ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক সৃষ্টি করছে


রাশিয়ার নতুন ড্রোন ‘কেইউবি-১০এমই’ ইউক্রেনে আতঙ্ক সৃষ্টি করছে

রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের আত্মঘাতী ড্রোন ‘কেইউবি-১০এমই’ ব্যবহার শুরু করেছে। এই ড্রোনটি ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে উড়তে সক্ষম এবং স্থির লক্ষ্যবস্তু ছাড়াও চলন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। যুদ্ধের ময়দানে এটি ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে।

শুক্রবার (২০ নভেম্বর) ইউক্রেনের রেডিও প্রযুক্তি বিশেষজ্ঞ সের্গেই বেস্ক্রেসনভ নতুন এই ড্রোনের যুদ্ধক্ষেত্রে উপস্থিতির কথা জানিয়েছেন। তিনি ‘ফ্ল্যাশ’ ছদ্মনামে পরিচিত এবং বিষয়টি তার টেলিগ্রাম চ্যানেলে তুলে ধরেছেন।

‘কেইউবি-১০এমই’ রাশিয়ার কালাশনিকভ কনসার্নের তৈরি একটি বিমান আকৃতির ড্রোন। নির্মাতা প্রতিষ্ঠান এটিকে ‘লয়টারিং মিউনিশন’ বা আকাশে অপেক্ষমাণ থেকে হামলা চালানোর সক্ষম অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ, এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর এলাকায় কিছু সময় উড়ে অবস্থান করতে পারে এবং সুযোগ বুঝে হামলা চালাতে পারে।

আরও পড়ুন: ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া

রুশ নির্মাতাদের দাবি, এই ড্রোনটি ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো অপটোইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটার দিকে ড্রোন পরিচালনা করা সম্ভব। ফলে এটি অবস্থান পরিবর্তন করছে এমন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্যও ব্যবহার করা যেতে পারে বলে দাবি করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ড্রোনটির ঘণ্টায় ক্রুজিং গতি প্রায় ১২০ কিলোমিটার। এটি ৮০ থেকে ১ হাজার ৮০০ মিটার উচ্চতায় উড়তে পারে। দিন ও রাতের পাশাপাশি প্রতিকূল আবহাওয়াতেও এটি ব্যবহার করা সম্ভব বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।

এর আগে গত আগস্টে কালাশনিকভ কনসার্নের প্রধান নির্বাহী অ্যালান লুশনিকভ জানিয়েছিলেন, শিগগিরই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘কেইউবি-১০এমই’ মোতায়েন করা হবে। তার ভাষ্য অনুযায়ী, ড্রোনটি ‘স্ক্যাট-৩৫০এম’ গোয়েন্দা ড্রোনের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ

সরকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইনের খসড়া তৈরি করে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ জানিয়েছেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, মফস্বল, বিভাগ, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। এসব উদ্যোগ সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস)-এর আওতায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, মৌলভীবাজারের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ আরও জানান, তথ্য অধিদপ্তরের (পিআইডি) অন্যতম দায়িত্ব হলো সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা এবং গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে, যা সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিগগিরই এটি বাস্তবায়িত হবে।

আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তারের সভাপতিত্বে এবং তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল ও আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

এছাড়াও সেমিনারে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমদ এবং আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের তথ্য সহকারী ডলি রাণী সূত্রধর, আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার মো. এহসানুল হকসহ অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোকগানে নতুন প্রজন্মের ছয় শিল্পীর এক মঞ্চে পরিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


লোকগানে নতুন প্রজন্মের ছয় শিল্পীর এক মঞ্চে পরিবেশন

বাংলার লোকসংগীত শুধুমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়, বরং এর সঙ্গে মানুষের জীবনবোধ, প্রেম, বিরহ, দর্শন ও সংস্কৃতির ইতিহাস গভীরভাবে জড়িত। যদিও সময়ের পরিবর্তনের সঙ্গে সংগীতের উপস্থাপনা এবং শ্রোতার রুচিতে পরিবর্তন এসেছে, তবুও লোকজ সুরের আবেদন কখনোই কমেনি। সেই চিরন্তন আবেদনকে সমসাময়িক শ্রোতাদের কাছে নতুনভাবে উপস্থাপন করার জন্য ভিন্ন আয়োজন করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

বাংলার লোকসংগীতের সমৃদ্ধ ভান্ডার থেকে নির্বাচিত কালজয়ী গান নিয়ে একটি ব্যতিক্রমী আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। লোকজ ঐতিহ্যের এই গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে ডিএমএস।

বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কিংবদন্তি সাধক ও গীতিকারদের কালজয়ী সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল এবং বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান নিয়ে সাজানো হয়েছে প্রকল্পটি।

এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা, যেমন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন এবং শারমিন। তাদের কণ্ঠে পুরোনো দিনের লোকজ গান নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে উপস্থাপন করা হচ্ছে।

আয়োজনটির সংগীত পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণের দায়িত্বে রয়েছেন শুভব্রত সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় গোপন সংবাদে এসআরবি থেকে উদ্ধার হলো ককটেল ও পেট্রলবোমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


গাইবান্ধায় গোপন সংবাদে এসআরবি থেকে উদ্ধার হলো ককটেল ও পেট্রলবোমা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকা থেকে এসআরবি-১৩ তিনটি করে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ও এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টার সময় ধাপেরহাট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশে নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভবনটির অভ্যন্তরে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমার সন্ধান পাওয়া যায়। এরপর এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বোমাগুলো উদ্ধার করে। পরে সেগুলো সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল জানান, এই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত বোমাগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসময়ের বৃষ্টিতে সদরপুরের ক্ষেত তছনছ, আমনচাষিরা দুশ্চিন্তায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


অসময়ের বৃষ্টিতে সদরপুরের ক্ষেত তছনছ, আমনচাষিরা দুশ্চিন্তায়

মাঠজুড়ে সোনালি আমন ধান রয়েছে। কিছু কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। আবার অনেক কৃষকের জমির পাকা ধান খুব শীঘ্রই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে যাওয়ার কারণে দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন।

কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে আমন ধানের ফলন ভালো হয়েছে। অনেক কৃষকের জমির ধান পেকে কাটার উপযোগী হয়ে উঠেছিল। কিছু কৃষক ধান কাটাও শুরু করেছিলেন। কিন্তু গত দুই দিনের হঠাৎ বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু জমির ধান নিয়ে কৃষকরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে জমিতে পড়ে থাকা পাকা ধানের শীষ পচে যেতে পারে। পাশাপাশি ধানের গুণগতমান কমে যাওয়ার ফলে বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কা করছেন অনেকে।

উপজেলার সদর ইউনিয়নের কৃষক সায়াদ সর্দার বলেন, ‘ধারদেনা করে জমি চাষ, চারা কেনা, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশক বাবদ অনেক টাকা খরচ করেছি। এখন ফসল ঘরে তোলার সময় প্রকৃতির এমন বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছি। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’

আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জাফর খা বলেন, ‘সারা বছর কষ্ট করে ধান ফলিয়েছি। এখন ধান পেকে গেছে, ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু অসময়ের বৃষ্টিতে জমির ধান পড়ে গেছে। সময়মতো কাটতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে।’

কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও ফসলের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হোক। পাশাপাশি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, ‘এ বছর সদরপুর উপজেলায় ৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। নিম্নচাপের প্রভাবে অসময়ের বৃষ্টিতে কৃষকদের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং জমির অবস্থা বুঝে পাকা ধান দ্রুত কাটার উদ্যোগ নিতে বলা হচ্ছে।’

সোনালি ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকদের এখন চোখেমুখে হতাশা। মাঠের পাকা ধান নিয়ে তাদের একটাই শঙ্কা— প্রকৃতির বিরূপ আচরণে সারা বছরের পরিশ্রমের ফসল শেষ পর্যন্ত কতটুকু ঘরে তুলতে পারবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%