০৪:১৪ পি.এম
সুগন্ধা নদীর ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার লক্ষ্যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বাসিন্দাদের দ্বারা।
শনিবার সকাল ১০টায় সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীর ভাঙনকবলিত এলাকায় এই মানববন্ধন পালিত হয়। এতে অংশগ্রহণ করেন নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনের ফলে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে সরকারি আবুল কালাম কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
তাঁরা আরও বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করার কারণে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ইতিমধ্যে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছে। দ্রুত নদীশাসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না করা হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাইনুল ইসলাম। বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেনায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ মমিনুল ইসলামসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেহেরগতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বসতবাড়ি, আবাদি জমি ও যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই ভাঙন রোধে আর বিলম্ব না করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
আরও পড়ুন: কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন