ বিভিন্ন একাডেমিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাউল এ এস এম শফি মন্ডল, প্রফেসর ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বাউল ডলি মন্ডল, ড. জাহিদুল কবির, জহরা হোসেন জেমি, সর্দার হীরক রাজা, আমির হাশমি, GAMTA, প্রীতম আহমেদ এবং ডাইনামিকসহ বিভিন্ন শিল্পী পরিবেশনা করেন।
ইউকেএমসির ১০ বছরের এই যাত্রার পেছনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশি বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. জাহিদুল ইসলাম। তাঁর নেতৃত্বে ইউকেএমসি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক অংশীদারত্ব গড়ে তুলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য কর্মমুখী ও সহজলভ্য উচ্চশিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে বিকশিত হয়েছে। শিক্ষা খাতে তাঁর এই উদ্যোগ যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার পরিসর সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
ইউকেএমসির এক মুখপাত্র বলেন, “সামারফেস্ট ২০২৬ শুধু ১০ বছর পূর্তির উদযাপন নয়; এটি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অংশীদার এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। এই আয়োজন ইউকেএমসির বৈচিত্র্য, ঐক্য ও অগ্রগতির প্রতিফলন।”
২০১৬ সালে প্রতিষ্ঠিত ইউকে ম্যানেজমেন্ট কলেজ বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কর্মমুখী ও সহজলভ্য উচ্চশিক্ষা প্রদান করছে। আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ